সিলেটে চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মেহেদি জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারসহ ৩ জনকে আটক করা হয়।
সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর শাহপরান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— সুমন সাহা (২৬), মনির কাজী (৩০) ও মো. রুবেল (৩২)। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে সিলভার রঙের একটি টয়োটা প্রাইভেটকার এবং আনুমানিক ১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ভারতীয় ‘কাভেরি মেহেদি’-এর কন।
পুলিশ জানায়, গতকাল (সোমবার) সিলেট তামাবিল মহাসড়কের দাসপাড়া মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে অবৈধ ভারতীয় কাভেরি মেহেদির কন জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় শাহপরান থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।