ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সোমবার বিকেলে শুরু হয়ে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে।
অধিবেশন শুরুর আগের দিন রবিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানও উপস্থিত ছিলেন।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়।
প্রয়োজন হলে অধিবেশনের বৈঠকের সময়সূচি ও কার্যদিবসে যেকোনো পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে সংসদের চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য এখন পর্যন্ত একটি সরকারি বিল পাওয়া গেছে।
এছাড়া তৃতীয় ও চতুর্থ অধিবেশনের মধ্যবর্তী সময়ে জারি করা তিনটি অধ্যাদেশ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে, যার মধ্যে রয়েছে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।
অধিবেশনের জন্য মোট তিন হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি ও অন্যান্য মন্ত্রীর জন্য তিন হাজার ৫৭৭টি প্রশ্ন রয়েছে।
জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ৯২টি নোটিশ পাওয়া গেছে। বিভিন্ন প্রস্তাবের ওপর সিদ্ধান্ত চেয়ে কার্যপ্রণালি বিধির ১৩১ বিধিতে জমা পড়েছে ২৮১টি নোটিশ।
কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চীফ হুইপ নূরুল ইসলাম মনি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ।এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চীফ হুইপ মো. নাহিদ ইসলাম বৈঠকে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন। কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে এ প্রস্তাবকে স্বাগত জানান।
সংসদ ভবনের সাউন্ড সিস্টেম উন্নয়নের অগ্রগতি সম্পর্কেও জানতে চান প্রধানমন্ত্রী।
জবাবে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া তাকে জানান, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সোমবার বিকেল সাড়ে ৩টায় সাউন্ড সিস্টেমটির উদ্বোধন করা হবে।
জাতীয় সংসদ ভবনে সৌর প্যানেল স্থাপনের অগ্রগতিও জানতে চান তারেক রহমান।
জবাবে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, প্রস্তাবিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, অধিবেশন চলাকালে সংসদের বিদ্যুতের চাহিদা থাকে প্রায় ছয় মেগাওয়াট। অন্য সময়ে বিদ্যুতের চাহিদা আরও কম থাকে। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে এ চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
সৌরবিদ্যুৎ উৎপাদনব্যবস্থায় বিদ্যুৎ সংরক্ষণের সুবিধা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এর আগে গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকতে পারবে না।
গত ১০ সেপ্টেম্বর মাত্র ৯টি বৈঠকের পর সংসদের তৃতীয় অধিবেশন মুলতবি করা হয়।
বাজেট অধিবেশন হিসেবে পরিচিত দ্বিতীয় অধিবেশন ২৭ কার্যদিবস চলার পর গত ১৫ জুলাই মুলতবি করা হয়।
বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস করে সংসদ। বর্তমান বিএনপি সরকারের অধীনে এটিই প্রথম বাজেট।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
প্রথম অধিবেশনে সংসদ ৯৪টি বিল পাস করে, যার মধ্যে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশের বিপরীতে আনা ৯১টি বিল ছিল। এছাড়া কয়েকটি সংসদীয় কমিটিও গঠন করা হয়।