লেক
গুলশান, বনানীসহ ৫ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি এলাকার লেকগুলোর দূষণ রোধ এবং পরিবেশের উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লেকগুলোতে পয়ঃবর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, পয়ঃশোধনাগার বা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সেগুলোর সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ধানমণ্ডি লেকের সংস্কার, স্লাজ অপসারণ ও পাইলট প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে জানানো হয়, গুলশান লেকে পয়ঃবর্জ্য ও দূষিত পানি প্রবেশের উৎস ও মাধ্যম হিসেবে ছয়টি প্রাইমারি এবং ছয়টি সেকেন্ডারি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে।
সমস্যা সমাধানে গঠিত একটি কারিগরি কমিটি প্রধানমন্ত্রীর কাছে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সুপারিশ উপস্থাপন করে।
লেকে পয়ঃবর্জ্য প্রবেশের সব পথ বন্ধ করা, ভবনভিত্তিক এসটিপি স্থাপন ও বিদ্যমান পয়ঃনিষ্কাশন নেটওয়ার্কের বিস্তারিত জরিপের ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
গুলশান-বনানী এলাকায় শর্তসাপেক্ষে পয়ঃনিষ্কাশন বিল আদায় এবং পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে ক্যাচমেন্ট এলাকা বা পানি সংগ্রহের জন্য এলাকা গড়ে তোলার সুপারিশও করা হয়।
লেক পরিষ্কারের কার্যক্রম জোরদার করতে ভাসমান বর্জ্য অপসারণে ব্যবহৃত যান্ত্রিক নৌকার সংখ্যা দুটি থেকে বাড়িয়ে ১০টিতে উন্নীত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি লেকের তলদেশে জমে থাকা স্লাজ ভাসমান এক্সক্যাভেটরের মাধ্যমে অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেন।
ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৫-এর আওতায় প্রযোজ্য ভবনগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে এসটিপি স্থাপন নিশ্চিত করার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর পয়ঃনিষ্কাশন লাইন সরাসরি বৃষ্টির পানির ড্রেন বা লেকের সঙ্গে যুক্ত কি না, তা শনাক্ত করতে এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনকে যৌথভাবে কাজ করার সুপারিশ করা হয়।
লেকের পানিতে অক্সিজেনের মাত্রা বাড়ানোর যন্ত্র বা এরেটর স্থাপন, দুর্গন্ধ দূর করতে জৈবিক ও রাসায়নিক পদ্ধতির সমন্বিত প্রয়োগ এবং দীর্ঘমেয়াদি স্যানিটেশন নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হয়।
রাজউকের আওতাধীন লেকগুলোর সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সার্বিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে ৪২ জন জনবল নিয়ে গঠিত পাঁচটি বিশেষ টিম ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে বলেও জানানো হয়।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২ দিন আগে
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকে গোসলে নেমে পানিতে ডুবে আশরাফুল (১৬) ও জিহাদ (১৫) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ মে) ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
নিহত আশরাফুল ও জিহাদ রাজধানীর মিরপুর-১১ নম্বর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন বলেন, বিকালে ওই দুই বন্ধুসহ পাঁচ বন্ধু ১০ নম্বর সেতুর পাশে দিয়াবাড়ি এলাকায় লেকে গোসল করতে যায়।
তিনি আরও বরেন, তাদের মধ্যে দুইজন লেকে গোসল করতে নেমে নিখোঁজ হন। খবর পেয়ে স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে বিকাল ৩টা ৩৬ মিনিটে লাশ দুইটি উদ্ধার করে।
আরও পড়ুন: আড়াইহাজারে ২ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ
৮৬৮ দিন আগে
ধানমন্ডি লেক থেকে শিশুর লাশ উদ্ধার
রাজধানীর ধানমন্ডি এলাকার একটি লেক থেকে শনিবার ১২ বছরের অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ বিন কাশেম জানান, স্থানীয় লোকজন ৭ নম্বর সড়কের পাশে লেকে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল সকাল ৭টার দিকে লাশ উদ্ধার করে।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লেকের কাছে কালো শার্ট ও এক জোড়া জুতা পাওয়ায় ছেলেটি হয়তো লেকে গোসল করতে গিয়েছিল বলে সন্দেহ করছে পুলিশ।
ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান এসআই কাশেম।
আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
রাজধানীর শাহবাগ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
১২০৪ দিন আগে
৯৯৯ এ কল: কাপ্তাই লেক থেকে ৭ পর্যটক উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে রাঙ্গামাটির কাপ্তাই লেকে আটকে পড়া ইঞ্জিন বোটের এক পর্যটকের ফোন কলে নারী ও শিশু সহ সাত পর্যটককে উদ্ধার করেছে রাঙ্গামাটি সদর নৌ-পুলিশ ফাঁড়ি।
রাজধানীর ধানমন্ডির অধিবাসী সানজিদ আহমেদ ও তার পরিবারের দুই নারী ও এক শিশু সহ মোট সাত জন রাঙ্গামাটি ভ্রমণে যান। বৃহষ্পতিবার তারা ইঞ্জিন বোটে কাপ্তাই লেক ভ্রমণে বের হয়ে কোতোয়ালি থানাধীন বালুখালিতে লেকের বিশাল কচুরিপানার ঝাঁকের আটকা পড়েন।
কচুরিপানার মধ্যেই নৌকার প্রপেলারের পাখা ভেঙে যায়। ফলে অসহায়ের অবস্থায় কচুরিপানার ঝাঁকের মধ্যে আটকে ছিলেন কয়েক ঘণ্টা। শেষে কোনও উপায় না পেয়ে দুপুর পৌনে একটায় সানজিদ আহমেদ ৯৯৯ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের অনুরোধ করেন।
আরও পড়ুন: জরুরি সেবা ৯৯৯: সমুদ্রে বিকল নৌযান থেকে উদ্ধার ১৫
৯৯৯ জরুরি সেবা তাৎক্ষণিকভাবে নৌ-পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে এবং রাঙ্গামাটি সদর নৌ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। ৯৯৯ পুলিশ ডিসপ্যাচার এস.আই. দীপন কুমার এবং এ.এস.আই মিল্টন বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট নৌ পুলিশ ফাঁড়ি এবং কলারের সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে শুরু করেন।
সংবাদ পেয়ে রাঙ্গামাটি সদর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জনাব রাসেল মিয়া এবং এ.এস.আই নাজমুল সহ একটি দল উদ্ধার অভিযানে পরিচালনা করেন। দুপুর দেড়টা থেকে কয়েক ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে বিশাল কচুরিপানার ঝাঁক ভেদ করে সন্ধ্যার দিকে পর্যটকদের নিরাপদে উদ্ধার করে পলওয়েল কটেজে পৌঁছে দেয়া হয়।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: নাফ নদী থেকে ৩৮ পর্যটক উদ্ধার
উল্লেখ্য, এর আগে গত ৭ সেপ্টেম্বর অপর একটি পর্যটক দল কাপ্তাই লেকে আটকে পড়ে ৯৯৯-এ ফোন করে সহায়তা পেয়েছিলেন।
১৮৩৫ দিন আগে
ঘুরে আসুন মহামায়া, উপভোগ করুন প্রকৃতির সৌন্দর্য
নগর জীবনের কোলাহল থেকে কিছুটা দূরে চট্টগ্রামের প্রবেশদ্বার খ্যাত মিরসরাই উপজেলা। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থিত সেই উপজেলার ছোট্ট একটি বাজারের নাম ঠাকুর দীঘি। বাজার ঘেঁষে সামান্য দক্ষিণ-পূর্ব দিকে প্রায় এক কিলোমিটার ভিতরে পাহাড় ঘেঁষে মহামায়া লেকের অবস্থান।
যেই মহামায়া একসময় ছিল অভিশাপ সেই মহামায়া আজ এলাকাবাসীর জন্য আর্শীবাদ। কোন একসময় মহামায়া নিয়ে দ্বন্দ্বে কয়েক ইউনিয়ের কয়েকজন মানুষের জীবন প্রদীপ নিভে যায়। সে অনেক আগের কথা। সেসবই এখন কেবল ইতিহাস। সুষ্ঠ পরিকল্পনা যে একটি এলাকার তথা জনপদের জীবনমান বদলে দিতে পারে তার এক অনন্য উদাহরণ প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত পাহাড় ও লেক পরিবেষ্টিত মহামায়া। মহামায়া আজ রুচিশীল ও ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। মহাময়ার প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্য যে কোন ভ্রমণ পিপাসু মানুষকে নিয়ে যাবে তার স্বপ্নের জগতে।
প্রায় ১১ বর্গ কিলোমিটার দীর্ঘ এই মহামায়া। লেকের পূর্ব দিক পাহাড় পরিবেষ্টিত। পাহাড় ঘেঁষে রয়েছে একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক ঝর্ণা যা এখানে ঘুরতে আসা মানুষের অন্যতম প্রধান আকর্ষণ। আঁকাবাঁকা লেকের স্বচ্ছ সবুজ জলধারা দেখলে মনে হবে কোনো শিল্পীর সুনিপুণ হাতের কারুকাজ। লেকের পানিকে ধরে রাখার জন্য রয়েছে কৃত্রিম রাবার ড্যাম। যাতে পানির তীব্র স্রোত জনজীবনের কোনো ধরনের ক্ষতি করতে না পারে। দিনে দিনে মহামায়া হয়ে উঠছে আকর্ষণীয় ও জমজমাট পিকনিক স্পট। প্রতিদিন দেশের দূর-দূরান্ত থেকে লোকজন এখানে বেড়াতে আসে।
তাদেরই একজন ঢাকা থেকে আসা মাকসুদ-অহনা দম্পতি। মাস তিনেক আগে তাদের বিয়ে হয়েছে। মধ্যবিত্ত পরিবার। দুজন- দুজনকে বুঝার জন্য দেশের ভিতর সুন্দর ও দৃষ্টি-নন্দন পর্যটন অঞ্চল মনে মনে মাকসুদ খুঁজছিলেন। অফিস সহকর্মী সোহরাব তাদের চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত মহাময়ার সন্ধান দিলেন। কালবিলম্ব না করে নতুন দম্পতি মহামায়াতে চলে আসলেন। নতুন দম্পতি এখানকার প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্য উপভোগ করে ভীষণভাবে খুশি। তাদের সাথে আলাপে এসব তথ্য জানা যায়। সময় ও সুযোগ হলে তারা ভবিষ্যতে আবার এই মহামায়াতে ঘুরতে আসবেন বলে জানান।
চট্টগ্রামের হাটহাজারী থেকে আবদুর রহমান এসেছেন স্বপরিবারে। ছেলে-মেয়ে, ছেলের বউ, নাতি-নাতনি নিয়ে তিনি এখানে ঘুরতে এসেছেন।
এখানকার কথা জিজ্ঞেস করতে তিনি তৃপ্তির হাসি দিয়ে বললেন, মহামায়া যে এত সুন্দর এখানে না আসলে উপলব্ধি করতে পারতাম না।
আরও পড়ুন: মেঘের রাজ্য সাজেকে স্বপ্ন ছোঁয়ার একদিন
তিনি বলেন, মহামায়ায় এসে এখানকার মায়ায় পড়ে গেলাম।
মহামায়া লেকে ঘুরার জন্য রয়েছে ইঞ্জিনচালিত ছোট বড় অসংখ্য বোট। ছোট সাইজের বোট ঘণ্টায় ৮০০ টোকা থেকে ১ হাজার টাকা। ৮-১০জন লোক উঠা যাবে। বড় সাইজের ২০-২৫ জন লোকের ধারণ ক্ষমতাসম্পন্ন বোট ঘন্টায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত নিবে।
প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী দেশের প্রত্যন্ত অঞ্চল হতে এখানে ভিড় জমায়। বছরে দুই ঈদসহ বিভিন্ন উৎসবের দিনগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কোথাও তিল ধারনের জায়গা খালি থাকে না। এখানে বেড়াতে আসা লোকজনের কথা মাথায় রেখে কর্তৃপক্ষ মহামায়ার ভেতরে ও বাহিরে খাবার হোটেলের ব্যবস্থা রেখেছেন। এখানকার হোটেলগুলো পরিচ্ছন্ন। দাম তুলনামূলক কম। পিকনিকে ঘুরতে আসা মানুষের গাড়ি রাখার জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। টিকিট কেটে লেকের ভেতরে ঢুকতে হয়। শীতের পুরো সময়টাতে ভ্রমণ পিপাসু লোকদের ভীড় লেগেই থাকে। এক কথায় নিরিবিলি সময় কাটানোর জন্য মহামায়া হয়ে উঠছে আকর্ষণীয় স্থান।
মহামায়াতে রয়েছে একটি সেচ প্রকল্প। তিনটি ইউনিয়নের বিশাল জনগোষ্ঠী সেচ প্রকল্পের সুবিধা গ্রহণ করে।
উপজেলা কৃষি কর্মকর্তা রঘু নাথ জানান, এখানকার লোকজন সেচ প্রকল্পের সুবিধা গ্রহণ করে প্রায় ২০ হাজার হেক্টর জমি আবাদ করে থাকে। যেই মহামায়া একসময় মানুষের জন্য অভিশাপ ছিল, লেকে বাঁধ দেয়ার কারণে সেই মহামায়া আজ মানুষের জন্য আশীর্বাদে পরিণত হয়েছে।
সেচ প্রকল্পের সুবিধাভোগী ঘড়িয়াইশ গ্রামের জয়নাল জানান, আগে শুকনো মৌসুমে আমরা চাষাবাদ করতে পারতাম না। ড্যাম হওয়ার কারণে লেকের পানি ধরে রেখে আজ আমরা চাষাবাদ করতে পারছি। আগে বর্ষাকালে লেকের পানিতে বিশাল এলাকা তলিয়ে যেত কিন্তু ড্যাম হওয়ার কারণে এখন আর ওইসব এলাকা প্লাবিত হয় না।
স্থানীয় উপজেলা চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন জানান, মহামায়া ছিল গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মহোদয়ের স্বপ্নের প্রকল্প। আজ সে স্বপ্ন বাস্তবায়ন হতে চলছে।
৮নং ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব বলেন, মানুষের কথা মাথায় রেখে এখানে সকল নাগরিক সুবিধার ব্যবস্থা করা হয়েছে। ধীরে ধীরে এই সুবিধা আরও বৃদ্ধি করা হবে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে পর্যটকদের ঢল
তিনি বলেন, এই মহামায়া ইজারা দিয়ে সরকার প্রতি বছর বিরাট অংকের রাজস্ব পেয়ে থাকে, যা দেশের অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখে।
এক কথায় মহামায়া ভ্রমণের জন্য অপূর্ব স্থান। সরকার যদি এই মহামায়ার প্রতি সুনজর দেয় অথবা বেসরকারি কোনো উদ্যোক্তা এগিয়ে এলে মহামায়া হয়ে উঠবে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র যা দেশের অর্থনীতির গতি তরান্বিত করার ক্ষেত্রে বিশাল অবদান রাখবে।
১৯৭৩ দিন আগে