দিনাজপুরের নবাবগঞ্জের ৭ বছরের এক শিশুকে ছুরিকাঘাতে গলা এবং হাতপায়ের রগ কেটে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ২ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইফতারের পর সন্ধ্যায় এ হত্যাকাণ্ড ঘটে।
শিশুটির নাম সিরাজুল আল শামস। সে আমরুলবাড়ী ডাঙ্গাপাড়ার বেকারী ব্যবসায়ী মমিনুল ইসলামের একমাত্র সন্তান ছিল। দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে।
স্থানীয়রা বলেন, গতকাল (শুক্রবার) ইফতারের আগ থেকে শামসকে খুঁজে পাচ্ছিল না তার স্বজনরা। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় মাদরাসার পেছনে ভূট্টা এবং ধানখেতের মাঝে রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। শিশুটির ওপর চালানো নৃশংসতার চিহ্ন রয়েছে পুরো শরীরজুড়ে। গলা ও হাত-পায়ে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষত রয়েছে। উদ্ধার করে দ্রুত পাশের উপজেলা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, শিশুটির হত্যার কারণ এখনও জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য তার দুই চাচাকে আটক করা হয়েছে।