চট্টগ্রাম মহানগরে দুটি সরকারি দপ্তর লক্ষ্য করে ৩টি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে পাঁচলাইশ থানার ষোলশহরের ২ নম্বর গেইটে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে এসব পেট্রলবোমা ছোড়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ৮টার দিকে ২ নম্বর গেইট এলাকায় অবস্থিত এলজিইডি কার্যালয়ের সামনে দুটি এবং পার্শ্ববর্তী চান্দগাঁওমুখী ভূমি কার্যালয়ের সামনে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।
সিএমপি পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এলজিইডি অফিসের সামনে পড়া দুটি পেট্রোলবোমা বিস্ফোরিত হয়নি।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। ওপরের ফ্লাইওভার থেকে পেট্রোলবোমাগুলো নিচে নিক্ষেপ করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বলে জানিয়েছেন ওসি।
ব্যস্ততম এলাকার সরকারি দপ্তরের সামনে এমন ঘটনায় স্থানীয় পথচারী ও অধিবাসীদের মধ্যে ক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে।