৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিটের পাশাপাশি ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ড অবমুক্ত করা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এসব তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে সেগুলো অবমুক্ত করেন।
বাংলাদেশ ডাক বিভাগ প্রকাশিত স্মারক ডাকটিকিটটি দেশের সব ডাকঘরে বিক্রি করা হবে।
এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থান স্মরণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আগামী শনিবার সারা দেশে পালিত হবে।
গত ৫ অক্টোবর মন্ত্রিসভা দিবসটি উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করে।