মানিকগঞ্জের সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জসিম ও সিদ্দিক মিয়া।
অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আট আসামি হলেন একই এলাকার জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামসুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মনন ও স্বপন।
আদালত সূত্রে জানা যায়, সিংগাইর উপজেলার গোবিন্দল উত্তরপাড়া গ্রামের রহিম মোল্লার ছেলে আজিজ মোল্লার সঙ্গে তার চাচাতো ভাই করিম মোল্লা ও টেটুল মোল্লার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে আসামিরা আজিজ মোল্লাসহ তিনজনকে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেন।
ঘটনার দিন নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম ২৪ জনকে আসামি করে সিংগাইর থানায় হত্যা মামলা করেন।
বিচার চলাকালে মোট আটজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মামলার আরও সাত আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে।
রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) আ ফ ম নূরতাজ আলম বাহার বলেন, রায়ে নিহতদের স্বজনেরা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।