নিয়োগ
সচিব পদমর্যাদায় তিন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ
সচিব পদমর্যাদায় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং ওয়াকফ প্রশাসক পদে তিনজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার (১৮ এপ্রিল) সাবেক এ আমলাদের এক বছরের জন্য নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন— এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল বাকী।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী এ কর্মকর্তাদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এসব পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
১৭ দিন আগে
১১ জেলায় নতুন ডিসি
দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (২৯ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জেলাগুলো হলো— রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।
নতুন ডিসিরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাতকে খুলনা, বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার মাদারীপুর, সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক মো. আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমানকে চাঁদপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি এম সরফরাজকে হবিগঞ্জ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায় মেহেরপুর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসচিব মুহ. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের নিজ নিজ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং জেলা প্রশাসনকে এই আদেশের অনুলিপি প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে ১১ জেলার ডিসিদের প্রত্যাহার করে পরবর্তী প্রজ্ঞাপনের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
৩৮ দিন আগে
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ
তথ্য ক্যাডারের দুইজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব নিয়োগ দিয়ে তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একই আদেশে তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে প্রেষণে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব নিয়োগ দিয়ে তার চাকরিও রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
মো. সরওয়ার আলম সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির সচিবের দায়িত্বে আছেন। এবার নতুন করে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দুইজন কর্মকর্তাকে যুক্ত করল সরকার।
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সব কর্মকর্তাকে সরিয়ে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগের প্রেস সচিব সরওয়ার আলমকে একই পদে নিয়োগ দেয়।
৪২ দিন আগে
শূন্য পদে নিয়োগে উদ্যোগ নেই, তথ্য চেয়ে জনপ্রশাসনের চিঠি
সরকারি চাকরিতে বিপুলসংখ্যক পদ খালি থাকলেও সে সব শূন্য পদে নিয়োগে কার্যকর উদ্যোগ নেই। এ অবস্থায় মন্ত্রণালয়, বিভাগ এবং অধীন দপ্তর/সংস্থাগুলোতে ৯ম থেকে ১২তম গ্রেডের নন ক্যাডার শূন্য পদে নিয়োগের তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শনিবার (১৫ মার্চ) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান, ২০২৩ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত সরকারের অনুমোদিত নন-ক্যাডার শূন্য পদের সংখ্যা প্রায় এক লাখ ৭২ হাজারটি। এরমধ্যে ৪৩তম থেকে ৪৭তম বিসিএস পর্যন্ত নন-ক্যাডার (৯ম-১২তম গ্রেড) ৬ হাজার ২৬৯টি পদে নিয়োগে ইতোমধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে অধিযাচন পাঠানো হয়েছে।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২ ডিসেম্বরের একটি স্মারকে সব মন্ত্রণালয়/বিভাগ ও অধীন দপ্তর/সংস্থার শূন্যপদ পূরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করার জন্য অনুরোধ জানানো হলেও গৃহীত পদক্ষেপ সন্তোষজনক মর্মে প্রতীয়মান হয় না।
আরও পড়ুন: বাধ্যতামূলক অবসরে ২২ ডিসি: জনপ্রশাসন মন্ত্রণালয়
‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু, বর্ণিত তথ্যমতে বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না’ বলে জানানো হয় চিঠিতে।
এ অবস্থায় ‘ছক’ মোতাবেক আগামী সাত কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংক এবং সকল মন্ত্রণালয়/বিভাগ, অধীনস্থ দপ্তর/সংস্থার নন-ক্যাডার (৯ম-১২তম গ্রেড) শূন্য পদগুলোর তথ্য (ওয়ার্ড ফাইলসহ) পাঠানোর জন্য অনুরোধ জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
৪১৬ দিন আগে
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা বাড়াতে ২০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: রিজওয়ানা
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা বাড়াতে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেছেন, ‘পিএসসির মাধ্যমে ৩ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান। এর অতিরিক্ত হিসেবে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্যে হলো গ্রামাঞ্চলের মানুষ চিকিৎসাসেবা পায় না। তাদের চিকিৎসা–সুবিধার জন্য যেন পর্যাপ্ত চিকিৎসক নিশ্চিত করা যায়, সে জন্য এ সিদ্ধান্ত।’
মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিবেশ উপদেষ্টা।
আরও পড়ুন: বাংলাদেশে সস্তায় তেল সরবরাহ করবে আরামকো: রিজওয়ানা
বৈঠকে দুটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানান রিজওয়ানা হাসান। এগুলো হলো— বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন (সংশোধন) অধ্যাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন (সংশোধন) অধ্যাদেশ।
তিনি জানান, এ পর্যন্ত উপদেষ্টা পরিষদে ১৩৫টি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮ শতাংশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
৪২৮ দিন আগে
পিএসসিতে আরও ৭ সদস্য নিয়োগ
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাত জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাদের এই নিয়োগ দিয়েছেন বলে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডা. এ টি এম ফরিদ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম পিএসসির নতুন সদস্য নিয়োগ পেয়েছেন।
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে; সেই কাল পর্যন্ত তারা সরকারি কর্মকমিশনের সদস্য পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
আরও পড়ুন: পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
নিয়োগ প্রাপ্তদের মধ্যে এ টি এম ফরিদ উদ্দীন অন্য যেকোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২ জানুয়ারি শাব্বির আহমেদ চৌধুরী, মুনির হোসেন, অধ্যাপক ড. শাহনাজ সরকারসহ মোট ছয় জন পিএসসির সদস্য নিয়োগ পেয়েছিলেন।
এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলের সুবিধাভোগী হিসেবে বিতর্ক উঠে। তাই তাদের নিয়োগ বাতিলের দাবি তোলে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। আপত্তি জানায় পিএসসির কর্মকর্তারাও। পরে ১৩ জানুয়ারি ছয় জনেরই নিয়োগ বাতিল করা হয়।
আরও পড়ুন: পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম
এখন পিএসসির সদস্য সংখ্যা হচ্ছে ১৫ জন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।
৪৪১ দিন আগে
শূন্য পৌনে ৫ লাখ পদ: নিয়োগের পদক্ষেপ নিতে নির্দেশ
বর্তমানে সরকারি চাকরিতে ৪ লাখ ৭৩০০১টি পথ শূন্য রয়েছে। এসব পদ পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনার চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী বর্তমানে সরকারের অনুমোদিত শূন্য পদের সংখ্যা ৪ লাখ ৭৩০০১টি। সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ৬৮৮টি শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আরও পড়ুন: বাজেট ২০২৪-২৫: জনপ্রশাসন মন্ত্রণালয়ে বরাদ্দ ৫ হাজার ৩৭৭ কোটি টাকা
বিপিএসসি শুধু প্রথম শ্রেণি নন-ক্যাডার এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ করে। সরকার থেকে অনুমোদিত অন্যান্য পদগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, অধীনস্ত দপ্তর/সংস্থা/কর্পোরেশন/কোম্পানি থেকে পূরণ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তবর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।’
মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসগুলোতে অনুমোদিত শূন্য পদগুলো বিধি মোতাবেক পূরণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় চিঠিতে।
শূন্যপদ পূরণে ইতোমধ্যে কী কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সেসব তথ্য ওয়ার্ড ফাইলসহ চিঠি পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৫২০ দিন আগে
৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার
দেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (৩০ অক্টোবর) উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জেলাগুলো হলো- জয়পুরহাট, রাজশাহী, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও নাটোর।
আরও পড়ুন: গাইবান্ধায় ডিসি অফিস সহায়ক পরীক্ষায় প্রক্সি, ২২ জন আটক
এরমধ্যে পরিকল্পনা বিভাগের উপপ্রধান আফরোজা আকতার চৌধুরীকে জয়পুরহাট, চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফিয়া আখতারকে রাজশাহীতে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামকে সিরাজগঞ্জে নিয়োগ দেওয়া হয়েছে।
অর্থ বিভাগের উপসচিব মো. তৌফিকুর রহমানকে কুষ্টিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামকে দিনাজপুর, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে শরীয়তপুর এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব আসমা শাহীনকে নাটোরের ডিসি করা হয়েছে।
আরও পড়ুন: বিএফআইডিসির বেদখল ১৫৫ একর জমি উদ্ধার
৫৫৩ দিন আগে
নিয়োগের এক দিনের মাথায় খাদ্য সচিবের নিয়োগ বাতিল
নিয়োগের এক দিনের মাথায় খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইলাহী দাদ খানের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে, সোমবার(৩০ সেপ্টেম্বর) খাদ্য ক্যাডারের এই অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে দুই বছরের চুক্তিতে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরও পড়ুন: সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার খবর গুজব: জনপ্রশাসন সচিব
পরে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তার এ নিয়োগ বাতিলের বিষয়টি ফোনে ইউএনবিকে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালযের সিনিয়র সচিব মোকলেস উর রহমান।
কী কারণে বাতিল হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কারণ বিস্তারিত বলা যায় না। তবে প্রশাসনিক কারণে তার চুক্তি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ইলাহী দাদ খান জেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: সব কর্মচারীকে ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে: জনপ্রশাসন সচিব
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার
৫৮২ দিন আগে
শেখ হাসিনা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারেন: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ আসামিরা বিচারের সময় লড়তে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবেন।
তিনি আশ্বস্ত করেন যে প্রসিকিউশন দল এই বিষয়ে আপত্তি উত্থাপন করবে না। নিরপেক্ষতা ও ন্যায়বিচারের স্বার্থে প্রসিকিউশন টিম যা যা করা দরকার তা করবে।
সোমবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, 'প্রসিকিউশন টিম বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছে এবং তথ্য সংগ্রহ করছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও তথ্য চাওয়া হয়েছে। আরও হাসপাতাল পরিদর্শন করা হবে।’
আরও পড়ুন: ফেনীতে ৮ হত্যা মামলায় হাসিনাসহ আসামি ৩০৩৭ জন
তদন্তের স্বার্থে জেলা, গণমাধ্যম, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানের জেলা প্রশাসকদের কাছে ভিডিও ও ছবি চেয়ে চিঠি দেওয়া হচ্ছে।
তাজুল ইসলাম বলেন, ‘বিচার প্রক্রিয়া নিয়ে যাতে কোনো সংশয় না থাকে, সেই স্বচ্ছতার সঙ্গে তদন্ত করতেই এই উদ্যোগ। ভুক্তভোগীরা গণহত্যার বিচারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এবং প্রত্যক্ষদর্শীরাও আগ্রহী। সাক্ষ্য-প্রমাণ নতুন থাকা অবস্থায় বিচার প্রক্রিয়া শুরু করার চেষ্টা চলছে।’
এই বিচারে সরকারের কোনও রাজনৈতিক অ্যাজেন্ডা নেই বলেও জোর দেন তিনি। উদ্দেশ্য একটাই, ছাত্র ও জনসাধারণের ওপর যে নৃশংসতা চালানো হয়েছে, তার বিচার পাওয়া, যেখানে কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ জড়িত থাকবে না।
আরও পড়ুন: তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাহজাহান রাজধানীতে গ্রেপ্তার
৬০৪ দিন আগে