শেখ হাসিনাকে দেশের জনগণ আর কখনও মেনে নেবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘যারা স্বপ্ন দেখছেন, আপনাদের ওই স্বৈরাচার নেত্রী দেশে আসবে, আপনারা এখনও বোকার রাজ্যে বাস করছেন।’
তিনি আরও বলেন, ‘আপনাদের নেত্রী আপনাদের রেখে পালিয়ে গেছেন। তার আর বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ তাকে আর কখনো মেনে নেবে না।’
আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন। ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’—এই লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করছে।
এ সময় স্বৈরাচারী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি এখনও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসনসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে ওই স্বৈরাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বাংলাদেশের মানুষ আর কোনো স্বৈরাচারী প্রেতাত্মা ও স্বৈরাচারের বীজ দেখতে চায় না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে নওগাঁ জেলা স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন আমিনুল হক।
তিনি বলেন, স্টেডিয়ামটির অসম্পূর্ণ গ্যালারি নির্মাণের পাশাপাশি আধুনিক প্যাভিলিয়ন ও ইনডোর সুবিধা নিশ্চিত করা হবে।
শুধু নওগাঁ নয়, দেশের প্রায় ৫১টি জেলার স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে এসব কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক বক্তব্য দেন।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই টুর্নামেন্টে ১১টি উপজেলা ও একটি পৌরসভা থেকে মোট ১২টি দল অংশ নিচ্ছে। আগামী ৪ ডিসেম্বর টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। প্রথম দিনের খেলায় মান্দা ও রাণীনগর উপজেলা একাদশ অংশ নেয়।