ঠাকুরগাঁওয়ের হরিপুরে নিখোঁজের এক দিন পর পুকুর থেকে মামা ও ভাগনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) ভোরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলো আব্দুল ওহাব সরকারের ছেলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী উমর আলী (১৫) ও তার ভাগনে ইমরান আলীর ছেলে মিরাজ (১৪)। তারা দুজনই উপজেলার আমগাঁও গ্রামের বাসিন্দা ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (শনিবার) দুপুরে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় উমর ও মিরাজ। সন্ধ্যায় তারা বাড়ি না ফেরায় স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। রাতে স্থানীয় পুকুরপাড়ে বাইসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরে তল্লাশি শুরু করেন। ভোরে প্রথমে একজনের এবং পরে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।
কীভাবে তারা পানিতে পড়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাইসাইকেল চালানোর সময় তারা পিছলে পুকুরে পড়ে যায় এবং সাঁতার না জানায় ডুবে যায়।
এ ব্যাপারে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।