বাংলাদেশি শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রের দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা মামলার বিচার শুরু
যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা মামলায় অভিযুক্ত হিশাম আবুঘারবিয়েহর (২৬) বিরুদ্ধে আদালতে তোলা হচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এই শুনানি দিন নির্ধারণ করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, আবুঘারবিয়েহর বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে দুটি পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগসহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তিনি মৃত্যুদণ্ড পেতে পারেন। তবে প্রসিকিউটররা এখনও বিষয়টি নিশ্চিত করেননি।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টার স্ট্যাটাস কনফারেন্সে তিনি উপস্থিত থাকবেন কি না, তা এখনও জানা যায়নি। পাবলিক ডিফেন্ডার জেনিফার স্প্রাডলি গতকাল (সোমবার) জানান, তারা এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না।
বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী ২৭ বছর বয়সী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি বিয়ের কথা ভাবছিলেন বলে তাদের এক স্বজন জানিয়েছেন। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। লিমনকে সর্বশেষ দেখা যায় ক্যাম্পাসের বাইরে একটি আবাসিক কমপ্লেক্সে, যেখানে তিনি আবুঘারবিয়েহ এবং আরও এক রুমমেটের সঙ্গে থাকতেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে লিমনের মরদেহ যেখান থেকে উদ্ধার করা হয়, গোয়েন্দারা মোবাইল ফোনের অবস্থান এবং লাইসেন্স প্লেট রিডার তথ্য ব্যবহার করে আবুঘারবিয়েহর গাড়ি এবং লিমনের ফোনের গতিপথ অনুসরণ করে সেই সেতু পর্যন্ত পৌঁছান।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে লিমনের দেহাবশেষে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন মেডিকেল পরীক্ষক।
অন্যদিকে, বৃষ্টিকে খুঁজে পেতে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছেন ডেপুটিরা। রবিবার (২৬ এপ্রিল) শেরিফের কার্যালয় জানায়, সেতুর কাছাকাছি একটি জলাশয় থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে সেটির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
নিখোঁজ হওয়ার কয়েকদিন পর যখন গোয়েন্দারা আবুঘারবিয়েহ এবং অপর রুমমেটকে জিজ্ঞাসাবাদ করেন, তখন তারা লক্ষ করেন আবুঘারবিয়েহর কনিষ্ঠ আঙুলে ব্যান্ডেজ বাঁধা। তবে লিমনের নিখোঁজ হওয়ার ঘটনায় কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করেন আবুঘারবিয়েহ।
লিমনের আরেক রুমমেট গোয়েন্দা পুলিশকে জানান, ১৬ এপ্রিল রাতে আবুঘারবিয়েহ একটি ট্রলি ব্যবহার করে তার কক্ষ থেকে কার্ডবোর্ডের কয়েকটি বাক্স আবর্জনা ফেলার স্থানে নিয়ে যান। সেখান থেকেই গোয়েন্দারা লিমনের মানিব্যাগ, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, ক্রেডিট কার্ড, চশমা এবং রক্তের দাগযুক্ত পোশাক উদ্ধার করেন।
পরবর্তীতে আবুঘারবিয়েহর কক্ষে তল্লাশি চালিয়ে গোয়েন্দারা রান্নাঘর থেকে তার শয়নকক্ষ পর্যন্ত রক্তের চিহ্ন দেখতে পান এবং তার কক্ষের কার্পেটে রক্তের দাগ শনাক্ত করেন। লিমনের কক্ষে তারা বৃষ্টির বিশ্ববিদ্যালয়ের আইডি এবং ক্রেডিট কার্ডও খুঁজে পান।
প্রসিকিউটরদের দাখিল করা এক প্রতিবেদনে উঠে এসেছে, নিখোঁজের কয়েকদিন আগে আবুঘারবিয়েহ চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলেন, যদি কোনো মানুষের দেহ একটি প্লাস্টিক ব্যাগে ভরে ডাম্পস্টারে ফেলে দেওয়া হয়, তাহলে কী হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটি ওই প্রশ্নটিকে বিপজ্জনক বলে মন্তব্য করে সতর্ক করেছিল।
৮ দিন আগে
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হতে পারে মালয়েশিয়ার ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর সম্ভাবনা রয়েছে। এটি কার্যকর হলে দেশের হাজারো শিক্ষার্থীর জন্য মালয়েশিয়ার ক্রমবর্ধমান অর্থনীতিতে উচ্চ দক্ষতার চাকরির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউকেএম) দেশটির উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে এ বিষয়টি উত্থাপন করেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে উপস্থিত ছিলেন আইন, বিচার, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা দিতে সম্মত হয়েছেন। তবে এই নীতি কার্যকর করতে হলে উভয়পক্ষের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ: অধ্যাপক ইউনূস
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। অন্যান্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশাধিকার পেলেও বাংলাদেশি শিক্ষার্থীরা এতদিন এ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।
২৬৬ দিন আগে
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে বিশ্ববিদ্যালয় মেলা আয়োজিত
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশি শিক্ষার্থীদের তথ্য সহায়তা দিতে বিশ্ববিদ্যালয় মেলার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। এ আয়োজনের সহায়তা করেছে অ্যাড প্রোগ্রামস।
সোমবার (২৮ অক্টোবর) ঢাকার ইএমকে সেন্টারে যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে বিশ্ববিদ্যালয় মেলার উদ্বোধন করা হয়। সেখানে সম্ভাব্য শিক্ষার্থী ও যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিলেন।
এই মেলায় যুক্তরাষ্ট্রের ১০টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সম্ভাব্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্কুল কাউন্সিলররা।
মেলায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো ছিল-
• এমব্রি-রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি
• নিউ জার্সি ইনস্টিটিউট অব টেকনোলজি
• আইওয়া স্টেট ইউনিভার্সিটি
• ইউনিভার্সিটি অব সাউথ ডাকোটা
• ইউনিভার্সিটি অ্যাট বাফেলো, দ্য স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক
• ইউনিভার্সিটি অব কানসাস
• নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি
• সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি
• ডেপাও ইউনিভার্সিটি
• ইউনিভার্সিটি অব অ্যারিজোনা
৫৫৪ দিন আগে
চীনা ভাষা শিখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতে বাংলাদেশি শিক্ষার্থীদের উৎসাহিত করলেন রাষ্ট্রদূত ইয়াও
চীনা ভাষা শিখে দু'দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ে নিজেদের নিয়োজিত করে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে শিক্ষার্থীদের উৎসাহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বাংলাদেশে কলেজ শিক্ষার্থীদের জন্য ২৩তম 'চাইনিজ ব্রিজ' ওয়ার্ল্ড চাইনিজ প্রফিসিয়েন্সি প্রতিযোগিতায় দেওয়া বক্তব্যে সাংস্কৃতিক বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে এই প্রতিযোগিতার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত ইয়াও।
আরও পড়ুন: হুয়াওয়ে আইসিটি কম্পিটিশন: গ্লোবাল রাউন্ডে অংশ নিতে চীনে বাংলাদেশ দল
শুক্রবার (৩১ মে) বাংলাদেশ সিভিল সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগীদের পুরস্কৃত করেন রাষ্ট্রদূত ইয়াও।
ঢাকার চীনা দূতাবাসের তথ্য অনুযায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষা পেশাজীবীসহ ২৪০ জনেরও বেশি মানুষ এই অনুষ্ঠান উপভোগ করেন।
প্রতিযোগিতায় কনফুসিয়াস ইনস্টিটিউটের নির্বাচিত ৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের বুশরা মুবাশ্বেরা মাহমুদ চ্যাম্পিয়ন হয়েছেন এবং চীনে ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।
বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমির রেক্টর ড. মো. ওমর ফারুক সাংস্কৃতিক উপলদ্ধি বৃদ্ধিতে এই আয়োজনের ভূমিকা তুলে ধরেন এবং চীনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
প্রতিযোগিতার রানার-আপ চীনে ফাইনাল দেখবে। অন্যান্য প্রতিযোগীরা একটি চীনা গ্রীষ্ম/শরৎকালীন প্রতিযোগিতায় অংশ নেবেন।
আরও পড়ুন: চীনের চায়ের প্রতি গভীর আসক্তি বাংলাদেশিদের
৭০৪ দিন আগে
কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশি শিক্ষার্থীরা
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীদের ওপর সহিংস জনতা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
বিশকেকে পাকিস্তানের মিশন জানিয়েছে, শুক্রবার(১৭ মে) রাতে শুরু হওয়া সহিংসতার মধ্যে বিশকেকের কয়েকটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে হামলা হয়েছে, যেখানে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীরা বসবাস করেন।
কিরগিজ সরকার জানিয়েছে, ১৭-১৮ মে রাতে বিশকেকে জনতার সহিংসতায় বেশ কয়েকজন বিদেশিসহ কমপক্ষে ২৮ জন আহত হওয়ার পর চারজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
এই সহিংসতার বিষয়ে পাকিস্তান ও ভারত কূটনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে। দেশ দুটি বিশকেকে তাদের শিক্ষার্থীদের বাড়ির ভিতরে অবস্থান করার জন্য সতর্ক করেছিল।
রেডিও ফ্রি ইউরোপ জানিয়েছে, ১৩ মে মিশরের মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে কিরগিজ ছাত্রদের বিবাদের একটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে শেয়ার হওয়ার পর এই সহিংসতা শুরু হয়।
যাদের মারধর করা হয়েছে তারা কিরগিজ যুবক বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা দাবি করার পর শুক্রবার রাতে বিশকেকের বেশ কয়েকটি স্থানে উত্তেজিত জনতা জড়ো হয়।
শনিবার বেশ কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী তাদের নিরাপত্তার জন্য ইউএনবির কাছে সহায়তা চেয়েছিলেন।
স্থানীয় সময় শনিবার(১৮ মে) এই হামলার শিকার হন দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা।
কিরগিজস্তানের ইন্টারন্যাশনাল স্কুল অব মেডিসিনের বাংলাদেশি শিক্ষার্থী সামিয়া কবির শনিবার সন্ধ্যায় ইউএনবিকে বলেন, ‘আমরা এখানে পাঁচজন বাংলাদেশি মেয়ে আছি। আমরা এখন আমাদের অ্যাপার্টমেন্টের ভিতরে আছি। আমাদের অ্যাপার্টমেন্টের সামনে কিছু লোক জড়ো হচ্ছে। দয়া করে আমাদের সাহায্য করুন।’
সামিয়া আরও বলেন, 'কর্তৃপক্ষ আমাদের ভেতরে থাকতে বলেছে। আমরা কাছাকাছি অন্যান্য অ্যাপার্টমেন্ট থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছি ... সেখানে কিছু পাকিস্তানি থাকতে পারে।’
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে বলেন, 'আমরা শিগগিরই একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন শেয়ার করব। উজবেকিস্তানে আমাদের মিশন বিষয়টি খতিয়ে দেখছে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর আমরা পাইনি। আমরা আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ রাখছি।’
আরও পড়ুন: র্যাবের ওপর নিষেধাজ্ঞা থাকছে: স্টেট ডিপার্টমেন্ট
এদিকে কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমানে বিশকেকের পরিস্থিতি 'পুরোপুরি শান্ত এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে' রয়েছে।’
নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
তারা গণমাধ্যমের প্রতিনিধি, ব্লগিং সম্প্রদায় এবং বিদেশি সহকর্মীদের শুধুমাত্র কিরগিজ প্রজাতন্ত্রের উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া সরকারি এবং যাচাইকৃত তথ্যের ভিত্তিতে খবর পরিবেশন করতে বলেছে।
আরও পড়ুন: বৈশ্বিক সমস্যার বৈশ্বিক সমাধান প্রয়োজন: অবৈধ অভিবাসন প্রতিরোধবিষয়ক ব্রিটিশ মন্ত্রী
৭১৮ দিন আগে
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির হার রেকর্ড উচ্চতায়: প্রতিবেদন
ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জের ২০২৩ সালের ওপেন ডোরস রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অব এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এবং ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ১৩ হাজার ৫৬৩ জন বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে।
যা পূর্ববর্তী শিক্ষাবর্ষের তুলনায় ২৮ শতাংশ বৃদ্ধি প্রতিনিধিত্ব করে এবং এটি বিশ্বের সর্বোচ্চ সামগ্রিক বৃদ্ধিগুলোর মধ্যে একটি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ
বাংলাদেশি শিক্ষার্থীদের এই বৃদ্ধি আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির বিস্তৃত প্রবণতার অংশ। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মোট সংখ্যা এক মিলিয়ন অতিক্রম করেছে, যা ৪ দশকের মধ্যে দ্রুততম বার্ষিক বৃদ্ধির হার।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তার প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেন, ‘উচ্চশিক্ষার জন্য আরো বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রকে বেছে নিচ্ছে দেখে আমরা উচ্ছ্বসিত।’
তিনি আরও বলেন, ‘যুগান্তকারী গবেষণায় সম্পৃক্ত হওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পাস জীবনকে সমৃদ্ধ করা পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীরা মার্কিন ক্যাম্পাসে চিত্তাকর্ষক সাফল্য অর্জন করে চলেছে।’
২০২৩ সালের ওপেন ডোরস রিপোর্টে আরও দেখা গেছে, বাংলাদেশি স্নাতক শিক্ষার্থীদের সংখ্যা ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে ২ হাজার ৫০০ শিক্ষার্থী স্নাতক (স্নাতক ও সহযোগী ডিগ্রি) অধ্যয়নে ভর্তি হয়েছেন।
প্রায় ১০ হাজার বাংলাদেশি স্নাতকোত্তর মার্কিন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, যা যুক্তরাষ্ট্রে স্নাতক শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বের সপ্তম স্থানে নিয়ে গেছে।
গত এক দশকে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ৩ হাজার ৩১৪ জন শিক্ষার্থী থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১৩ হাজার ৫৬৩ জন শিক্ষার্থীতে উন্নীত হয়েছে।
আরও পড়ুন: ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী বেড়েছে ৪.৯ শতাংশ
৯০৩ দিন আগে
ভারতের আইআইটি-তে স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের
ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি হায়দরাবাদে (আইআইটি হায়দরাবাদ) স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছেন বাংলাদেশসহ বিদেশের শিক্ষার্থীরা।
ভারতের তেলেঙ্গানার সাঙ্গারেডি জেলার কান্দি গ্রামে প্রতিষ্ঠানটির অবস্থান। প্রায় ৬০০ একর জমির ওপর গড়ে ওঠা সরকারি এ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অন্যতম পছন্দের হয়ে উঠেছে। এখানে প্রকৌশল, প্রযুক্তি, স্থাপত্য, কলা, মনোবিজ্ঞান, সাইবার নিরাপত্তা, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই), শিল্প-বিজ্ঞানসহ বিভিন্ন আধুনিক বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে।
সম্প্রতি (২০ অক্টোবর, শুক্রবার) বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দল পরিদর্শন যায় ভারতের এই প্রতিষ্ঠানটিতে। আইআইটি হায়দরাবাদ এর প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক বি এস মূর্তি এক মতবিনিময় অনুষ্ঠানে প্রেজেন্টেশনের মাধ্যমে আইআইটি হায়দরাবাদের উচ্চশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, ভারতের আইআইটিগুলোর মধ্যে আইআইটি-হায়দরাবাদ অন্যতম। বর্তমানে গোটা ভারতে তৃতীয় অবস্থানে
আইআইটি এ প্রতিষ্ঠানে বর্তমানে পড়াশোনা করছেন ৪ হাজার ২০০ শিক্ষার্থী, যার মধ্যে স্নাতক পর্যায়ে ১ হাজার ৭৬০, স্নাতকোত্তর ১ হাজার ২৮০ ও ডক্টরাল শিক্ষার্থী আছেন ১ হাজার ১৬০ জন। ভবনগুলো এমন প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে যে এসির প্রয়োজন হচ্ছে না।
আইআইটি হায়দরাবাদে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করতে সিজিপিএ ১০-এর মধ্যে ন্যূনতম ৮ লাগে জানিয়ে তিনি বলেন, ফার্স্ট স্কিমের মাধ্যমে আমরা বিদেশি শিক্ষার্থীদের পূর্ণ অর্থনৈতিক সহযোগিতাসহ পিএইচডি করার সুযোগ দিচ্ছি। ফেলোশিপ হিসেবে প্রতিমাসে শিক্ষার্থী ৬০ হাজার রুপি করে পাবেন এবং বছরে গবেষণা সহায়তা হিসেবে এক লাখ রুপি করে পাবেন। এই ফেলোশিপের মেয়াদ থাকবে চার বছর।
আরও পড়ুন: চ্যালেঞ্জ সত্ত্বেও চলতি অর্থবছরে অর্থনীতিকে কোভিড পূর্ব অবস্থায় ফেরানোর আশা সরকারের
ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি সম্পর্কিত যে কোনো বিষয়ে ভালো ফলাফলসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকলে যে কেউ এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন বলে জানান পরিচালক।
তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছি, কীভাবে দুটি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করা যায়। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীরা এ শিক্ষাপ্রতিষ্ঠানে আসুক। মেধা তালিকার ভিত্তিতে বৃত্তি দেওয়া হচ্ছে।
বি এস মূর্তি বলেন, আইআইটি হায়দরাবাদের সঙ্গে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে পড়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় আগ্রহী হলে তাদেরও সে ব্যাপারে সার্বিক সহায়তা করব আমরা। প্রয়োজনে আমরা বাংলাদেশিদের জন্য আরও বেশি সুযোগ সুবিধা বৃদ্ধি করব।
আরও পড়ুন: দেশের এভিয়েশন সেক্টরে রূপান্তরের অঙ্গীকার নিয়ে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন শনিবার
তিনি আরও জানান, অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি ও ডিকিন ইউনিভার্সিটির সঙ্গে যৌথ ডক্টরাল ডিগ্রি প্রোগ্রাম আছে আইআইটি হায়দরাবাদের। নানা সুযোগ-সুবিধার কারণে প্রতিষ্ঠানটিতে পিএইচডি শিক্ষার্থীর হার বাড়ছে। ২০২০ সালে এই প্রতিষ্ঠানে পিএইচডি করতে আসেন ২৩০ জন, পরের বছর সে সংখ্যা দাঁড়ায় ৩৭০ জনে।
মতবিনিময় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ইন্টারন্যাশনাল রিলেশন্সের ডিন প্রফেসর তরুণ কান্তি পান্ডা বলেন, আমরা বাংলাদেশের বেশি বেশি শিক্ষার্থীকে এখানে দেখতে চাই। বাংলাদেশের সঙ্গে এ শিক্ষাপ্রতিষ্ঠান কাজ করবে। নিশ্চয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যথাসম্ভব ভালো কিছু করা হবে।
আরেক প্রশ্লে তিনি বলেন, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটের সঙ্গে আমাদের প্রাতিষ্ঠানিক যোগাযোগ নেই। বাংলাদেশ থেকে কোনো প্রতিষ্ঠান যোগাযোগ করলে আমরা অবশ্যই সহযোগিতাসহ সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে চিন্তা করতে পারবো।
অধ্যাপক তরুণ কান্দি বলেন, ২৫ থেকে ৩০ হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে পারবে।
তিনি আরও বলেন, এখানে উচ্চশিক্ষার পাশাপাশি রয়েছে গবেষণার দারুণ সুযোগ। এখানকার শিক্ষার্থীরা প্রতিবছর প্রায় ১০০ স্টার্ট আপ দাঁড় করান।
আরও পড়ুন: সরকার পতনের আন্দোলন নভেম্বরেই চূড়ান্ত পর্যায়ে নিতে চায় বিএনপি
৯২২ দিন আগে
কানাডায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু: একজনের মরদেহ ঢাকায় আসবে ২৪ ফেব্রুয়ারি
কানাডার টরন্টোতে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ ২৪ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে।
শিক্ষার্থীদের পরিবারকে অবহিত ও আশ্বস্ত করা হয়েছে যে টরন্টোতে অবস্থিত হাইকমিশন ও কনস্যুলেটের সঙ্গে প্রয়োজনে অফিস সময়ের পরেও,এমনকি ছুটির দিনেও যোগাযোগ করা যেতে পারে।
শনিবার বাংলাদেশ হাইকমিশন বলেছে, কনস্যুলেট টরন্টোর দুটি ফিউনারেল হোমের (শেষকৃত্যের ঘর) সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। কারণ তারাই তিন শিক্ষার্থীর মরদেহ পরিবহনের জন্য ডেথ সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ইস্যু করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ব্যবস্থা করছে।
নিহতদের পরিবারকে আশ্বস্ত করা হয়েছে যে টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট হাসপাতাল ও শেষকৃত্যের ঘর থেকে ডেথ সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ইস্যু করবে।
আরও পড়ুন: ইবি শিক্ষকের গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
টরন্টোতে সোমবার রাতে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত ও একজন আহত হয়েছেন।
টরন্টোস্থ বাংলাদেশ কনস্যুলেট ও হাইকমিশন নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহত শিক্ষার্থীর দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করেছে।
পরিবারের পক্ষ থেকে হাইকমিশনারকে জানানো হয়, আহত শিক্ষার্থীর অবস্থা স্থিতিশীল এবং তার উন্নতি হচ্ছে।
এদিকে নিহত তিন শিক্ষার্থীর পরিবারকে আশ্বস্ত করা হয়েছে যে টরন্টোস্থ হাইকমিশন ও কনস্যুলেট নিহত শিক্ষার্থীদের মরদেহ পরিবহনে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবে।
হাইকমিশনার প্রয়োজন হলে টরন্টোতে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজারদের এই প্রক্রিয়াটি সহজতর করার পাশাপাশি টরন্টোতে আসতে ইচ্ছুক পরিবারের সদস্যদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকিটের ব্যবস্থা করার পরামর্শ দেন।
আরও পড়ুন: রাজধানীতে ক্রিকেট খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
১১৭৩ দিন আগে
কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত, আহত ১
কানাডার ডান্ডাস স্ট্রিট ওয়েস্টের ৪২৭ নম্বর মহাসড়কের দক্ষিণমুখী র্যাম্পে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তিন শিক্ষার্থী নিহত হয়েছে ও অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার রাতের দুর্ঘটনা সম্পর্কে টুইট বার্তায় অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা চারজনকেই শনাক্ত করা হয়েছে। তারা বাংলাদেশ থেকে স্টাডি পারমিট নিয়ে টরন্টোতে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, দুর্ঘটনায় ২০ বছর বয়সী এক নারী ও পুরুষ এবং ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়। চালকের আসনে থাকা আহত ২১ বছর বয়সীর অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: প্রশিক্ষণের সময় বরিশাল ক্যাডেট কলেজ শিক্ষার্থী নিহত
কানাডার সংবাদমাধ্যম সিবিসি বলেছে যে উক্ত চারজনের পরিবারকে ইতোমধ্যেই জানানো হয়েছে।
টরন্টো পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাদের ওই এলাকায় ডাকা হয় এবং বলা হয় যে একটি গাড়ি উল্টে গিয়ে তাতে আগুন ধরে যায়।
টরন্টো ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে ও আটকা পড়াদের উদ্ধার করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
প্যারামেডিকেল টিম বলেছে, দুজনকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয় এবং আরও দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ নিশ্চিত করে যে তৃতীয় ব্যক্তিও মারা গেছে।
সড়কটি খুলে দেয়া হলেও এ ঘটনায় অনুসন্ধান চলছে বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: কেমব্রিজে বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী নিহত: বিচারের দাবিতে বিক্ষোভ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত ১
১১৭৬ দিন আগে
তুরস্কে ভূমিকম্পের পর নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী
তুরস্ক ও সিরিয়ার সীমান্তে সোমবারের শক্তিশালী ভূমিকম্পে মো. গোলাম সৈয়দ রিংকু নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের এই ঘটনায় শত শত ভবন ধসে পড়েছে এবং তিন হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।
ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনস্যুল জেনারেল মোহাম্মদ নুরে আলম ইউএনবিকে বলেন, রিংকু বগুড়ার বাসিন্দা। নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে নুরকে খুঁজে পাওয়া গেছে। তবে রিংকু এখনও নিখোঁজ।
রিংকুর বন্ধুরা তাকে আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী হিসেবে উল্লেখ করলেও আর কোনো বিবরণ দিতে পারেনি।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন ইউএনবিকে জানান, আমরা আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ রাখছি।
আরও পড়ুন: তুরস্কে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প: ৩৪০০ জনের বেশি নিহত
১১৮৪ দিন আগে