বাস দুর্ঘটনা
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার মালেক বাজার নামক এলাকায় পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতি নিয়ে ওয়েলকাম পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে যায়। এ সময় ইমাদ পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে বাসটি ফেলে দেন। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
৬ দিন আগে
নেপালে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে ৭ ভারতীয় তীর্থযাত্রী নিহত
নেপালের মধ্যাঞ্চলে ভারতীয় তীর্থযাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বাস পাহাড়ি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
শনিবার (১৪ মার্চ) দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে শহিদ লাখান গ্রামের কাছে মহাসড়ক থেকে মন্দিরে যাওয়ার একটি সড়কে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত সাতজনই ভারতীয় তীর্থযাত্রী। বাসে থাকা আরও সাতজন ভারতীয় তীর্থযাত্রী আহত হয়ে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত অন্য দুজন হলেন নেপালি বাসচালক ও তার সহকারী।
নেপালের জনপ্রিয় হিন্দু ধর্মীয় তীর্থস্থান মনোকামনা মন্দির দর্শন শেষে ফেরার পথে ছিলেন তীর্থযাত্রীরা। ভক্তদের বিশ্বাস, ওই মন্দিরে গেলে দেবী তাদের মনোবাসনা পূরণ করেন।
পুলিশ জানায়, বাসটি ঢালু পথে নামার সময় একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে এবং প্রায় ১৫০ মিটার নিচে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে একটি খাদে গিয়ে পড়ে।
ঘটনার পর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে পাঠান।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নেপালে প্রায়ই বাস দুর্ঘটনা ঘটে। গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাগমতি প্রদেশের ধাদিং জেলার পৃথ্বী মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও অন্তত ২৬ জন আহত হন।
কাঠমান্ডু থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে ধাদিংয়ের বেনিঘাট রোরাং গ্রামীণ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌরাউন্ডির কাছে চিনাধারা এলাকায় পৌঁছে মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। এরপর সেটি খাদের তলদেশে ত্রিশুলী নদীতে গিয়ে পড়ে।
৫২ দিন আগে
যশোরে বরযাত্রীবাহী বাস খাদে, ১২ জন আহত
যশোরের চৌগাছায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার টেঙ্গরপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন বাথানগাছী গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীবাহী বাসটি অভয়নগরের উদ্দেশে ফিরছিল। পথের মাঝে উপজেলার টেঙ্গরপুর মোড় পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ১২জন যাত্রী আহত হয়েছেন।
আহতরা হলেন— অভয়নগরের শংকরপাশা গ্রামের আপন বিশ্বাস, নিমাই রায় (৮০), বিকাশ (৩৮), নয়ন (২৬), সাধন কুমার (৫০), গৌর বিশ্বাস (৪৫), চন্দ্রা (২২), শ্রাবণী (১৮), পারুল হাজরা (৪৮) ও প্রীতি (১৭)। এছাড়া আহত হয়েছেন সদর উপজেলার হামিদপুর গ্রামের সুদীপ্ত সরকার (১৭) এবং মাগুরা সদরের কয়ারী গ্রামের হৃদয় অধিকারী (১৮)।
দুর্ঘটনার পর বাসের অন্য যাত্রী ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান স্থানীয়রা।
হাসপাতাল সূত্র জানায়, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
১০২ দিন আগে
লক্ষ্মীপুরে বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৫
লক্ষ্মীপুরে ‘আনন্দ পরিবহন’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে মোট পাঁচজনে দাঁড়িয়েছে।
এ ছাড়া এই ঘটনায় আরও অন্তত ২০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কার কথা জানিয়েছে পুলিশ।
উপজেলার চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে আজ (শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে মোট পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন— সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর এলাকার মোরশেদ আলম (৫০), জয়নাল আবেদিন (৫৪) ও নওগাঁর আফসার উদ্দিনের ছেলে হুমায়ুন রশিদ (৪০), রিপন হোসেন (৩৫) এবং মাজেদ হোসেন (৩৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে নোয়াখালী চৌমুহনী থেকে ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল বাসটি। সকাল সাড় ৮টায় চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে এসে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে চন্দ্রগঞ্জ থানাপুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়। এরপর বাসের ভেতর থেকে মোরশেদ আলম, জয়নাল আবেদিন ও হুমায়ুন রশিদ নামের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর রিপন ও মাজেদ নামের দুজন প্রাণ হারান।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটি উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে লক্ষ্মীপুরে নিহত ২, আহত ১৫
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান বলেন, ‘বেপোরায়া গতির কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।’
ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
২৪২ দিন আগে
দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচ বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
শনিবার (১৪ জুন) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাবিল পরিবহন বাসের সুপার ভাইজার নওগাঁ সদর উপজেলার পারশিকারপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা সদর কে-কে বাড়ি এলাকার হাসেম আলীর মেয়ে তামান্না আক্তার, পঞ্চগড় জেলা সদরের আব্দুল খালেকের ছেলে সেনাবাহিনী সদস্য এরশাদ আলী, ঠাকুরগাঁওয়ের ভূল্লি উপজেলার বড়বালিয়া গ্রামের তারিকুল ইসলামের ছেলে আরিফ ইসলাম এবং ঢাকার সাভার উপজেলার রাশেদ ভুইয়ার ছেলে কিবরিয়া ভুইয়া।
ঘোড়াঘাটের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নূরজাহানপুর এলাকায় টায়ার পাংচার হওয়ায় বালুবাহী একটি ট্রাক রাস্তার ওপর দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি কোচ ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আটজনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: পদ্মা সেতুতে দুর্ঘটনায় নিহত ২, পৌনে ২ ঘণ্টা পর যান চলাচল শুরু
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। এরপর আহত অন্তত ১৫ জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ ব্যাপারে থানায় মামলা করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
৩২৬ দিন আগে
কুমিল্লার চান্দিনায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৫
ঈদের দ্বিতীয় দিন কুমিল্লার চান্দিনায় তিশা ট্রান্সপোর্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লেগে তিনজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় পালকি সিনেমা হল সংলগ্ন ইন্দ্রারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে তিনজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত সকলেই পুরুষ।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও ২৫ জন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বাহারুল ইসলাম জানান, ঘটনাস্থলেই একজন নিহত ও হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যায়।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুবল দেবনাথ বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’
ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— বাসটি ব্রেক ফেল করার কারণে দুর্ঘটনা ঘটেছে। অতিরিক্ত গতি থাকার ফলে এতসংখ্যক মানুষ হতাহত হয়েছে।’
৩৯৯ দিন আগে
কুমিল্লায় বাস দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ঘাংরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন, এছাড়া আরও অন্তত ১০ জন আহত হন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মিয়ারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে।’
৫০৬ দিন আগে
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত, আহত ২০
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে সদরের মল্লিকপুরে করিমপুর জোড়া সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এসময় আহত হয়েছেন ২০ জনেরও বেশি। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন জানান, ঢাকার আব্দুল্লাপুর থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী গ্রীন এক্সপ্রেস বাসের সঙ্গে সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহন বাসের মুখোমুখি এ সংঘর্ষ হয়।
নিহতদের সবাই খাগড়াছড়ি পরিবহনের যাত্রী ছিল।
করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী জানান, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়।
দুর্ঘটনায় জড়িত বাস দুটি করিমপুর হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: গাইবান্ধায় বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু
৫৬৮ দিন আগে
মালির মধ্যাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত ৪৮
আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ৪৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মালির পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে মধ্য মালির উয়ানের ৬ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মৌরিতানিয়ায় সাগরের উপকূল থেকে ৮৯ অভিবাসীর লাশ উদ্ধার
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘনায় এক চালকের মৃত্যু হয়েছে।
বেপরোয়াভাবে গাড়ি চালানো ও দ্রুত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: গ্রীষ্মমণ্ডলীয় ‘ঘূর্ণিঝড় ফ্রেডি’ সবচেয়ে দীর্ঘ ছিল: জাতিসংঘের আবহাওয়া সংস্থা
৬৪৮ দিন আগে
থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১৪
থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, রাজধানী ব্যাংকক থেকে দক্ষিণের সংখলা প্রদেশের দিকে যাওয়ার পথে প্রাচুয়াপ খিরি খান প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। ৪৯ জনকে বহনকারী বাসটি হাট ওয়ানাকর্ন জাতীয় উদ্যানের কাছে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
প্রাচুয়াপ খিরি খান প্রদেশ থাইল্যান্ড উপসাগর ও মিয়ানমার উপসাগরের মধ্যবর্তী একটি উপকূলীয় অঞ্চলে অবস্থিত।
হুয়ে ইয়াং পুলিশ স্টেশনের সুপারিনটেনডেন্ট উইরাপাট কেতেসা বলেন, ‘আমরা ধারণা করছি, চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া চালকের রক্ত পরীক্ষার ফলাফলের জন্য কর্মকর্তারা অপেক্ষা করছেন।’
তিনি আরও বলেন, কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহতদের অধিকাংশই থাই এবং কয়েকজন বার্মিজ।
সাওয়াং রুংরুয়েং রেসকিউ ফাউন্ডেশন জানিয়েছে, আহত ৩৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ফের নিহত ২
পাকিস্তানের উত্তরাঞ্চলে যাত্রীবাহী বাসে গুলি, নিহত ৯
৮৮৩ দিন আগে