লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আশরাফ হোসেন কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের বলাইটারী এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর শিশুটিকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান আশরাফ। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।
৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান।