সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুবশক্তির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক সেজুতি হোসাইনসহ দুই শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
শুক্রবার (২৬ জুন) দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
সাভারের ব্যাংক কলোনি এলাকায় ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বাসভবনে এ উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সভায় ডা. সালাউদ্দিন বাবু বিএনপিতে যোগ দেওয়া সেজুতি হোসাইন ও এনসিপির নেতাকর্মীদের স্বাগত জানান। তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। জুলাই যোদ্ধারা এ দলে যোগ দিতে চাইলে তাদের স্বাগত জানানো হবে।
বিএনপিতে যোগদান শেষে সেজুতি হোসাইন বলেন, দেশের বৃহৎ রাজনৈতিক দলের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। পাশাপাশি সমাজ উন্নয়নে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সংবর্ধনা সভায় এনসিপি থেকে যোগদান করা নেত্রী হেলেন জাহান রিফা ও সুজন আহমেদ বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদীর, পৌর বিএনপির সহসভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ এবং সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানসহ অন্যান্য নেতারা।