তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান তথ্য কমিশন বাংলাদেশ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ৩টায় তিনি কমিশন কার্যালয় পরিদর্শন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময় তথ্য কমিশনের সার্বিক কার্যক্রম, বর্তমান অবস্থা ও বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক এ উপদেষ্টা।
পাশাপাশি তথ্য অধিকার আইন, ২০০৯-এর কার্যকর বাস্তবায়ন ও কমিশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান, তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন কমিশনের বর্তমান অবস্থা, কার্যক্রম পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।
মতবিনিময়কালে তথ্য অধিকার প্রতিষ্ঠা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশের চর্চা জোরদার, জনগণের তথ্যপ্রাপ্তি সহজ করা এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
তথ্য কমিশনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা।
এ লক্ষ্যে কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্ব দেন ডা. জাহেদ।