রেললাইন
ঢাকা-কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
গত কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশ প্লাবিত হয়ে ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার (১২ জুলাই) বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমান জানান, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বাংলাদেশ রেলওয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের উদ্যোগ নেয় এবং অল্প সময়ের মধ্যেই জানআলীহাট-ষোলশহর সেকশন ট্রেন চলাচলের উপযোগী করে তোলে।
এর ফলে আজ রবিবার দুপুর দেড়টা ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।
বাংলাদেশ রেলওয়ে জানায়, আজ থেকে ঢাকা-কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার, কক্সবাজার-চট্টগ্রাম এবং কক্সবাজার-ঢাকা রুটের সব ট্রেন নিয়মিত চলাচল করবে।
আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে যাত্রীদের রেলযাত্রায় বিঘ্ন ঘটায় বাংলাদেশ রেলওয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
১৫ দিন আগে
কুড়িগ্রামে রেললাইনে উল্টে পড়ল বালুভর্তি ট্রাক, ট্রেন চলাচল বন্ধ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুভর্তি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে কুড়িগ্রাম এক্সপ্রেস ও রমনা কমিউটার ট্রেনের চলাচল ব্যাহত হয়। আকস্মিক এ ঘটনায় শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোর থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে উপজেলার রাজারহাট-তিস্তা আঞ্চলিক সড়কের পেট্রোল পাম্প-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালুভর্তি ট্রাকটি রাজারহাট-তিস্তা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি সড়ক থেকে ছিটকে পাশের রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কুড়িগ্রাম-তিস্তা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
রেললাইন বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। ফলে ঢাকাগামী যাত্রীদের অনেককে বিকল্প উপায়ে তিস্তা রেলওয়ে স্টেশনে যেতে দেখা যায়। যাত্রীদের কেউ অটোরিকশায়, কেউ বাসে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, ‘সকালে যথাসময়ে কুড়িগ্রাম স্টেশনে এসে জানতে পারি কুড়িগ্রাম এক্সপ্রেস আসবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশায় তিস্তা স্টেশনের উদ্দেশে রওনা দিই। আমার মতো শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।’
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কুড়িগ্রাম স্টেশন থেকে সকাল সোয়া ৭টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল কুড়িগ্রাম এক্সপ্রেসের। কিন্তু রেললাইন অবরুদ্ধ থাকায় ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। একই কারণে রমনা কমিউটার ট্রেনের চলাচলও ব্যাহত হয়েছে।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি অপসারণ এবং রেলপথ সচল করার কাজ শুরু করে। দ্রুততম সময়ের মধ্যে ট্রাকটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা আক্তার বলেন, ‘বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ে লাইন ব্লক হয়ে গেছে। ট্রাকটি সরানোর কাজ চলছে। তবে ঠিক কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ট্রাকটি অপসারণের পর রেললাইন পরীক্ষা-নিরীক্ষা শেষে নিরাপদ ঘোষণা করা হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।
৩৯ দিন আগে
ঢাকা-সিলেট ডবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী
সিলেট-ঢাকা যোগাযোগব্যবস্থার উন্নয়নকল্পে ব্যাপক পরিকল্পনা গ্রহণের কথা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই রুটে ডবল লাইন চালু করা হবে।
শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে সিলেটের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়কসহ এই অঞ্চলের সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে ট্রেন যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডবল লাইন চালু করা হবে।
এ ছাড়াও সিলেটের কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খনন কর্মসূচি এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে সরকার কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
৮৬ দিন আগে
লালমনিরহাটে ব্রডগেজ লাইন ও তিস্তা সেতুর মহাপরিকল্পনা রয়েছে: রেলওয়ে মহাপরিচালক
লালমনিরহাট রেলওয়ে বিভাগকে আধুনিকায়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে জেলার রেলওয়ে বিভাগের বিভিন্ন দপ্তর ও ঐতিহাসিক তিস্তা রেলসেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরিকল্পনার কথা জানান রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।
রেলওয়ের মহাপরিচালক বলেন, লালমনিরহাট বিভাগে বর্তমানে মিটারগেজ রেললাইনের আধিক্য বেশি। রেল সেবাকে আরও গতিশীল ও আধুনিক করতে পার্বতীপুর থেকে লালমনিরহাট পর্যন্ত ব্রডগেজ লাইন স্থাপন করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের বিবেচনায় রয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।
তিস্তা রেলসেতুটি নিয়ে আফজাল হোসেন জানান, সেতুটির আয়ুষ্কাল ২৫ বছর আগেই পার হলেও অত্যন্ত দক্ষতার সঙ্গে এটি এখনো সচল রাখা হয়েছে এবং ট্রেন চলাচল অব্যাহত আছে। তবে ব্রডগেজ লাইন স্থাপনের দীর্ঘমেয়াদী পরিকল্পনাটি বাস্তবায়িত হলে, বর্তমান সেতুর স্থলে একটি আধুনিক নতুন রেলসেতু নির্মাণের বিষয়টিও সেই পরিকল্পনার অন্তর্ভুক্ত থাকবে।
রেলওয়ে মহাপরিচালক তিস্তা রেলসেতুর বিভিন্ন যন্ত্রাংশ ও মালামাল চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি কঠোরভাবে মনে করিয়ে দেন যে, রেলওয়ে রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা শুধু রেল কর্তৃপক্ষের কাজ নয়, বরং আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষকে রাষ্ট্রীয় এই সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা, বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
১৮৪ দিন আগে
চুয়াডাঙ্গায় রেললাইনে কাটাপড়ে প্রাণ গেল যুবকের
চুয়াডাঙ্গা শহরের ঘোড়ামারা ব্রিজ এলাকায় রেললাইনে কাটা পড়ে মিনাল (২২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক মারা গেছেন।
শনিবার (১৯ এপ্রিল) বিকালে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মিনাল চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার বাসিন্দা ও মৃত মিন্টু মিয়ার ছেলে।
চুয়াডাঙ্গা জিআরপি থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা শহরের ঘোড়ামারা ব্রিজের ‘দশ পকেট’ এলাকায় পৌঁছালে মিনাল ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, লাশের সুরতহাল শেষে থানা ফাঁড়িতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৪৬৩ দিন আগে
রেললাইনের পাশে প্রাথমিক বিদ্যালয়, নেই সীমানা দেওয়াল
কুমিল্লার লাকসামে রেললাইনের পাশে তপইয়া ময়ুরেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে নেই কোনো সীমানা দেওয়াল। এর ফলে শব্দদূষণের পাশাপাশি ঝুঁকিতে রয়েছে শতাধিক শিক্ষার্থী।
লাকসাম-নোয়াখালী রেলরুটের পাশে লাকসাম উপজেলার উত্তর ইউনিয়নের তপইয়া গ্রামের অবস্থিত তপইয়া ময়ুরেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়টি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে ১১৫ জন শিক্ষার্থী রয়েছে।
তবে সন্তানের নিরাপত্তার কথা ভেবে অভিভাবকরাও শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে কমছে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির পরিমাণ। অতি শিগগির বিদ্যালয়ে সীমানা দেওয়াল নির্মাণের দাবি জানিয়েছে অভিভাবক ও এলাকার সচেতন মহল।
তপইয়া গ্রামের বাসিন্দা শিক্ষানুরাগী আবদুল ওয়াদুদ খোকন বলেন, ‘এখানে মনপাল, তপইয়া ও কৃষ্ণপুরসহ বিভিন্ন গ্রামের শিক্ষার্থীরা পড়তে আসে। সীমানা প্রাচীর না থাকায় শিক্ষার্থীরা ঝুঁকিতে রয়েছে। এখানে সীমানা প্রাচীর নির্মাণ না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
অভিভাবক রাশিদা খাতুন বলেন, ‘ছেলেকে স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকি—কখন না ট্রেন আসে, কখন আবার সে রেললাইনে উঠে পড়ে।’
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি, যেভাবে চলবে প্রক্রিয়া
স্কুলের শিক্ষক বিদ্যুৎ পাল বলেন, ‘ট্রেন এলে আমরা রেললাইনের পাশে দাঁড়িয়ে যাই। যাতে শিক্ষার্থীরা রেল লাইনে উঠতে না পারে। এছাড়া এলাকাবাসীও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে তৎপর থাকে।’
প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার বলেন, ‘আমরা সীমানা প্রাচীর নির্মাণের বিষয়ে উপজেলায় আবেদন করেছি। দুই বছর ধরে এই বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, এই স্কুলের শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে রয়েছে। এ বিষয়ে আবেদন জানানো হয়েছে। আশা করছি, দ্রুত সেটি পাস হবে।’
৫৩৩ দিন আগে
রেললাইন ছেড়েছেন বিক্ষুব্ধ কর্মীরা, ট্রেন চলাচল শুরু
বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে রেললাইন অবরোধ করার প্রায় আড়াই ঘণ্টা পর সরে গেছেন রেলওয়ের অস্থায়ী কর্মীরা। এর ফলে কমলাপুরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টা থেকে পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে কাওরানবাজার রেললাইন এলাকা অবরোধ করে রাখেন তারা।
অস্থায়ী এসব কর্মী (টিএলআর) দৈনিক কাজের ভিত্তিতে রেলওয়ের বিভিন্ন দপ্তরের পোর্টার, গেটকিপার (ট্রাফিক/ইঞ্জিনিয়ারিং), খালাসি, ওয়েম্যান, অফিস সহকারী, ওয়েটিং রুম কেয়ারটেকারসহ বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে কর্মরত এবং দৈনিক ভিত্তিতে মজুরি পান।
আরও পড়ুন: লাইনচ্যুতির সাড়ে ৮ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
এ বিষয়ে ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন ইউএনবিকে জানান, অস্থায়ী শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সকাল পৌনে এগারোটা থেকে কারওয়ান বাজার রেলপথ অবরোধ করলে সারা দেশের সঙ্গে ঢাকার রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১২টা ৫০ মিনিটে তারা অবরোধ তুলে দিলে রেল চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে, গত ২৫ মার্চও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন এই অস্থায়ী কর্মীরা।
৫৮৭ দিন আগে
নাটোরে আবারও ভেঙেছে রেললাইন
নাটোরের লালপুরে আবারও ভেঙে গেছে রেললাইন। তবে ডবল লাইন থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়নি।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আজিমনগর রেলস্টেশন ও আব্দুলপুর জংশনের মধ্যবর্তী বিহারি পাড়া এলাকায় রেললাইন ভেঙে যায়।
স্থানীয়রা জানান, আজিমনগর রেল স্টেশন ও আব্দুলপুর জংশনের মধ্যবর্তী বিহারি পাড়া এলাকায় রেললাইনে মাঝের একটি বেল ভেঙে প্রায় আধা ইঞ্চি ফাঁক হয়ে গেছে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা আব্দুলপুর জংশন কর্তৃপক্ষকে জানায়।
আরও পড়ুন: নাটোরের লালপুরে রেললাইন ভেঙে গেছে
আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়া উদ্দিন মাহমুদ বলেন, রেললাইনে ফাটলের বিষয়টি জানার পর রেলওয়ে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করি। শ্রমিকরা রেললাইনের মেরামতের কাজ করছেন। তবে ডবল লাইন থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়নি, বিকল্প পথে ট্রেন আসা-যাওয়া করছে।
গত মাসেও বিহাড়িপাড়া এলাকায় রেললাইন ভেঙে গিয়েছিল বলে জানান স্টেশন মাস্টার জিয়া।
৫৯৬ দিন আগে
নাটোরের লালপুরে রেললাইন ভেঙে গেছে
নাটোরের লালপুরে রেললাইন ভেঙে গেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে রেলওয়ের গ্যাংটিম লাইন চেক করার সময় আজিমনগর রেলস্টেশন থেকে ৩০০ গজ পশ্চিমে বিহাড়িপাড়া রেলগেট সংলগ্ন নর্থবেঙ্গল সুগারমিল এলাকায় রেললাইনে ভাঙা দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানায়।
এ অবস্থায় সকাল সোয়া ৭টায় রাজশাহী থেকে ঈশ্বরদীগামী কমিউটার ট্রেন ধীর গতিতে ঝুঁকি নিয়ে ভাঙা স্থান পার হয়। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী থেকে প্রকৌশল বিভাগের কর্মীরা রেললাইন মেরামতের জন্য ঘটনাস্থলে পৌঁছান বলে জানান গেটম্যান আব্দুল মালেক।
আরও পড়ুন: মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ
ডাবল লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হবে বলেও জানান তিনি।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে রেলওয়ের গ্যাংটিম কর্মীরা নিয়মিত রেললাইন পরিদর্শনে গিয়ে লাইনে ভাঙা দেখতে পান।
তিনি বলেন, ‘রেললাইনে ফাটলের খবর পাওয়ার পরেই সেখানে রেলের শ্রমিকরা গিয়ে মেরামত শুরু করে এবং দুপুর সাড়ে ১২টার দিকে মেরামত কাজ শেষ করে রেলের প্রকৌশল শাখার কর্মীরা। এর পর থেকে স্বাভাবিকভাবে শুরু হয় ট্রেন চলাচল।’
আরও পড়ুন: রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
৬০৬ দিন আগে
রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
কুমিল্লায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আপন রবি দাস নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) কুমিল্লার শাসনগাছা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু
আপন রবি দাস (৪০) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের সাধু রবি দাসের ছেলে। কাজের সন্ধানে চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লায় গিয়েছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় রবি লাইনেই দাঁড়িয়ে ছিলেন।
ট্রেন থেকে হুইসেল বাজিয়ে সরে যেতে সতর্ক করা হলেও রবি দাস সরেননি। পরে ট্রেনে কাটা পড়েন রবি।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, সকালে ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন মারা গেছেন। তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু ডায়েরি লেখা হয়েছে।
আরও পড়ুন: চকরিয়া ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
৬৫৩ দিন আগে