ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো পর্যালোচনায় ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার।
রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে রাস্তায় নেমে বিক্ষোভ না করে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
এদিন পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন নিয়ে পৃথক প্রজ্ঞাপনও জারি করেছে মন্ত্রণালয়।
বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬-এর ১৩৮ ধারা অনুযায়ী বোর্ডটি গঠন করা হয়েছে। আইনের ১৩৯ ধারা অনুযায়ী পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে এই বোর্ডকে।
বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুবকে মালিকদের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনকে শ্রমিকদের প্রতিনিধি করা হয়েছে।
পাশাপাশি পোশাকশিল্পের দুই প্রতিনিধিও বোর্ডে থাকছেন। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম শামছুদ্দিন মালিকপক্ষের প্রতিনিধি এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
মাসে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের মধ্যে মজুরি বোর্ড গঠন করা হলো।
ঢাকায় মিরপুর-১০ গোলচত্বর ও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে রবিবার শ্রমিকরা অবরোধ করেন। এতে যান চলাচল ব্যাহত হয়। গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর সংশ্লিষ্ট এলাকার অধিকাংশ কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।