বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে স্কুল পর্যায়ে অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতে ক্লাস চালু করার বিষয়টি বিবেচনা করছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করা হবে এবং আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক এই সংকট কেবল বাংলাদেশকেই প্রভাবিত করছে না এবং এটি কতদিন চলবে তাও আমাদের জানা নেই। সে কারণেই আমরা আমাদের স্কুল ব্যবস্থাকে অনলাইনের আওতায় আনা এবং একটি সমন্বিত পদ্ধতি অবলম্বনের কথা ভাবছি।
তিনি উল্লেখ করেন যে, রমজানের ছুটি এবং বিভিন্ন পরিস্থিতির কারণে ইতোমধ্যে স্কুলের স্বাভাবিক পাঠদান বিঘ্নিত হয়েছে। মন্ত্রী বলেন, আগে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হতো। এখন অনেক সময় নষ্ট হওয়ায় আমরা স্কুল ছুটির দিন কমিয়ে সপ্তাহে ছয় দিন ক্লাস করার কথা ভাবছি। একইসঙ্গে আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে নির্দিষ্ট কিছু সময়ে অনলাইন ক্লাসের বিষয়েও ভাবা হচ্ছে।
এহছানুল হক মিলন জানান, সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রায় ৮৫ শতাংশ উত্তরদাতা অনলাইন শিক্ষার সুযোগ চান। তবে তিনি সতর্ক করে বলেন, পুরোপুরি অনলাইন শিক্ষায় চলে গেলে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হতে পারে। তাই সরকার একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির কথা চিন্তা করছে।
এর আগে, সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।