শ্রীলঙ্কা
শ্রীলঙ্কায় নির্মাণ খাতে শ্রমিক সংকট মোকাবিলায় ১০ হাজার কর্মী প্রশিক্ষণের উদ্যোগ
শ্রীলঙ্কায় নির্মাণ খাতে শ্রমিক সংকট মোকাবিলায় দেশটির সেনাবাহিনীর মাধ্যমে ১০ হাজার নির্মাণ শ্রমিককে প্রশিক্ষণ দেওয়ার একটি কর্মসূচি শুরু করেছে সেখানকার সরকার। দেশীয় জনশক্তি তৈরির মাধ্যমে এই খাতে স্থিতিশীল কর্মসংস্থান নিশ্চিত করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) দেশটির গৃহায়ণ, নির্মাণ ও পানি পরিষেবা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, শ্রীলঙ্কায় নির্মাণ শিল্পে বর্তমানে প্রায় ৭ হাজার ৫০০টি শূন্য পদ রয়েছে। এ সংকট মোকাবিলায় শ্রীলঙ্কা সরকার প্রথমদিকে বিদেশি শ্রমিক নিয়োগের বিষয়টি ভেবেছিল। পরে দেশীয় কর্মী তৈরি করেই এই চাহিদা পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই উদ্যোগকে সফল করতে নির্মাণ কোম্পানিগুলোর সঙ্গে সরকারের আলোচনা চলছে, যাতে নির্মাণ খাতের প্রয়োজনের সঙ্গে এই প্রশিক্ষণ কার্যক্রম সামঞ্জস্যপূর্ণ হয়। পাশাপাশি, কর্তৃপক্ষ নির্মাণ শ্রমিক পেশাকে একটি স্বীকৃত পেশা হিসেবে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্যও কাজ করছে।
এই কর্মসূচি মূলত সেইসব তরুণ-তরুণীদের জন্য যারা তাদের অ্যাডভান্সড লেভেল পরীক্ষা সম্পন্ন করেছে, কিন্তু এখনও উচ্চশিক্ষা বা কোনো চাকরিতে যুক্ত হননি। কর্মসূচিতে তরুণ-তরুণীদের অন্তর্ভুক্ত করার জন্য প্রচার অভিযান চালাচ্ছে দেশটির সরকার। প্রশিক্ষণের জন্য উপযুক্ত প্রার্থী শনাক্ত করতে বাছাই প্রক্রিয়াও চলছে।
কর্তৃপক্ষ মনে করছে, কর্মসংস্থানের অনিশ্চয়তার জন্য নির্মাণ খাতে আসতে মানুষ নিরুৎসাহিত হচ্ছে। এই খাতে সাধারণত প্রকল্পভিত্তিক কাজ হওয়ায় শ্রমিকদের মাঝেমধ্যেই বেকার বসে থাকতে হয়। তবে নতুন এই উদ্যোগের মাধ্যমে শ্রমিকদের নিয়মিত বেতন ও মানসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করে নির্মণ খাতে আরও স্থিতিশীল কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, অতীতেও শ্রীলঙ্কায় নির্মাণ খাতে তীব্র শ্রমিক সংকট দেখা গেছে। তবে সাইক্লোন দিতওয়াহের পর পুনর্গঠন কার্যক্রমে বড় পরিসরে আবাসন প্রকল্প গ্রহণ করা হয়। ফলে তখন শ্রমিকের চাহিদা হঠাৎ বেড়ে যায়।
১৬ দিন আগে
জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় বুধবার ছুটি ঘোষণা, এশীয় দেশগুলোতে নানা পদক্ষেপ
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ফলে সৃষ্ট সম্ভাব্য জ্বালানি ঘাটতি মোকাবিলায় শ্রীলঙ্কা প্রতি বুধবার সরকারি প্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করেছে।
স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে বলেন, আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, তবে আমরা ভালো কিছুর প্রত্যাশা করছি।
হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় অঞ্চল থেকে এশিয়ায় প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল আসত। যুদ্ধের কারণে সেই পথ অবরুদ্ধ হয়ে পড়ায় এশিয়ার দেশগুলো জ্বালানি সাশ্রয়ে নানা পদক্ষেপ নিচ্ছে। সর্বশেষ দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শীলঙ্কাও জ্বালানি সাশ্রয়ে দেশটিতে আরও একদিন সাপ্তাহিক ছুটি বাড়াল। গত বছর এ প্রণালিটি দিয়ে প্রবাহিত তেল ও গ্যাসের প্রায় ৯০ শতাংশই এশিয়ার দেশগুলোতে আসে।
জ্বালানি সাশ্রয়ে এশিয়াজুড়ে নানা পদক্ষেপ
সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় এশিয়ার অন্যান্য দেশও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
থাইল্যান্ডে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ওপর নির্ভরতা কমাতে স্যুট ছেড়ে ছোট হাতার টি-শার্ট পরার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
এছাড়া মিয়ানমারে লাইসেন্স প্লেট নম্বরের ওপর ভিত্তি করে ব্যক্তিগত যানবাহনগুলোকে একদিন অন্তর চালানোর অনুমতি দেওয়া হয়েছে।
অপরদিকে, বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে রমজানের ছুটি এগিয়ে আনা হয়েছে। দেশজুড়ে পরিকল্পিতভাবে লোডশেডিং চালু করা হয়েছে।
ফিলিপাইনে সরকারি কর্মকর্তাদের সপ্তাহে অন্তত একদিন বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সরকারি খরচে অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ করেছেন। ক্রমবর্ধমান তেলের দামের সঙ্গে মানিয়ে নিতে মার্কোস রিকশাচালক, কৃষক এবং জেলেদের জন্য ৫০ থেকে ৮৪ ডলার নগদ সহায়তার ঘোষণাও করেছেন।
ভিয়েতনামে নাগরিকদের বেশি করে বাড়িতে অবস্থান করতে উৎসাহিত করা হচ্ছে। এছাড়া সাইকেল চালানো, গণপরিবহন ব্যবহার এবং অপ্রয়োজনে ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিত করার আহ্বান জানানো হয়েছে।
শ্রীলঙ্কার আরও কিছু পদক্ষেপ
শ্রীলঙ্কার এ নতুন চার দিনের কর্মদিবস স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে স্বাস্থ্য ও ইমিগ্রেশনের মতো জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এর আওতামুক্ত থাকবে। সরকারি অফিস যেন টানা তিন দিন বন্ধ না থাকে, সেজন্য শুক্রবারের পরিবর্তে বুধবারকে ছুটির দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে।
এছাড়া গাড়িচালকদের এখন ন্যাশনাল ফুয়েল পাসের জন্য নিবন্ধন করতে হচ্ছে। এর মাধ্যমে জ্বালানি কেনা সীমিত করা বা রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে। ব্যক্তিগত গাড়ির জন্য ১৫ লিটার এবং মোটরসাইকেলের জন্য ৫ লিটার জ্বালানি কেনা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ কোটা ব্যবস্থা অনেক লঙ্কান নাগরিকের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। ২০২২ সালে দেশটির চরম অর্থনৈতিক সংকটের সময় প্রথম এই রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছিল।
গত মাসের শেষ দিকে ইরানের ওপর হামলা শুরু হওয়ার পর থেকে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।
৫০ দিন আগে
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে থাকবেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করবেন দেশটির স্বাস্থ্য ও তথ্যমন্ত্রী ড. নালিন্দ জয়াতিসা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তিনি কলম্বো থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।
শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী আজ (সোমবার) সকালে কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস।।
হাইকমিশন বলছে, এই ঐতিহাসিক অনুষ্ঠানে শ্রীলঙ্কার মন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বিদ্যমান শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে।
নতুন মন্ত্রিসভার সদস্যরা আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একইদিন সকালে সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) তাদের শপথ পড়ানোর কথা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে।
৭৯ দিন আগে
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৩২, এখনও নিখোঁজ ১৭৬
ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’র কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরও অন্তত ১৭৬ জন এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।
দক্ষিণ এশীয় এই দ্বীপদেশটির দুর্যোগ ব্যবস্থাপনাকেন্দ্র স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) রাতে জানায়, দুর্যোগকবলিত হয়ে প্রায় ৭৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে দেখা যায়, রাতের ভূমিধসে ক্ষতিগ্রস্ত বহু এলাকায় উদ্ধারকর্মীরা এখনো পৌঁছাতে পারেনি।
গত সপ্তাহ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে রয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির আরও অবনতি হয়। মুষলধারে বৃষ্টিপাতের কারণে ঘরবাড়ি, কৃষিজমি ও সড়ক প্লাবিত হয় এবং চা বাগান-প্রধান মধ্যাঞ্চলীয় পার্বত্য জেলাগুলোতে ভূমিধস শুরু হয়। দুর্যোগের কারণে সরকার স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করে; স্থগিত করা হয় বিভিন্ন পরীক্ষা।
১৫৭ দিন আগে
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১২৩, নিখোঁজ আরও ১৩০
ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’র কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরও অন্তত ১৩০ জন এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।
দক্ষিণ এশীয় এই দ্বীপদেশটির দুর্যোগ ব্যবস্থাপনাকেন্দ্র শনিবার (২৯ নভেম্বর) জানায়, দুর্যোগকবলিত হয়ে প্রায় ৪৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে দেখা যায়, রাতের ভূমিধসে ক্ষতিগ্রস্ত বহু এলাকায় উদ্ধারকর্মীরা এখনো পৌঁছাতে পারেনি।
গত সপ্তাহ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে রয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির আরও অবনতি হয়। মুষলধারে বৃষ্টিপাতের কারণে ঘরবাড়ি, কৃষিজমি ও সড়ক প্লাবিত হয় এবং চা বাগান-প্রধান মধ্যাঞ্চলীয় পার্বত্য জেলাগুলোতে ভূমিধস শুরু হয়। দুর্যোগের কারণে সরকার স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করে; স্থগিত করা হয় বিভিন্ন পরীক্ষা।
১৫৮ দিন আগে
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৩১
শ্রীলঙ্কায় গত সপ্তাহ থেকে টানা ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্যোগের কারণে দেশটির বিভিন্ন এলাকায় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, নিহতদের মধ্যে ১৮ জনই রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে কেন্দ্রীয় প্রদেশের চা বাগান এলাকা বাদুল্লা ও নুয়ারা ইলিয়ায় ভূমিধসে প্রাণ হারিয়েছেন। ভূমিধসের কারণে এখন পর্যন্ত ওই অঞ্চলে আরও অন্তত ১৪ জন নিখোঁজ রয়েছেন।
সপ্তাহের শেষ দিকে শুরু হওয়া ভারী বর্ষণে ঘরবাড়ি, কৃষিজমি ও সড়কে বন্যার পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক জলাশয় ও নদী প্লাবিত হয়ে সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। প্লাবনের ফলে কিছু প্রাদেশিক সংযোগ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
পাহাড়ি অঞ্চলে ভূমিধসের কারণে পাথর, কাদামাটি ও গাছপালা রেললাইনের ওপর পড়ায় সেখানে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। স্থানীয় টেলিভিশনে দেখা গেছে, শ্রমিকরা লাইনের ওপর জমে থাকা মাটি-পাথরের স্তুপ সরানোর চেষ্টা করছেন। কিছু এলাকায় বন্যার পানিতে রেললাইন তলিয়ে গেছে।
আরও দেখা যায়, নৌবাহিনীর যানবাহনে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। কলম্বো থেকে প্রায় ৪১২ কিলোমিটার পূর্বে আম্পারা শহরের কাছে বন্যার স্রোতে একটি গাড়ি ভেসে যাচ্ছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, গভীর নিম্নচাপজনিত এই বৈরী আবহাওয়ার কারণে প্রায় ৪ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৬০ দিন আগে
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ৮৬ রানেই নাই ৪ উইকেট
দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টির তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ২১১ রানের বড় লিড সামনে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩০ রানে পিছিয়ে থেকে স্কোরবোর্ডে মাত্র ৮৬ রান তুলতেই সাজঘরে ফিরেছেন ৪ টাইগার ব্যাটার।প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ১৩১ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।
শুক্রবার (২৭ জুন) কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শ্রীলঙ্কার বড় লিড সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই টাইগার ওপেনার জুটি বড় করতে পারেননি। ১৯ বলে ১৯ রান করে আসিথা ফারনানদোর শিকার হয়ে ডাগ আউটে ফেরেন এনামুল হক। সঙ্গীকে হারিয়ে সাদমান ইসলামও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। পরের ওভারেই প্রবাথ জয়সুরিয়ার বলে কনকাসন সাবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৪ বলে ১২ রান করা এই টাইগার ওপেনার। এরপর ব্যাটিংয়ে নেমে মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস বড় করতে পারেননি। মুমিনুল ১৫ ও শান্ত ১৯ রান করে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফেরেন। বর্তমানে, মুশফিকুর রহিম ১৬ ও উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস ৫ রানে অপরাজিত থেকে প্রাথমিক ব্যাটিং বিপর্য সামলে উঠার চেষ্টা করছেন।
এর আগে, টপ অর্ডারে আবারও ব্যাট হাতে ঝলক দেখালেন পাথুম নিসাঙ্কা। ২৫৪ বল মোকাবিলায় ১৯টি চারের সাহায্যে তিনি করেন ১৫৮ রান। এর আগে গলে অনুষ্ঠিত প্রথম টেস্টেও ১৮৭ রান করেছিলেন তিনি। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র দিয়ে শেষ হয়েছিল।নিসাঙ্কার সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৯৪ রানের জুটি গড়েন দীনেশ চান্দিমাল, যিনি করেন ৯৩ রান। পরে কুশল মেন্ডিসের ৮৭ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস শ্রীলঙ্কার লিডকে আরও বড় করে তোলে।
আরও পড়ুন: জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি
দুপুরের সেশনে কয়েকটি উইকেট হারালেও পুরো ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল শ্রীলঙ্কার কাছেই।
বাংলাদেশের পক্ষে বাম-হাতি স্পিনার তাইজুল ইসলাম ছিলেন একমাত্র উল্লেখযোগ্য বোলার। ৪২.৫ ওভারে ১৩১ রানে ৫টি উইকেট নিয়ে তিনি দলের হয়ে লড়াই করেন। নাইম হাসান ৩ উইকেট নিলেও ধারাবাহিকতা ছিল না। পেস আক্রমণে এবাদত হোসেন ও নাহিদ রানা দুজনই ছিলেন উইকেটশূন্য।
এর আগে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। তবে বড় সংগ্রহ গড়তে পারেনি। শাদমান ইসলাম ৪৬ রান করেন। মেহেদি হাসান মিরাজ (৩১), তাইজুল ইসলাম (৩৩) ও লিটন দাস (৩৪) কিছু রান যোগ করলেও কেউই ইনিংস বড় করতে পারেননি।৮০ ওভারে ২৪৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ৩ উইকেট নেন ৫১ রানে এবং সোনাল দিনুশা ২২ রানে শিকার করেন ৩ উইকেট।
বড় লিড কাটিয়ে উঠতে এখন ব্যাট হাতে দৃঢ় প্রতিরোধ গড়ার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। ম্যাচে টিকে থাকতে প্রয়োজন বড় ইনিংস।
৩১৩ দিন আগে
বিমসটেক মহাসচিবের শ্রীলঙ্কা সফর: আঞ্চলিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত
আঞ্চলিক সংস্থা বিমসটেকের মহাসচিব ও এর প্রতিষ্ঠাতা সদস্য ইন্দ্র মণি পান্ডে শ্রীলঙ্কায় সরকারি সফর করে আঞ্চলিক উন্নয়ন ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
সাম্প্রতিক সফরকালে তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিনি আমারাসুরিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় বিমসটেকের প্রতি শ্রীলঙ্কার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ড. হরিনি। একই সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের পাশাপাশি স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা জোরদার করার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন তিনি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমসটেক ফ্রেমওয়ার্কের আওতায় এসব খাতে আঞ্চলিক সহযোগিতার নেতৃত্ব দিচ্ছে শ্রীলঙ্কা।
আরও পড়ুন: ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের মাধ্যমে বিদেশ সফর শুরু হবে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের
মহাসচিব পান্ডে শ্রীলঙ্কা সরকারের নেতৃত্বের প্রশংসা করে বলেন, শ্রীলঙ্কা কেবল তাদের নেতৃত্বাধীন খাতগুলোতেই নয়, অন্যান্য ক্ষেত্রেও আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে।’
সফরকালে তিনি শ্রীলঙ্কার বেশ কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: নয়াদিল্লিতে বিমসটেক রিট্রিটে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান
বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাতটি দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড নিয়ে বিমসটেক গঠিত।
এটি সাতটি বিস্তৃত খাতে আঞ্চলিক সহযোগিতা দিয়ে থাকে। খাতগুলো হলো— কৃষি এবং খাদ্য সুরক্ষা, কানেক্টিভিটি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, মানুষের পারস্পরিক যোগাযোগ, বিজ্ঞান-প্রযুক্তি এবং উদ্ভাবন, নিরাপত্তা এবং বাণিজ্য-বিনিয়োগ এবং উন্নয়ন।
সুনীল অর্থনীতি, পাহাড় কেন্দ্রিক অর্থনীতি, জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা, মৎস্য ও প্রাণিসম্পদ, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নসহ আটটি উপখাতে সহযোগিতাকে অন্তর্ভুক্ত করে।
আরও পড়ুন: ১৬-১৯ জুলাই ঢাকায় বিমসটেকের ৫ম বৈঠক
৪৪৯ দিন আগে
শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিভ্রাট, বানরকে দায়ী করলেন মন্ত্রী
শ্রীলঙ্কায় দেশজুড়ে ব্যাপক ব্ল্যাকআউটের জন্য একটি বানরকে দায়ী করেছেন দেশটির জ্বালানি মন্ত্রী কুমারা জায়াকোদি। রবিবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টায় সারা দেশে ব্ল্যাকআউট দেখা দেয়। এরপর বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা লেগেছিল।
বিদ্যুৎ না থাকায় দক্ষিণ এশিয়ার দেশটির ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে, এটি ছিল শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ব্ল্যাকআউটের একটি। এতে সেখানকার বহুলোককে বিদ্যুতের জন্য জেনারেটরের ওপর নির্ভর করতে হয়েছে।
একদল বানর হট্টগোল ও মারামারি করতে করতে পানাদুরা বিদ্যুৎকেন্দ্রের ওপর ঝাঁপ দেয়, তাদের মধ্য থেকে একটি এসে বিদ্যুৎ সঞ্চালন লাইনে পড়ে বলে জানিয়েছেন মন্ত্রী কুমারা জায়াকোদি।
‘একটি বানর গ্রিড ট্রান্সফর্মারের সংস্পর্শে এলে সিস্টেমে ভারসাম্যহীনতা দেখা দেয়,’ বলেন তিনি। অসুবিধার জন্য দেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন দেশটির এই জ্বালানিমন্ত্রী।
বিদ্যুৎ কেন্দ্রের একজন নিরাপত্তা প্রহরী বলেন, তিনি বিকট বিস্ফোরণ শুনতে পেয়েছেন ও আগুনের গোলা দেখতে পেয়েছেন। কিন্তু একটা বানর এমন একটা সংকট তৈরি করতে পারে বলে মনে হচ্ছে না।
‘প্রায়ই বিদ্যুৎ কেন্দ্রের ওপর বানর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তার মানে এই না যে, সে কারণে বিদ্যুৎ সংকট দেখা দেবে,’ বলেন তিনি।
আরও পড়ুন: ভারতে তীব্র তাপপ্রবাহের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, হাসপাতালগুলোতে বেড়েই চলেছে মৃতের সংখ্যা
স্থানীয় ডেইলি মিরর পত্রিকার প্রধান সম্পাদক জামিলা হুসেইন লিখেছেন, ‘একমাত্র শ্রীলঙ্কাতেই এমন ঘটনা ঘটতে পারে, যেখানে একটি একদল বানরের মধ্যে লড়াইয়ে পুরো দ্বীপে বিদ্যুৎ বিপর্যয় ঘটে।’
পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, প্রকৌশলীরা কয়েক বছর ধরেই সরকারকে এই বিষয়ে সতর্ক করে আসছেন। তারা সরকারকে জানিয়েছেন, বিদ্যুৎ গ্রিড আধুনিকীকরণ না করলে বারবার বিদ্যুৎ বিপর্যয় ঘটবে।
প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ প্রকৌশলীর ভাষ্যে, দেশটির জাতীয় বিদ্যুৎ গ্রিড এতটাই দুর্বল অবস্থায় রয়েছে যে, সামান্যতম সমস্যা থেকেও পুরো দ্বীপে বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে।
এর আগে ২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় দেশজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল।
৪৫০ দিন আগে
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে মার্ক্সবাদী দিশানায়েকের জয়
মার্কসবাদী আইন প্রণেতা অনুড়া কুমারা দিশানায়েকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন।
রবিবার তাকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
দক্ষিণ এশিয়ার দেশটিকে ব্যাপকভাবে অর্থনৈতিক ধ্বংসের দিকে ঠেলে দেওয়ায় অভিযুক্ত পুরোনো রাজনৈতিক দলকে ভোটাররা প্রত্যাখ্যান করেছে।
শ্রমিক শ্রেণির সমর্থন এবং রাজনৈতিক অভিজাতবিরোধী প্রচার তাকে তরুণদের মধ্যে জনপ্রিয় করে তুলেছিল। বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা এবং বর্তমান উদারপন্থী রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহেকে পরাজিত করে জয়লাভ করেন দিশানায়েকে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দিশানায়েকে পেয়েছেন ৫৭ লাখ ৪০ হাজার ১৭৯ ভোট এবং প্রেমাদাসা পেয়েছেন ৪৫ লাখ ৩০ হাজার ৯০২ ভোট।
দেশটির ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট এবং এর ফলে সৃষ্ট রাজনৈতিক বিপর্যয় থেকে পুনরুদ্ধারে শনিবারের নির্বাচনটি গুরুত্বপূর্ণ ছিল।
টুইটারে এক বার্তায় দিশানায়েকে বলেন, ‘এই অর্জন কোনো একক ব্যক্তির কাজের ফল নয়, বরং আপনাদের মতো কয়েক লাখ মানুষের সম্মিলিত প্রচেষ্টা। আপনাদের প্রতিশ্রুতি আমাদের এতদূর নিয়ে এসেছে। এজন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। এই জয় আমাদের সবার।’
২০২২ সালে খেলাপি হওয়ার পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পুনরুদ্ধার কর্মসূচির আওতায় শ্রীলঙ্কার ঋণ পুনর্গঠনসহ ভঙ্গুর পুনরুদ্ধারে বিক্রমাসিংহের নেতৃত্বের ওপর ভার্চুয়াল গণভোট ছিল এই নির্বাচন।
৫৫ বছর বয়সি দিশানায়েকে বলেন, কৃচ্ছ্রসাধনের পদক্ষেপকে আরও সহনীয় করতে তিনি আইএমএফ চুক্তি নিয়ে নতুন করে আলোচনা করবেন। বিক্রমাসিংহে সতর্ক করে বলেছিলেন, চুক্তির মৌলিক বিষয়গুলো পরিবর্তন করার যেকোনো পদক্ষেপ প্রায় ৩ বিলিয়ন ডলারের চতুর্থ কিস্তি প্রকাশ করতে বিলম্ব করতে পারে; যা স্থিতিশীলতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।
এটি দিশানায়েকের শক্তিশালী উত্থান। এর আগে ২০১৯ সালে পূর্ববর্তী রাষ্ট্রপতি নির্বাচনে মাত্র ৩ শতাংশ ভোট পেয়েছিলেন।
দিসানায়েকের ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের নেতৃত্বে রয়েছে জনতা বিমুক্তি পেরামুনা বা পিপলস লিবারেশন ফ্রন্ট। এটি মার্কসবাদী দল যা সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখলের জন্য ১৯৭০ ও ১৯৮০ এর দশকে দুটি সশস্ত্র বিদ্রোহ করে ব্যর্থ হয়েছিল। পরাজয়ের পরে, জেভিপি ১৯৯৪ সালে গণতান্ত্রিক রাজনীতিতে প্রবেশ করে এবং বেশিরভাগ সময় বিরোধী দলের মূল ভূমিকা পালন করে।
এনপিপি গ্রুপিংয়ে শিক্ষাবিদ, নাগরিক সমাজের আন্দোলন, শিল্পী, আইনজীবী ও শিক্ষার্থীরাও রয়েছেন।
দিশানায়েকে ২০০০ সালে প্রথম সংসদে নির্বাচিত হয়েছিলেন এবং তৎকালীন প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার অধীনে সংক্ষিপ্তভাবে কৃষি ও সেচমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
তিনি ২০১৯ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং গোতাবায়া রাজাপাকসের কাছে হেরে যান। রাজপাকসে দুই বছর পরে অর্থনৈতিক সংকটের কারণে প্রকাশ্য বিক্ষোভে ক্ষমতাচ্যুত হন।
বিক্রমাসিংহের পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি দিশানায়েককে অভিনন্দন জানিয়েছেন। তিনি ‘স্বচ্ছতা, সততা ও দেশের দীর্ঘমেয়াদি মঙ্গলের প্রতিশ্রুতি নিয়ে’ নেতৃত্ব দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাবরি।
৫৯০ দিন আগে