বরিশাল
বরিশালে যাত্রীবাহী বাস পুকুরে, একজনের মরদেহ উদ্ধার
বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় আব্দুল মালেক (৫৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক বানারীপাড়া উপজেলার বাইশারী হাই স্কুল-সংলগ্ন এলাকার বাসিন্দা।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের দিকে যাচ্ছিল। পথে গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় বাসের অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের কাজ শুরু করেছেন বলে জানান ওসি।
১২ ঘণ্টা আগে
আগামী এপ্রিলে বরিশালে ক্যান্সার হাসপাতাল চালুর লক্ষ্য রয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী
আগামী বছরের এপ্রিলে বরিশালে ক্যান্সার হাসপাতাল চালুর লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যে আয়োজিত বিশেষ সভায় তিনি এ কথা জানান।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, ‘বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার জন্য এই সভা করা হয়েছে। আমরা দেখলাম, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও আগের চেয়ে আরও ভালো কাজ করছে।’
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী বছরের এপ্রিলে বরিশালে ক্যান্সার হাসপাতাল চালুর লক্ষ্য রয়েছে। আর ডিসেম্বরের মধ্যে নভোথিয়েটারের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
সোহেল মঞ্জুর বলেন, অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজও গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে। এরই মধ্যে তিনি পাঁচটি প্রকল্প পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে কথা বলেছেন। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের কালক্ষেপণ বরদাশত করা হবে না বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো ধরনের কালক্ষেপণ হবে না। প্রতিটি কাজের গুণগত মান যেন ঠিক থাকে, সে বিষয়ে আমরা সজাগ আছি।’
সভায় দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নকাজের মান নিয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি এবং উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন।
এছাড়া বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও বিভাগের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মহানগর ও জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা সভায় অংশ নেন।
২ দিন আগে
ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় ২ মোটরসাইকেলচালক নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এছাড়া একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় শারমিন ক্লিনিকের সামনে আরাফাত রহমান বাবু (৩২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হন। এ ঘটনায় আসাদুল ইসলাম (৩১) নামে এক মোটরসাইকেলআরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত আরাফাত গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। এ ঘটনায় আহত আসাদুল ইসলামও আশোকাঠী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী তাজবী পরিবহন দুর্ঘটনাস্থলের স্পিড ব্রেকার অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি সজোরে বাসটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলের চালক ও আরোহী দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আরাফাত রহমান বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান তুরাগ (৩২) নামে অপর এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
নিহত মেহেদী বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে ও বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতির ছোট ভাই।
মেহেদীর সঙ্গে থাকা বন্ধু তরিকুল ইসলাম জানিয়েছেন, রাতে তারা চার বন্ধু দুইটি মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বাবুগঞ্জের নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। পথে গৌরনদীর কটকস্থল এলাকায় পৌঁছালে মেহেদীর চালানো মোটরসাইকেলটি মহাসড়কের মাঝখানে থাকা খাদে পড়ে যায়। এ সময় তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানিয়েছেন, আজকের (শুক্রবার) দুর্ঘটনাকবলিত যান দুটি আটক করা হয়েছে। পাশাপাশি গতকাল (বৃহস্পতিবার) রাতের দুর্ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। উভয় ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
৮ দিন আগে
বরিশালে ময়লার স্তূপে পাশাপাশি পড়ে ছিল দুই নবজাতকের মরদেহ
বরিশাল নগরীর একটি ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তাদের একজন ছেলে ও অন্যজন মেয়ে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডের গফুর সড়কের বিপরীতে নতুন বাজার ফরেস্ট অফিস-সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন বলেন, প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করার সময় তিনি দুটি প্লাস্টিকের বাটি দেখতে পান। কাছে গিয়ে বাটির ভেতরে দুই নবজাতকের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাশাপাশি পড়ে থাকা দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, নতুন বাজার ও এর আশপাশে একাধিক বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান রয়েছে। তাদের ধারণা, কোনো একটি চিকিৎসাপ্রতিষ্ঠান থেকে ময়লা-আবর্জনার সঙ্গে নবজাতক দুটির মরদেহ ওই স্থানে এসে থাকতে পারে।
কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম বলেন, খবর পাওয়ার সময় পুলিশের একটি দল ওই এলাকায় টহলে ছিল। বিষয়টি জানার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে খবর দেওয়া হলে নবজাতক দুটির মরদেহ সেখানে নেওয়া হয়।
নবজাতক দুটির পরিচয় এবং কীভাবে তাদের মরদেহ ময়লার স্তূপে এল, তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
১০ দিন আগে
বরিশাল থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ
বরিশালে মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারের সামনে থেকে থ্রি-হুইলারে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বাস চলাচল বন্ধ করে রেখেছেন বাস মালিক ও শ্রমিকরা। এতে বরিশাল ও কুয়াকাটার সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।
আজ (সোমবার) সকাল ১০টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক ও চালকদের সঙ্গে অভ্যন্তরীণ রুটের বাসের শ্রমিকদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তা উত্তেজনাকর পরিস্থিতিতে রূপ নেয়।
বাস শ্রমিকদের অভিযোগ, শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক ও শ্রমিকরা প্রভাব বিস্তার করে প্রায় ২০টি যাত্রীবাহী বাস আটকে রাখেন। খবর পেয়ে বরিশাল বাস মালিক গ্রুপের নেতারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও দুপুর পর্যন্ত কোনো সমাধান হয়নি।
এরপর বরিশাল বাস মালিক ও শ্রমিক নেতারা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন। ফলে টার্মিনালে এসে অনেক যাত্রীকে ফিরে যেতে হয়েছে। কেউ কেউ বিকল্প যানবাহনের জন্য অপেক্ষা করছেন। এতে গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বাস মালিক ও শ্রমিকদের দাবি, মহাসড়কে চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার অবাধে চলাচলের কারণে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। বিভিন্ন বাস কাউন্টারের সামনে থ্রি-হুইলার দাঁড় করিয়ে যাত্রী ওঠানোয় বাস চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে মহাসড়কে এসব যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
বাস মালিক ও শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলার বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক করা হবে না।
এদিকে, আকস্মিক বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বানারীপাড়া থেকে বরিশালগামী যাত্রী মোতালেব মিয়া বলেন, ‘বরিশালে জরুরি কাজে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। কিন্তু বাস বন্ধ থাকায় পথে আটকে আছি। কখন বাস চলবে, সেটাও জানি না।’
বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, ‘বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
২৬ দিন আগে
দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কেবল বিভাগীয় শহর নয়, সরকার দেশের সবগুলো জেলা ও উপজেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোডে বিভাগীয় তথ্য কমপ্লেক্স উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে এই তথ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে। ২০২৩ সালে এটির নির্মাণ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের ৩ বছর পর আজ এটির উদ্বোধন করা হলো।
জহির উদ্দিন স্বপন বলেন, এই তথ্য কমপ্লেক্সকে কেবল একটি বিশাল ভবন হিসেবে দেখলে ভুল হবে। এই কমপ্লেক্সগুলোতে ইন্টারনেটনির্ভর, প্রযুক্তিনির্ভর, ইনফরমেশন টেকনোলজিনির্ভর তথ্য-সংক্রান্ত যাবতীয় সেবা থাকবে। এর ব্যাপকতা বলে বোঝানো যাবে না। তথ্য সেবা, দক্ষতা ও জ্ঞানের সংমিশ্রণে একটা নলেজ প্রোডাক্ট তৈরির জন্যই তথ্য কমপ্লেক্সগুলো নির্মাণ করা হচ্ছে।
তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন।
৩৪ দিন আগে
প্রেমের প্রস্তাব ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাতভর সংঘর্ষ, আহত অন্তত ২০
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অর্থনীতি বিভাগের এক ছাত্রীকে ইংরেজি বিভাগের এক ছাত্র র্যাগিং ও উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ আগস্ট) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর ও প্রধান ফটক-সংলগ্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এতে দুই বিভাগের অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীর সংখ্যা বেশি।
এই ঘটনাকে কেন্দ্র করে রাতভর ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী মুসা হোসাইন নবীন বরণ অনুষ্ঠানের দিন অর্থনীতি বিভাগের পঞ্চদশ ব্যাচের প্রথম বর্ষের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। সে সময় ওই ছাত্রীর মোবাইল ফোন নিয়ে নিজের ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান মুসা। পরে ওই ছাত্রী প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে র্যাগিং ও উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে মুসার বিরুদ্ধে।
বিষয়টি অর্থনীতি বিভাগের পঞ্চদশ ব্যাচের শিক্ষার্থীরা তাদের সিনিয়রদের জানালে সিনিয়র শিক্ষার্থীরা ঘটনাস্থলে আসেন। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে ইংরেজি বিভাগের মুসা নামের ওই শিক্ষার্থীকে মারধর করা হয়। এতে তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
পরে রাতভর ক্যাম্পাসের ভেতর ও বাইরে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া চলে। রাত সাড়ে ১২টার দিকে ববির অ্যাম্বুলেন্সে করে অর্থনীতি বিভাগের ৫-৭ জন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটক এলাকায় তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
অর্থনীতি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আব্দুল আজিজ বলেন, ‘আমাদের বিভাগের জুনিয়র এক মেয়েকে র্যাগিং ও উত্ত্যক্ত করে প্রেমের প্রস্তাব দেন ইংরেজি বিভাগের মুসা। মেয়ে রাজি না হওয়ায় তাকে আটকে রাখেন মুসা। বিষয়টি জানতে পেরে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীরা ভিসি গেটের বিপরীতে জড়ো হন। একপর্যায়ে ইংরেজি বিভাগের ত্রয়োদশ ব্যাচের এক শিক্ষার্থী আকস্মিকভাবে মারধরের জন্য এগিয়ে এলে হাতাহাতির সূত্রপাত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।’
অভিযুক্ত মুসা আহত হওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ইংরেজি বিভাগের একাধিক শিক্ষার্থী অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটিকে অতিরঞ্জিত করে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। তাদের ভাষ্য, মুসা কোনো অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া যেত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ বলেন, ‘দুই পক্ষকে নিবৃত করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
৩৪ দিন আগে
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
বরিশালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালতের প্রধান ফটকের ভেতরে এ ঘটনা ঘটে।
আদালত প্রাঙ্গণে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আদালতের ১০ তলা ভবনের সামনে প্রধান ফটকের ঠিক ভেতরে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।
তবে কে বা কারা এটি ঘটিয়েছে, সে বিষয়ে কেউ কোনো তথ্য দিতে পারেনি।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) আদালতের প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম জানান, পুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা সিসিটিভি ফুটেজ দিয়ে তাদের বিস্ফোরণকারী শনাক্তে সহায়তা করছি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম বলেন, বোম্ব ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছে। বিস্ফোরিত বোমার নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
৩৮ দিন আগে
বরিশালে এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা
এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলের এই পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুস সালাম।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৮০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৫৪৫ জন এবং ছাত্রী ৪২ হাজার ৯১৩ জন।
মোট পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মোট ৪৮ হাজার ৫৫৫ জন। তাদের মধ্যে ছাত্র ১৯ হাজার ৯৫৫ জন এবং ছাত্রী ২৮ হাজার ৬০০ জন। অর্থাৎ এবারও ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা।
গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে প্রায় ৩ দশমিক ৯৭ শতাংশ। তবে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রতিবছরের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।
৪০ দিন আগে
বরিশালে ‘বোমা’ বিস্ফোরণ, ৩ জন গুরুতর আহত
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, আজ (সোমবার) সকাল ৬টার দিকে দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি ও নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, ‘ঘরের পাশে থাকা বালুর বস্তার মধ্যে একটি বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে আমার মা, বোন ও ভাগ্নের শরীরে আগুন ধরে যায়। ঘরের সামনে থাকা তুলাতলা নদীতে তারা ঝাঁপিয়ে পড়ে। ততক্ষণে তাদের শরীরের সব কাপড় পুড়ে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বোমাটি কোথা থেকে আসল, এ বিষয়ে আমাদের কিছুই জানা নেই।’
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
৪৭ দিন আগে