ডাকাতি
সুনামগঞ্জে লেডি কান্তা চক্রের হোতাসহ গ্রেপ্তার ৩
সুনামগঞ্জ জেলা শহরে দীর্ঘদিন ধরে ছদ্মবেশে বাসাবাড়িতে প্রবেশ করে চুরি ও ডাকাতির অভিযোগে কান্তা বেগম ওরফে লেডি কান্তা এবং তার দুই নারী সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩১ মে) দিবাগত গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে গ্রেপ্তারদের হেফাজত থেকে একটি রামদা উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—শহরের হোসেনপুর (টুকেরঘাট) এলাকার কান্তা বেগম (লেডি কান্তা), হাছননগর এলাকার সুবর্ণা আক্তার আঁখি এবং জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জান্নাত আক্তার।
সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, কান্তা বেগমের নেতৃত্বে এই চক্রটি দীর্ঘদিন ধরে শহর ও আশপাশের এলাকায় সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
পুলিশ জানায়, অভিনব কৌশলে চক্রের সদস্যরা ছদ্মবেশে বিভিন্ন বাসাবাড়িতে সাহায্য চাওয়ার অজুহাতে কিংবা গৃহকর্মী হিসেবে প্রবেশের চেষ্টা করত। বাসাবাড়ির ভেতরে প্রবেশের সুযোগ পেলে তারা আলমারি বা ড্রয়ার থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মুঠোফোন চুরি করে পালিয়ে যেত।
তবে চুরির সময় গৃহকর্তা বা পরিবারের কারো কাছে ধরা পড়লে বা কেউ তাদের বাধা দিলে তারা চরম উগ্র রূপ ধারণ করত। তখন তারা নিজেদের সঙ্গে থাকা দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে মালামাল লুট করে পালিয়ে যেত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, চক্রটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। গতকাল (রবিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানা পুলিশের একটি বিশেষ দল শহরের বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান শুরু করে। অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তার করার পর পুলিশি হেফাজতে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে কান্তা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের লুকিয়ে রাখা ধারালো রামদাটি উদ্ধার করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কান্তা ওরফে লেডি কান্তা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ছদ্মবেশে শহরের মানুষের ঘরে ঢুকে চুরি ও ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। কান্তাসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওসি আরও বলেন, জেলা শহরকে সম্পূর্ণ অপরাধমুক্ত এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ ও কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
৩ দিন আগে
নারায়ণগঞ্জে বাসে ‘র্যাব’ পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ২
ঢাকা থেকে মুন্সীগঞ্জগামী একটি বিআরটিসি বাসে ‘র্যাব’ পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ব্যর্থ হয়েছে একটি চক্র । এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে গেছেন।
শনিবার (৯ মে) রাতে নারায়ণগঞ্জের মাতুয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন— কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আক্তারুজ্জামান (৪৭) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমিরুল ইসলাম (৩০)।
যাত্রীরা জানান, মুন্সীগঞ্জের ব্যবসায়ী শেখ মাসুম প্রায় সাড়ে চার লাখ টাকা নিয়ে বিআরটিসি বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসটি নারায়ণগঞ্জের মাতুয়াইল এলাকায় পৌঁছালে পথে কয়েকজন ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে বাসটির গতিরোধ করেন।
এ সময় তারা ব্যবসায়ী শেখ মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে দাবি করে তাকে বাস থেকে নামানোর চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি সন্দেহজনক মনে হলে শেখ মাসুম বাসের ভেতরেই চিৎকার করে যাত্রীদের উদ্দেশে জানান, তিনি একজন ব্যবসায়ী। তার কাছে বিপুল পরিমাণ টাকা রয়েছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ভুয়া পরিচয়ে এসব ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে এসেছেন।
তার চিৎকারে বাসের অন্য যাত্রীরা সতর্ক হয়ে ওঠেন। সে সময় তারা সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলেন। এতে ‘র্যাব’ পরিচয়দানকারী চক্রের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। একপর্যায়ে তাদের কয়েকজন দ্রুত পালিয়ে যান।
পরে যাত্রীদের সহায়তায় চক্রটির আক্তারুজ্জামান ও আমিরুল ইসলামকে আটক করা হয়। এরপর বাসের যাত্রীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে নারায়ণগঞ্জ সদর থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
২৫ দিন আগে
ডাকাতি করতে না পেরে দুই লাখ টাকা ‘চাঁদা দাবি’
কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। ওই বাড়িতে ডাকাত দল ঢোকার ৫ মিনিটের মধ্যেই রুখে দাঁড়ায় গ্রামবাসী। এরপর ফিরে যাওয়ার সময় দুই লাখ টাকা চাঁদা দাবি করে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে।
জীমুত বিশ্বাস স্থানীয় কলিমহর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির অসুস্থ কর্তা জীমুত বাহন নিজের ঘরে রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মুখ বাঁধা ৮ জন ডাকাতের একটি দল তার ঘরে ঢুকে পড়ে। তাদের কারো হাতে আগ্নেয়াস্ত্র, আবার কারো হাতে দেশীয় ধারালো অস্ত্র ছিল। এই দৃশ্য দেখে জীমুতের স্ত্রী সূচিত্রা বিশ্বাস আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠলে ডাকাতরা তৎক্ষণাৎ তাকে কাপড় দিয়ে বেঁধে ফেলার চেষ্টা করে। একপর্যায়ে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতরা বাড়ির পেছনের মাঠ দিয়ে পালিয়ে যায়। তবে যাবার আগে তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনার পরপরই গৃহকর্তার ফোন পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জীমুত বিশ্বাস জানান, ৮ জন ডাকাত তার ঘরে ঢুকেছিল। তাদের প্রত্যেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে তারা পরিবারের লোকদের এক ঘরে জিম্মি করার চেষ্টা করে। তবে তাদের চিৎকারে পাশের কালীমন্দির এলাকার দোকানে বসা কয়েকজন এগিয়ে এলে ৫ মিনিটের মধ্যেই ডাকাতরা পালিয়ে যায়। তবে যাওয়ার আগে তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করে যায়। কোথায় টাকা পাঠাতে হবে, তা ফোনে জানাবে বলে গেছে।
তিনি আরও বলেন, ঈশ্বরদীসহ আশপাশের গ্রামগুলো সংখ্যালঘু অধ্যুষিত। আগে এসব গ্রামে সন্ত্রাসীদের উপদ্রব ছিল না। হঠাৎ করে তার বাড়িতে এমন একটি ঘটনা ঘটায় তিনি আতঙ্কিত হয়েছেন। অপরাধীদের চিহ্নিত করার জন্য তিনি থানায় অভিযোগ করবেন। এ সময় দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি।
জানিপুর ইউনিয়নের সাবেক মেম্বার স্বপন কুমার বিশ্বাস বলেন, তাদের এলাকায় ডাকাত বা সন্ত্রাসীদের উপদ্রব ছিল না। হঠাৎ করে এরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের প্রতিহত করা খুবই জরুরি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোশারফ হোসেন বলেন, তেমন কিছু হয়নি। সন্ধ্যা সাড়ে ৭টার সময় কিছু লোক ওই বাড়িতে ঢুকে দুই লাখ টাকা চাঁদা চেয়েছে বলে বাড়ির মালিক দাবি করছেন। কিন্তু ওই বাড়ির পাশে কিছু লোক তাস খেলছিল। তারাও জানে না ডাকাতির এই ঘটনা। তবে ওই বাড়িওয়ালারা যা বলছে, বিষয়টি ওরকম নাও হতে পারে।
৮১ দিন আগে
গাজীপুরে সাবেক সিভিল সার্জনের বাড়িতে ডাকাতি, আহত ৩
গাজীপুরে সাবেক সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকার কলমেশ্বরে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগীদের স্বজনরা জানান, ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ দুই লাখ টাকা, প্রায় ১২ ভরি স্বর্ণালংকার, ছয়টি মোবাইল ফোন ও বিভিন্ন ঘরোয়া সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় তাদের হামলায় তিনজন আহত হন।
স্থানীয়রা জানান, গতকাল (শনিবার) দিবাগত রাত ৩টার দিকে কলমেশ্বর এলাকার ডা. হাফিজুর রহমান খানের বাড়ির সীমানাপ্রাচীর টপকে ১০ থেকে ১২ জন ডাকাতের একটি দল ভেতরে প্রবেশ করেন। তারা বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কেয়ারটেকার হিজবুল্লাহকে মারধর করে। পরে তাকে বেঁধে রেখে বাড়ির দ্বিতীয় তলায় প্রবেশ করেন। এরপর হাফিজুর রহমানের স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ ২ লাখ টাকা, ১২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ৬টি মোবাইল ও তৈজসপত্র লুট করে পালিয়ে যায়।
আরও পড়ুন: চাঁদপুরের কচুয়ায় দুটি বাড়িতে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট
তারা জানান, ডাকাতদের হামলায় কেয়ার টেকারসহ তিনজন আহত হয়েছেন। ডাকাতি শেষে তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে ঘটনাস্থল থেকে চলে যায়।
খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে দুটি দা ও একটি ককটেল জব্দ করেছে পুলিশ।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘পুলিশ ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত সংগ্রহ করা হয়েছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
২৯৮ দিন আগে
গাজীপুরে স্থানীয়দের নিয়ে ডাকাতি ঠেকিয়ে দিল পুলিশ, গ্রেপ্তার ৬
গাজীপুরের শ্রীপুরে একটি পাইপ কারখানায় ডাকাতির সময় স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই) রাত পৌনে ১১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের পিপিএস নামক পাইপ কারখানায়।
গ্রেপ্তাররা হলেন— ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ভাঘটিয়া গ্রামের বাসিন্দা মো. সোহেল মিয়া (৩২), একই জেলার তারাকান্দা থানার এমদাদুল হক (৪৫), বগুড়া জেলার নন্দীগ্রাম থানার কামুলা গ্রামের ফারুক (৩২), নওগা জেলার রাণীনগর থানার রাজাপুর গ্রামের আরিফ (৩০), নরসিংদী জেলার মাধবদি থানার বালুর মাঠ এলাকার শিমান্ত (২১) ও চাঁদপুর জেলার মতলবপুর গ্রামের ইব্রাহীম (২৩)।
পুলিশ জানিয়েছে, একটি ট্রাক নিয়ে ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল ওই কারখানায় ডাকাতি করতে যায়। এ সময় তিন ডাকাত ট্রাক নিয়ে নিরাপদ স্থানে অবস্থান করে। বাকি ছয়জন কারখানার ফটক টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা নিরাপত্তা প্রহরী মকুবল হোসেনকে হাত-পা বেঁধে মারপিট করে ফেলে রাখে।
কারখানার দায়িত্বপ্রাপ্ত ইসলামী ব্যাংক লিমিটেডের কমকর্তা আব্দুস ছালাম তিনতলা থেকে ডাকাতির ঘটনাটি প্রথমে দেখতে পান। এসময় তিনি কারখানা কর্তৃপক্ষ, পুলিশ ও স্থানীয়দের বিষয়টি জানান। প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় ছয় ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আরও পড়ুন: নরসিংদীতে অস্ত্র-গোলাবারুদসহ দুই নারী গ্রেপ্তার
স্থানীয়রা জানান, কারখানাটি দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে। রাত পৌনে১১টার দিকে কয়েকজন অপরিচিত লোক প্রধান ফটক টপকে পিপিএস পাইপ কারখানার ভেতরে প্রবেশ করে। বিষয়টি জেনে স্থানীয়রা জড়ো হয়ে কারখানার ভেতেরে প্রবেশ করেন। এরপর নিরাপত্তা প্রহরীকে বেঁধে ডাকাতির বিষয়টি টের পান তারা।
এ সময় পুলিশ ও স্থানীয়দের দেখে ডাকাতরা কারখানার পেছন দিক দিয়ে দেওয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তাদের ধাওয়া করে ছয়জনকে ধরতে করতে সক্ষম হন স্থানীয়রা। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক নিয়ে অপেক্ষমান তিন ডাকাত পালিয়ে যায়। পরে আহত ছয় ডাকাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
কারখানার নিরাপত্তা প্রহরী মকবুল হোসেন বলেন, ‘অপরিচিত কিছু লোক গেটের উপর দিয়ে ভেতরে ডুকে আমার হাত-পা বেঁধে মারপিট করে। আমাকে ফেলে রেখে তারা ডাকাতি করতে শুরু করে। লোকজন চলে এলে ডাকাতরা সীমানা দেওয়াল টপকে বাহিরে চলে যায়।’
আব্দুস ছালাম বলেন, ‘তিনতলা থেকে দেখতে পাই নিরাপত্তা প্রহরীকে কারা যেন মারছে। পরে বুঝতে পারি যে কারখানায় ডাকাত ডুকেছে। তাৎক্ষণিক স্থনীয়দের, পুলিশ এবং কর্তৃপক্ষকে জানাই। দ্রুত সময়ে স্থানীয়দের পাশাপাশি পুলিশও এসে পড়ে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাক ডা. আজগর হোসেন সোহাগ জানান, রাত বারোটার দিকে পুলিশ আহত ছয় ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত সোহেল ও এমদাদুলকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, ডাকাতরা কারখানাটির মালপত্র লুট করতে এসেছিল। খবর পেয়ে পুলিশের একাধিক টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
৩১০ দিন আগে
গাজীপুরে প্লাস্টিক কারখানায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩
গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
রবিবার (২৯ জুন) সন্ধ্যায় গাছা থানার ঝাজর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— হবিগঞ্জের মাজিশাইল গ্রামের মো. কাউছার মিয়া (৩৫), ময়মনসিংহের চরমদাখালী গ্রামের সাব্বির হোসেন রাজিব (২৫) এবং গাজীপুরের কোমোন গ্রামের শাখাওয়াত ওরফে সৈকত (২৬)।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার কাউছার ও শাখাওয়াতের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গত সোমবার (২৩ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে গাছা থানাধীন ঈশ্বড্ডা এলাকায় অবস্থিত ‘আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ’ নামের একটি কারখানায় ১০–১২ জনের একটি ডাকাত দল হানা দেয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট
ডাকাতরা কারখানাটি থেকে ১১৩ ব্যাগ প্লাস্টিক কাঁচামাল (যার বাজারমূল্য আনুমানিক ৬ লাখ টাকা), প্রায় ২ লাখ টাকার ৪০টি ডাইস, আইপিএস, ব্যাটারি, দুটি বড় স্ট্যান্ড ফ্যান, দুটি গ্রাইন্ডিং মেশিন, নগদ ৫ হাজার টাকা এবং ৩টি মোবাইল ফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ থানায় মামলা করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও অভিযান চালিয়ে রবিবার সন্ধ্যায় ঝাজর এলাকা থেকে মামলার তিন আসমিকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আমিনুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
৩৩৯ দিন আগে
চুয়াডাঙ্গায় ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার ৬
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ৬ জন আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার লক্ষ্মীপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক হওয়া ডাকাতদের কাছে পাওয়া আগ্নেয়াস্ত্র, গুলি, পুলিশি পোশাক, ওয়াকিটকি, ইয়াবা ট্যাবলেট ও ডাকাতির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।আটককৃতরা হলেন—রুবেল রানা (২৯), আজিজুর মন্ডল (৩৬), শিলন মোল্লা (২১), সবুজ আলী মিঠু (৩০), মনিরুল ইসলাম (৪০) ও মারুফ শেখ (২০)। তারা কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, লক্ষ্মীপুর বাজার থেকে খাসকররা যাওয়ার পাকা সড়কে একটি ডিজেলের দোকানের সামনে মাইক্রোবাসে একদল অস্ত্রধারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ মাইক্রোবাসটি ঘিরে ফেলে এবং তাদের গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: শার্শার আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৭ তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল, ২টি তালা কাটার যন্ত্র, ৫টি মাস্টার চাবি, ১টি পুলিশের জ্যাকেট, ১টি ওয়াকিটকি সদৃশ্য মোবাইল সেট, ৫০ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও ঢাকা মেট্রো-গ-১২-৩০৯৭ নম্বরের একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
সাংবাদিকদের এমন তথ্য নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান। ঘটনার পর আলমডাঙ্গা থানায় অস্ত্র, ডাকাতি ও মাদক আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
৩৯৫ দিন আগে
চট্টগ্রামে ডাকাতি ঠেকাতে গিয়ে সেনাসদস্য গুলিবিদ্ধ
চট্টগ্রামের গাউসিয়া গ্রোসারি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে শহিদুল ইসলাম সায়েম (২৫) নামের এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) ভোরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: টাঙ্গাইলে ডাকাতদলের ২ সদস্য গ্রেপ্তার, টাকা ও গুলি উদ্ধার
স্থানীয়রা জানান, গাউসিয়া গ্রোসারি নামেও ওই প্রতিষ্ঠানে মুখোশ পরা চার অস্ত্রধারী দোকানিকে জিম্মি করে দুই ক্যাশের টাকা ও দামি সিগারেটসহ মালামাল নিয়ে যাচ্ছিল। বাসার সিসি ক্যামেরায় এই দৃশ্য দেখে দোকানির ছোট ভাই সেনাসদস্য সায়েম বাসা থেকে দৌঁড়ে দোকানে আসামাত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, ‘ছুটিতে বাড়িতে আসা সেনাসদস্য সায়েম ডাকাতদের গুলিতে আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
৪০৪ দিন আগে
ডাকাতির ৮ দিন পর রডের ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ২
সাভারের আশুলিয়ায় ডাকাতি হওয়ার আট দিন পর রডভর্তি ট্রাক উদ্ধার করা হয়েছে। এঘটনায় দুই ডাকাতকেও গ্রেপ্তার করা হয়।
রবিবার (১৬ মার্চ) সাভার সার্কেল অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
পুলিশ জানায়, গত ৮ মার্চ নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে একটি রড ভর্তি ট্রাক ছিনতাই করে। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হলে পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ও নুরে আলম নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করে। এসময় রডভর্তি ট্রাকটিও উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কালীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট
আটকদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে থাকা অন্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
৪৪৫ দিন আগে
ডাকাতি-ছিনতাই প্রতিরোধে পুলিশের তিন ইউনিটের কাজ শুরু
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ডাকাতি-ছিনতাই প্রতিরোধে পুলিশের তিনটি ইউনিট আজ থেকে কাজ শুরু করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ে কর্মশালায় যোগদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাক। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেয়া হচ্ছে।’
‘‘রাজধানীতে রাতে ছিনতাই বেড়েছে। দিনেও ছিনতাই বেড়েছে। ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাব, এন্টি টেররিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে গঠিত ইন্টেনসিভ পেট্রোল পোগ্রাম আজ (সোমবার) থেকে কাজ শুরু করবে,’ যোগ করেন তিনি।
আরও পড়ুন: কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সেবার মান বাড়ানোর নির্দেশ দিলেন আইজিপি
আইজিপি বলেন, ‘এতেও কাজ না হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। যৌথ বাহিনীতে একটা সাইজেবল কম্পোনেন্ট থাকে। আসলে পুলিশে এত বড় কম্পোনেন্ট নেই। কিন্তু যৌথ বাহিনী একটি জয়েন্ট পার্টি।’
তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সন্ত্রাস করে সমাজবিরোধী কাজ করে তাদের বিরুদ্ধে। এটি আমরা শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগেই। ডেভিল হান্টে কারা ধরা পড়ছে আপনারা একটু দেখেন। বড় সন্ত্রাস, বড় চোরাকারবারি সবাই ধরা পড়ছে।’
৪৬৫ দিন আগে