নড়াইলের লোহাগড়ায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ৪০ বস্তা সারসহ একটি নছিমন আটক করেছে স্থানীয় জনগণ। জব্দকৃত সারের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
উপজেলার কালনা-লাহুড়িয়া আঞ্চলিক সড়কের শালনগর ইউনিয়নের মাকড়াইল এলাকার ভিট বটতলা থেকে বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সারবাহী নছিমনটি আটক করে স্থানীয় জনগণ।
স্থানীয়রা জানান, প্রথমে গাড়িটি আটক করে প্রশাসনকে খবর দেওয়া হয়। এরপর লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা ও লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪০ বস্তা সারসহ নছিমনটি জব্দ করে। পরে ওই সার ন্যায্য মূল্যে স্থানীয়দের মাঝে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।
খোঁজ নিয়ে আরও জানা যায়, লাহুড়িয়া বাজারের সারের সাব-ডিলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. আলিম শেখের দোকানে এই ৪০ বস্তা সার অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এসব সার নড়াইল সদর উপজেলার ফেদি বাজার থেকে কেনা হয়েছিল।
অভিযুক্ত লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়ার বাসিন্দা আলিম শেখ এ বিষয়ে বলেন, ‘আমি জামায়াতে ইসলামী দলের একজন সমর্থক। এলাকার কৃষকদের সার সংকট থাকায় এবং আমার দোকান সার শূন্য থাকায় ফেদি বাজারের ৪-৫টি দোকান থেকে ৪০ বস্তা সার কিনে একটি নছিমন গাড়িতে করে নিয়ে আসছিলাম। পথিমধ্যেই এ বিপত্তি ঘটে। ’
লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সারসহ নছিমন আটক করা হয়েছে। সার পাচারের বিষয়টি তদন্তাধীন।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকর্মীদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জব্দকৃত সার রাতেই উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে এবং অভিযুক্ত সারের ডিলারের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’