জাতিসংঘের সমুদ্র আইন সম্পর্কিত কনভেনশনসহ (ইউএনসিএলওএস) আন্তর্জাতিক আইন অনুসারে জাহাজের অবাধ ও বৈধ চলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সেইসঙ্গে গঠনমূলক সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে অর্থবহ সম্পৃক্ততার আহ্বান জানিয়েছে ঢাকা।
বুধবার (১৮ মার্চ) ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের ৩৬তম বিশেষ অধিবেশনে এ আহ্বান জানায় বাংলাদেশ।
অধিবেশনে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষার ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করা হয় বলে জানিয়েছে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
লন্ডনের আইএমও সদর দপ্তরে এই অধিবেশনে যোগ দেয় বাংলাদেশের প্রতিনিধি দল। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম দলটির নেতৃত্ব দেন।
ডেপুটি হাইকমিশনার তার বক্তব্যে ক্ষতিগ্রস্ত অঞ্চলে কর্মরত জাহাজে কর্মরত বাংলাদেশি নাগরিকসহ সব নাবিকদের সুরক্ষা, নিরাপত্তা ও কল্যাণে বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেন।