নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মুহিদুল ইসলাম।
মুহিদুল ইসলামকে প্রেষণে এই পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার (২ জুন) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের পদে রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার স্থলাভিষিক্ত হবেন তিনি।
এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি কিশোরগঞ্জ ও রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।
মুহিদুল ইসলাম ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের অধীন বিশ্ব নৌ বিশ্ববিদ্যালয় থেকে মেরিটাইম অ্যাফেয়ার্স বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।