বিসিবি
বিসিবি নির্বাচন ও অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার সিরিজকে কেন্দ্র করে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন সড়কে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (৬ জুন) ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে।
এছাড়া ৯ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ কারণে উল্লিখিত তারিখগুলোতে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়ক সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।
ডিএমপি নগরবাসী ও যানবাহন চালকদের ওই সড়ক পরিহার করার অনুরোধ জানিয়েছে। সেই সঙ্গে বিকল্প সড়ক হিসেবে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ অভিমুখে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
২ ঘণ্টা আগে
বিসিবি নির্বাচন বাতিলের রিট খারিজ, নির্ধারিত সময়েই হবে ভোট
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ৭ জুন নির্ধারিত বিসিবি নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী। বিসিবির সাবেক ৬ জন কাউন্সিলর এ রিট দায়ের করেছিলেন।
বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান জানান, পূর্বর্ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত বিসিবির বোর্ড সংক্রান্ত চারটি রিট হাইকোর্ট খারিজ করে দিয়েছেন।
বিসিবির আইনজীবী আরও বলেন, একের পর এক রিট করে আইসিসির কাছে ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে বিসিবির সার্বিক পরিস্থিতি জানতে, দুবাই থেকে আইসিসির দুই জন প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন। তাদেরও ক্রিকেট বোর্ডের সার্বিক পরিস্থিতি জানানো হয়েছে।
গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে হাইকোর্টের গঠিত নির্বাচন কমিশনার।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুজন পরিচালক হবেন। ২৫ জন পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।
৩ দিন আগে
বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত চেয়ে করা বিচারাধীন এক রিটের সম্পূরক আবেদন নথিভুক্ত করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত বলেছেন, বিসিবি নির্বাচন নিয়ে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।
এর ফলে আগামী ৭ জুন অনুষ্ঠেয় বিসিবি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিম এম রহমান।
রবিবার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিম এম রহমান।
পরে মাহিম এম রহমান সাংবাদিকদের বলেন, মোহাম্মদ মোশারফ নামে একজন ব্যক্তি গত মার্চে বিসিবির গঠনতন্ত্রের একটি ধারাকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেছিলেন।
তিনি বলেন, বিচারাধীন ওই রিটে রবিবার একটি সম্পূরক আবেদন করে আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচন স্থগিত চাওয়া হয়। শুনানি শেষে আদালত স্পষ্টভাবে জানান, এই আবেদনের মাধ্যমে বিসিবির নির্বাচন বিষয়ে কোনো হস্তক্ষেপ করা হবে না।
২০ দিন আগে
নির্বাচনে অনিয়মের অভিযোগ অস্বীকার আমিনুলের
ক্রীড়া মন্ত্রণালয়ের তীব্র চাপের মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির সর্বশেষ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে নির্বাচনে কোনো ধরনের অনিয়মে জড়িত থাকার কথা নাকচ করে দিয়েছেন তিনি।
সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তার বিরুদ্ধে ওঠা এ অভিযোগ অস্বীকার করেন তিনি।
এদিকে, নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রবিবার (৫ এপ্রিল) এ তদন্ত প্রতিবেদন এনএসসিতে জমা দেওয়া হয়েছে। তবে তদন্ত কমিটির মুখোমুখি হননি আমিনুল।
এ প্রসঙ্গে তিনি জানান, সময়ের অভাবে সশরীরে উপস্থিত হতে না পারলেও তিনি লিখিত জবাব পাঠিয়েছেন। কাউন্সিলর মনোনয়নে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে তার দাবি, নির্বাচনের সঙ্গে তার সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না। গঠনতন্ত্র মেনে অ্যাড-হক কমিটির মাধ্যমেই নাম আসার কথা ছিল। নির্দিষ্ট কিছু জেলা ও বিভাগ থেকে পর্যাপ্ত নাম না আসায় পুনরায় চিঠি দেওয়ার প্রক্রিয়াটিতেই কেবল তার সম্পৃক্ততা ছিল।
একের পর এক বোর্ড পরিচালক পদত্যাগ করছেন; উদ্ভূত পরিস্থিতিতে বর্তমান পর্ষদের সব পরিচালক পদত্যাগ করলে কী করবেন—এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম দৃঢ়তার সঙ্গে জানান, তিনি হবেন পদত্যাগকারী শেষ ব্যক্তি।
তদন্ত প্রতিবেদনের বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, তদন্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে। আমরা এখন আইসিসির সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেব।
এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করেছেন, বর্তমান বোর্ডের কিছু সদস্য ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রলোভনে পড়ে পদত্যাগ করেছেন। তবে মন্ত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন।
বোর্ড সভাপতির মতো আসিফ মাহমুদও তদন্ত কমিটির মুখোমুখি হননি। তিনি অভিযোগ করেছেন, অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয় তা নিশ্চিত করার লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত।
আসিফ মাহমুদের এই ইঙ্গিত সাবেক অধিনায়ক তামিম ইকবালের দিকে বলে ধারণা করা হচ্ছে। তামিম ইকবাল নির্বাচনের অনিয়ম নিয়ে সোচ্চার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। নির্বাচনের আগে তিনি আমিনুলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেন।
সাবেক সভাপতি ফারুক আহমেদ অপসারিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক স্বতন্ত্র পরিচালক হিসেবে নিযুক্ত হয়ে প্রথমবারের মতো বিসিবি সভাপতির দায়িত্ব পান আমিনুল। পরবর্তীতে অন্যান্য পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।
দায়িত্ব নেওয়ার পর আমিনুল শুরুতে জানিয়েছিলেন তিনি ‘টি-টোয়েন্টি ইনিংস’ খেলতে এসেছেন, যা দিয়ে তিনি স্বল্প মেয়াদে থাকার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের আগে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।
৬১ দিন আগে
আইসিসির সঙ্গে ‘সহযোগিতামূলক আলোচনা’ চালিয়ে যাবে বিসিবি
টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ভারতের মাটিতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে আনুষ্ঠানিক জবাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি বিসিবির শঙ্কা সমাধানে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ জানিয়েছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক এই সংস্থা।
বুধবার (৭ জানুয়ারি) একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আইসসির কাছ থেকে জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইসিসি তাদের বার্তায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তারা উত্থাপিত উদ্বেগ নিরসনে বিসিবির সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তারা আশ্বাস দিয়েছে যে, টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বিসিবির মতামত ও পরামর্শকে স্বাগত জানানো হবে এবং তা যথাযথভাবে বিবেচনা করা হবে।’
মঙ্গলবার রাতে ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা শঙ্কা আর ভারতে খেলতে না যাওয়ার অনুরোধকে পাত্তা দেয়নি আইসিসি। বাংলাদেশকে ভারতের মাটিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বলা হয়েছে। নাহলে পয়েন্ট হারানোর আল্টিমেটাম দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
তবে এই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিসিবি। সংস্থাটির পক্ষ থেকে এ বিষয়ে বলা হয়েছে, ‘কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই বিষয়ে বোর্ডকে আল্টিমেটাম (চূড়ান্ত সময়সীমা বেঁধে) দেওয়া হয়েছে, যা বিসিবির নজরে এসেছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে, এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং আইসিসির কাছ থেকে পাওয়া বার্তার ধরন বা বিষয়বস্তুর সঙ্গে এর কোনো মিল নেই।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ‘২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নির্বিঘ্ন ও সফল অংশগ্রহণ নিশ্চিত করতে বোর্ড আইসিসি এবং সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে পেশাদারভাবে আলোচনা চালিয়ে যাবে, যেখানে একটি বন্ধুত্বপূর্ণ ও বাস্তবসম্মত সমাধানে পৌঁছানোর লক্ষ্যে এই সহযোগিতামূলক আলোচনা অব্যাহত থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব সময়ই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে দৃঢ়প্রতিজ্ঞ।’
১৫০ দিন আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে জাতীয় দলকে ভারতে না পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালকের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিষয়টি নিশ্চিত করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির পরিপ্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’
গতকাল উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। মূলত এ কারণেই ভারতে দল না পাঠানো সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কেও জানিয়েছে বিসিবি।
আজ এক ই-মেইল বার্তায় আইসিসিকে বিসিবি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতের ভেন্যুগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে শঙ্কা রয়েছে। সেই কারণে সেখানে বাংলাদেশ দল পাঠানো ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছে বোর্ড।
চিঠিতে বিসিবি আরও উল্লেখ করে, টুর্নামেন্টে অংশগ্রহণে বাংলাদেশ আগ্রহী থাকলেও খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। এ অবস্থায় বিকল্প কোনো দেশে ম্যাচগুলো আয়োজনের সুযোগ থাকলে সে বিষয়ে বিবেচনা করার জন্য আইসিসির প্রতি অনুরোধ জানিয়েছে বোর্ড।
এর আগে, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার জেরে বিষয়টি নিয়ে আলোচনায় বসেন বিসিবির পরিচালকেরা। গতকাল রাতেও অনলাইনে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অবশ্য অধিকাংশ পরিচালক ‘এখনই কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার’ পক্ষে মত দেন। তবে পরবর্তীতে সরকারের হস্তক্ষেপ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অবস্থান বদলায় বোর্ড।
পরিস্থিতি স্বাভাবিক থাকলে আইপিএলের আগামী আসরে কলকাতার হয়ে খেলার কথা ছিল মোস্তাফিজ। দলের প্রয়োজনে চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াইয়ে জিতে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসারকে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। তবে চাইলেও আগামী মৌসুমে তাকে খেলাতে পারছে না তারা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এমন দাবি তুলে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল থেকে বাদ দিতে বলে ভারতের বেশ কিছু ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দল।
তাদের সঙ্গে পেরে উঠতে না পারায় বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা। বাঁহাতি পেসারের সঙ্গে এমন ঘটনায় ভারতের মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েও প্রশ্ন উঠছে।
আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ভারতে। ওই সময়ে লিটন-মোস্তাফিজদের নিরাপত্তা দিতে পারবে কিনা—সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
১৫৩ দিন আগে
খালেদা জিয়ার মৃত্যুতে স্থবির ক্রীড়াঙ্গন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ফেডারেশন কাপ, নারী ফুটবল লীগ, বিপিএলসহ দেশের ক্রীড়াঙ্গনের সব ধরনের কর্মসূচি স্থগিত করেছে ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থাগুলো।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ বাতিল করা হয়েছে। এই ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে।
অপরদিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে জানিয়েছে, জাতীয় শোকের অংশ হিসেবে এদিন ফেডারেশন কাপের দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে। এছাড়া নোয়াখালীতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালও স্থগিত করা হয়েছে।
বাফুফে আরও জানায়, কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া নারীদের তিনটি লিগ ম্যাচ স্থগিত করা হয়েছে।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়াকে সম্মান প্রদর্শনের জন্য এদিনের সব ধরনের ক্রীড়া কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, আগামীকাল খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় ওইদিন খেলা হবে কি না, তা এখনো নিশ্চিত নই।
খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবি, বাফুফে, ক্রিকেটারদের সংগঠন কোয়াবসহ অন্যান্য জাতীয় ক্রীড়া সংস্থাগুলোও শোকবার্তা প্রকাশ করেছে।
১৫৮ দিন আগে
মানিকগঞ্জের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (২ জুলাই) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে রাজধানী ঢাকার লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব জানান, গ্রেপ্তারের পর তাকে মানিকগঞ্জ সদর থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে তোলা হবে।
জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দূর্জয়ের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় একাধিক মামলা রয়েছে।
গত ২১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের আদেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একই সঙ্গে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়।
নাঈমুর রহমান দুর্জয় ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালেও একই আসন থেকে এমপি নির্বাচিত হন।
৩৩৮ দিন আগে
রংপুর ক্রিকেট গার্ডেনের দুরবস্থায় বিসিবি সভাপতি হতাশ
রংপুরের ক্রিকেটকে এগিয়ে নিতে সব ধরনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল।
শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে রংপুর ক্রিকেট গার্ডেনে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী উৎসব চলাকালে তিনি এসব কথা বলেন।
ক্রিকেট গার্ডেনের আউটফিল্ড দেখে হতাশা প্রকাশ করে বিসিবি সভাপতি বলেন, এই ধরনের মাঠ ক্রিকেটের জন্য কখনোই গ্রহণযোগ্য নয়। এখানে অনেক ভালো করার জায়গা আছে। বিভাগীয় শহর হওয়ার পরও রংপুরে বিভাগীয় স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম নেই। এটি দুঃখজনক।
তিনি বলেন, ‘ক্রিকেটটা শুধু ঢাকাকেন্দ্রিক নয়, সব জায়গায় ছড়িয়ে দেওয়া চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া ভালোমানের খেলোয়াড় ও কোচিং স্টাফ তৈরিতে অতীতের ভুল শুধরিয়ে নতুন ধারায় এগিয়ে যাবে বাংলাদেশ।’
পাশাপাশি রংপুরে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমিসহ ক্রিকেটারদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধার দ্বার উন্মুক্ত করার প্রতিশ্রুতি দেন বিসিবি সভাপতি।
আরও পড়ুন: টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সারা দেশের অন্যান্য বিভাগীয় নগরীর মতো রংপুরও সেসব সুবিধা পাওয়ার অধিকার রাখে। কারণ রংপুর থেকেও ক্রিকেটাররা জাতীয় ক্রিকেটে প্রতিনিধিত্ব করছে। এখানকার ক্রিকেটারদের মেধা আছে। সেই মেধার মুল্যায়ন অবশ্যই বিসিবি করবে।’
রংপুরে গত পাঁচ বছরে কোনো লিগ বা টুর্নামেন্ট আয়োজন না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে কী হয়েছে জানি না, তবে এখন ধাপে ধাপে সবকিছু করা হবে। দেশের কোনও অঞ্চলই অবহেলিত থাকবে না। সব অঞ্চলের খেলোয়াড়দের মূল্যায়নের আওতায় আনা হবে। সব বিভাগেই বয়সভিত্তিক লিগ ও টুর্নামেন্ট আয়োজন করা হবে।’
পরে অভিভাবকদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি জেলা ও স্থানীয় প্রশাসন। তিনি ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেন এবং তাদের উৎসাহিত করেন।
৩৪৩ দিন আগে
টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তিতে বিশেষ আয়োজনে বিসিবি
টেস্ট ক্রিকেটের মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশেষ সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এ মাইলফলক স্মরণে বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এতে সূচনা বক্তব্য দেবেন।
এদিনের অন্যতম আকর্ষণ থাকবে বাংলাদেশের প্রথম টেস্ট খেলা দলের সদস্যদের সম্মাননা প্রদান। ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টের ওই স্কোয়াডের জীবিত সদস্যদের স্মারক ব্লেজার ও ক্যাপ পরিয়ে সম্মান জানানো হবে।
আরও পড়ুন: ট্রাম্পকে শান্তির বার্তা দিলেন রোনালদো
প্রথম টেস্ট দলের সদস্যরা সেদিনের স্মৃতিচারণও করবেন সংক্ষিপ্ত এক পর্বে।
আয়োজনে থাকবে কেক কাটার আনুষ্ঠানিকতা এবং সাবেক খেলোয়াড় ও অতিথিদের সঙ্গে দলগত ছবি তোলার আয়োজন।
বাংলাদেশের প্রথম টেস্ট একাদশ ছিল— শাহরিয়ার হোসেন, মেহরাব হোসেন, হাবিবুল বাশার, আমিনুল ইসলাম, আকরাম খান, আল সাহারিয়ার, নাইমুর রহমান (অধিনায়ক), খালেদ মাসুদ (উইকেটকিপার), মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন ও রঞ্জন দাস।
৩৪৫ দিন আগে