নাটোরের গুরুদাসপুরে আগুনে পুড়ে শিশু কন্যাসহ এক নারীর মৃত্যূ হয়েছে। এ ঘটনায় মর্জিনা বেগম নামে আরও এক নারী দগ্ধ হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামের মন্তাজ আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে মন্তাজের পূত্রবধূ আতিয়া (২৭) এবং দেড় বছরের নাতনী রওজা ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় মন্তাজের স্ত্রী মর্জিনাকে (৬৫)। অগ্নিকাণ্ডে পুরো বাড়ি ও একটি দোকান ভস্মীভূত হয়। এছাড়া গোয়াল ঘরে পুড়ে মারা যায় ১২টি ছাগল। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভসি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু হয়েছে। আগুন কীভাবে লাগল, তা জানার চেষ্টা চলছে।