নার্স
সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২২ বছর বয়সী এক নার্সের মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত তরুণী সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার বাসিন্দা। তিনি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিবিদ্যার (মিডওয়াইফারি) ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তিনি হামের উপসর্গে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে অবস্থার আরও অবনতি হলে গতকাল (রবিবার) দুপুরে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ (সোমবার) সকালে তার মৃত্যু হয়।
নার্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান।
তিনি জানান, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা ওই তরুণীকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করে। তা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা ও প্রক্রিয়া এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
৩ দিন আগে
অপারেশন থিয়েটারে রান্না: ফেনী সদর হাসপাতালের ২ নার্স বরখাস্ত
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী সদর হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে রান্নার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সেইসঙ্গে হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) এক আদেশের মাধ্যমে তাদের বরখাস্তের পর গতকাল (সোমবার) থেকে হাসপাতালে তদন্ত শুরু করেছে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের গঠিত তদন্ত কমিটি।
তদন্তের অংশ হিসেবে কমিটির সদস্যরা হাসপাতালে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিভাগ পরিদর্শন করে নার্স ও চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করেন। তদন্ত কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন ২৫০ শয্যা নোয়াখালী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী। কমিটির অন্য সদস্যরা হলেন— নোয়াখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজিব আহমেদ চৌধুরী এবং ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।
হাসপাতাল সূত্র জানায়, অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ দীর্ঘদিন ধরে চলে আসা নানা অনিয়ম ও অব্যবস্থাপনার সত্যতা যাচাই এবং অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তির সুপারিশ করতে চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে চলতি সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, অপারেশন থিয়েটারে রান্নার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দ সাক্ষরিত এক আদেশে তাদের বরখাস্ত করা হয়।
বরখাস্ত হওয়া নার্সরা হলেন, নার্সিং সুপার ভাইজার কল্পনা রানী মণ্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদার।
আদেশে বলা হয়, হাসপাতালের অপারেশন থিয়েটারের ভেতরে গ্যাসের চুলায় রান্না করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ এবং গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড চরম দায়িত্বহীনতা, শৃঙ্খলাবিরোধী ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ড। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় রোগীর নিরাপত্তা এবং নার্সিং পেশার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এটি হাসপাতালের সংবেদনশীল অপারেশন থিয়েটারের পরিবেশ, রোগীর নিরাপত্তা ও জনস্বাস্থ্য সংরক্ষণের মৌলিক নীতির পরিপন্থী।
আদেশে আরও বলা হয়েছে, তারা ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী সদর হাসপাতালে স্থানীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক ও সিনিয়র স্টাফ নার্স হিসেবে অপারেশন থিয়েটারের সার্বিক শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাগত মান রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকা সত্ত্বেও এই অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর তদারকি, নিয়ন্ত্রণ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। তাদের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবে কাম্য নয়। এই ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী গুরুতর অসদাচরণ। এজন্য সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) বিধির আলোকে উক্ত বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার স্বার্থে এবং এই মামলার সুষ্ঠু নিষ্পত্তির লক্ষ্যে আদেশ জারির তারিখ থেকে কল্পনা রানী মন্ডল ও রানী বালা হালদারকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
তবে বরখাস্ত হলেও বিধি মোতাবেক তারা খোরপোষ ভাতা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুজনের সাময়িক বরখাস্তের আদেশের কপি পেয়েছি। বিষয়টি নিয়ে পরবর্তী ব্যবস্থার গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, হাসপাতালের অপারেশন থিয়েটারে গ্যাসের চুলায় রান্নাবান্না, অবাধ যাতায়াত এবং শৃঙ্খলাহীনতার কারণে প্রসূতি মা ও নবজাতকদের সংক্রমণের উচ্চঝুঁকি নিয়ে ইউএনবিসহ দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তার পর থেকেই বিষয়টি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এছাড়া ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে এ নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
১৪২ দিন আগে
স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ল ৫০১ কোটি টাকা, পিএইচডি সুবিধা পাবে নার্সরা
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে দেশের স্বাস্থ্য খাতে ৫০১ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। এ খাতকে সমৃদ্ধ করতে সরকার নার্সদের পিএইচডির ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছে।
নতুন বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ৪১ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ৪১ হাজার ৪০৭ কোটি টাকা।
নতুন অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উত্থাপনকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় উন্নয়নে স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনায় এ খাতে বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে।
এছাড়া দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অতিরিক্ত ৪ হাজার ১৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে।
পাশাপাশি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে নতুন বাজেটে।
আরও পড়ুন: বাজেটে: বাড়ছে ভাতা, টিসিবির আওতায় আরও ৫ লাখ পরিবার
এ খাতে উন্নত দেশের চাহিদা অনুযায়ী কেয়ার গিভিং এ দক্ষ মানবসম্পদ তৈরি করা গেলে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী আয় বৃদ্ধি পাবে বলে জানান উপদেষ্টা।
বলেন, কেয়ারগিভারদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া নার্সিং শিক্ষায় পিএইচডি কোর্স চালু ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের জন্য একটি নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে বিবেচনা করছে সরকার।
৩৬৭ দিন আগে
হবিগঞ্জে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে নার্সের আত্মহত্যা!
হবিগঞ্জে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে এক নার্সের আত্মহত্যার খবর পাওয়া গেছে। রবিবার শহরের ঘোষপাড়ার ভাড়া বাসার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নীপা তালুকদার (২৩) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার খাগাউড়া গ্রামের শ্যামল তালুকদারের মেয়ে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গৃহবধূর আত্মহত্যা!
৩১ জানুয়ারি হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউট থেকে ইন্টার্নি শেষ করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে কাজ করতেন তিনি।
পুলিশ সূত্র জানায়, ওই বাসার একটি কক্ষে অপর একজন সহকর্মীকে নিয়ে নীপা থাকতেন। রবিবার সকালে ডিউটি না থাকায় তাকে ঘরে একা রেখে অপর সহকর্মী ডিউটিতে যান। বেলা ৪টার দিকে বাসায় এসে দরজা বন্ধ পান।
অনেকে ডাকাডাকির পরও সাড়া না দেয়ায় এলাকায় লোকজন জড়ো হয়ে স্থানীয় মহিলা কাউন্সিলকে খবর দেন।
পরে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত লাশ দেখতে পায়।
এছাড়া পুলিশ একটি ডায়েরি উদ্ধার করেছে। কিন্তু আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা, স্ত্রী ও শ্বাশুড়ি গ্রেপ্তার
শাবিপ্রবির শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
১২০৮ দিন আগে
সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে অন্যান্য সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় চক্ষু হাসপাতালের কাউন্টার থেকে ১০ টাকার টিকিট কিনতে প্রথমে নিচতলায় যান প্রধানমন্ত্রী।
এরপর তিনি চোখ পরীক্ষা করার জন্য মনোনীত চিকিৎসকের কাছে যান।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
হাসপাতাল থেকে বের হওয়ার সময় প্রধানমন্ত্রী নার্স, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তিনি তাদের খোঁজখবর নেন ও হাসপাতাল প্রাঙ্গণে তাদের সঙ্গে ছবি তোলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাতে এসএসসির ফলাফল হস্তান্তর
জাতিসংঘ শান্তিরক্ষায় নারীদের অংশগ্রহণে বাংলাদেশ রোল মডেল: প্রধানমন্ত্রী
১২৮৩ দিন আগে
রাজধানীতে ছাদ থেকে পড়ে নার্সের মৃত্যু
রাজধানীর সবুজবাগ এলাকায় শনিবার চারতলা ভবনের ছাদ থেকে পড়ে এক নার্সের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফিরোজা পারভিন জানান, নিহত আতাউল করিম অপু (৫০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং স্টাফ ছিলেন।
তিনি বলেন, সকাল সাড়ে ৬টার দিকে বাসার ছাদে শরীরচর্চা করতে গেলে ভেজা ছাদ থেকে পিছলে পড়ে যান অপু।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, প্রতিবেশিরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: হাজীগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত
খুলনায় নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত
১৩৯৮ দিন আগে
প্রণোদনার দাবিতে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করলেন নার্সরা
করোনার সময়ে প্রণোদনার টাকা না পেয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করেছে নার্স-ওয়ার্ড বয় ও কর্মচারীরা।
বুধকার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরিচালকের কক্ষে অবস্থান নেয় প্রতিষ্ঠানটির নার্স, ওয়ার্ড বয়সহ চতুর্থ শ্রেণির কর্মচারীরা। এসময় পাঁচশ বেডের এই হাসপাতালে রোগীদের সেবা বন্ধ থাকে।
পরে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) সভাপতির মধ্যস্থতায় করোনার প্রণোদনার অর্থ (আগামী ১০ দিনের মধ্যে) প্রদানের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে যান বিক্ষোভকারীরা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয় অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব আফসানা আক্তার সান্তা জানান, যারা করোনায় সময়ে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়েছে তাদের জন্য সরকারি পক্ষ থেকে ১ কোটি ৬০ লাখ টাকা প্রতিষ্ঠানটির অনুকূলে বরাদ্দ করে গত বছরের জুলাইয়ে। কিন্তু আমাদের পরিচালকের খাম-খেয়ালির কারণে সেই টাকার মধ্যে ১ কোটি টাকা ফেরত চলে যায়। আমরা এই অযোগ্য পরিচালকের অপসারণ দাবি করছি, একই সাথে আমাদের ন্যায্য পাওনা পাওয়ার প্রত্যাশা করছি।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান জানান, টাকা বরাদ্দ পাওয়ার পর আমরা একটি কমিটি গঠন করি। সেই কমিটির তথ্যের ভিত্তিতে তালিকা তৈরি করে এজি অফিসে পাঠানো হলে সেখান থেকে জানানো হয় প্রয়োজনীয় অর্থ নেই। এ খবরেই কিছু স্টাফরা বিক্ষোভ করেছে।
তিনি জানান, প্রয়োজনীয় অর্থের জন্য সংশ্লিষ্ট দপ্তরের পত্র পাঠানো হয়েছে, আশা করছি দ্রুতই সমস্যা নিরসন হবে।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আব্দুল জলিল জানান, বিক্ষোবের খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। পরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে ১০ দিনের সময় নেয়া হয়েছে। তারা এখন কাজে ফিরে গেছেন।
পড়ুন: খেলায় বাধা দেয়া নিয়ে ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০
১৫৩৪ দিন আগে
নার্সের ওপর হামলা: ৩ পুলিশ সদস্য ক্লোজড
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে সিনিয়র স্টাফ নার্স সাইফুল ইসলামের ওপর হামলা করায় ট্যুরিস্ট পুলিশের তিন সদস্যকে ক্লোজড করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ বরিশাল রিজিওন এর পুলিশ সুপার রেজাউল করিম।
তিনি জানান, নার্সের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তিন পুলিশ সদস্যকে ক্লোজড করে ট্যুরিস্ট পুলিশের হেড কোয়াটারে সংযুক্ত করা হয়েছে। এরা হলেন- ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের ইন্সপেক্টর বুলবুল আহমেদ, কনস্টেবল জাভেদ ও মেহেদী।
প্রসঙ্গত, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় রোগীর নাম জিজ্ঞাসা করা নিয়ে জরুরি বিভাগে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সাইফুল ইসলামের সঙ্গে তর্ক হয় ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক বুলবুলের সঙ্গে। এই নিয়ে এক পর্যায়ে নার্স সাইফুল ইসলামের ওপর হামলার অভিযোগ ওঠে পুলিশ সদস্যদের বিরুদ্ধে। এর প্রতিবাদে হাসপাতালের নার্সরা দুই ঘন্টা কর্মবিরতি করলে প্রশাসনের আশ্বাসে তারা কাজে ফিরে যান।
আরও পড়ুন: শেবাচিম হাসপাতালের ব্রাদারকে মারধর, নার্সদের কর্মবিরতি
ফরিদপুরে ব্যাংক কর্মকর্তার নাচের ভিডিও ভাইরাল
১৫৪৭ দিন আগে
বিয়ানীবাজারে নার্সের রহস্যজনক মৃত্যু: স্বামী কারাগারে
সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স নবনীতা দাসের (২৮)‘আত্মহত্যা’ নিয়ে ধোঁয়াশা কাটছে না। নবনীতার স্বামীর দাবি তার স্ত্রী আত্মহত্যা করেছেন, অন্যদিকে তার বাবার দাবি তার মেয়েকে স্বামী সৌমেন দাশ (২৯) হত্যা করেছে।
নবনীতার বাবার করা আত্মহত্যায় প্ররোচণার মামলায় শনিবার নবনীতার স্বামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
নবনীতা সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাউদেরশ্রী গ্রামের সুব্রত কুমার দাশের মেয়ে।
এদিকে গ্রেপ্তারের পর নবনীতার স্বামী সৌমেন দাশ পুলিশকে জানান, তিনি অনার্সে পড়ছেন, এখনও তার কোনও চাকরি হয়নি। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই মনোমালিন্য হত। নবনীতা এক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার আত্মহত্যার দিনই তিনি এ কথা জানতে পারেন।
তার স্বামী আরও জানান, শুক্রবার রাত ৮টার দিকে তারা যে ভাড়া বাসায় থাকেন, তারই একটি ঘরে তিনি নবনীতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি নবনীতাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, নিহতের স্বামীর দাবি,নবনীতা আত্মহত্যা করেছেন। অপরদিকে, নবনীতার বাবা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় আত্মহত্যায় প্ররোচণার মামলা দায়ের করেছেন। আমাদের তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: বিয়ানীবাজারে নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার
নবনীতার সহকর্মীরা জানান, নবনীতা আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে হত্যা করেছে, তার সুষ্ঠু তদন্ত চান তারা।
অন্যদিকে, সৌমেনের পরিবারের বলছে তাদের ছেলের বৌ অভিমানে আত্মহত্যা করেছে। মিথ্যা মামলায় তার ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের আগে থেকেই নবনীতা চাকরি সূত্রে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নয়াগ্রামে বাসা ভাড়া নিয়ে থাকতেন। প্রায় চার মাস আগে প্রেম করে একই গ্রামের সৌমেন দাশকে বিয়ে করেন তিনি। বিয়ের পর সৌমেনের পরিবার তাদের মেনে নিলেও নবনীতার পরিবার এই বিয়ে মেনে নেয়নি। বিয়ের পর থেকে তারা নয়াগ্রামেই থাকতেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীর লাশ
কর্ণফুলী নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
১৬৬২ দিন আগে
শিগগিরই ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাস মোকাবিলায় শিগগিরই ৪ হাজার চিকিৎসক এবং সমান সংখ্যক নার্স নিয়োগ দেয়া হবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন।
তিনি বলেন, ‘ডাক্তার নার্সরাও ক্লান্ত হয়ে গেছে। তারা আর কত কাজ করবে? নতুন ৪ হাজার চিকিৎসক আমরা নিচ্ছি, নার্সও ৪ হাজার নেয়া হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে নেয়া হচ্ছে।’
সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী ভ্যাকসিন কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন উল্লেখ করে জাহিদ মালেক বলেন, এখন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে করোনাভাইরাস টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।
পড়ুন: মাসে এক কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, গ্রামে ভ্যাকসিন নেয়া নিয়ে বয়স্কদের মধ্যে একটা অনীহা আছে, তাই ওয়ার্ড পর্যায়ে বয়স্ক লোকদের টিকা দয়োর ব্যবস্থা করা হবে। হাসপাতালে দেখা গেছে গ্রামের বয়স্ক লোকেরাই আছেন ৭০ শতাংশ, তাদের মৃত্যুর সংখ্যা প্রায় ৯০ শতাংশ।
‘ভ্যাকসিনেট কার্যক্রম এখন আমরা ওয়ার্ড, ইউনিয়ন ও জেলা-উপজেলা লেভেলে বেশি জোর দিব। গ্রামের লোকেরা অনেক সময় পরীক্ষা করতে চায়না। তাদের টেস্ট করার বিষয়েও জোর দিব,’ বলেন মন্ত্রী।
জাহিদ মালেক বলেন, হাসপাতালের ৯০ শতাংশ আসনে রোগী ভর্তি। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি, করে যাব। বঙ্গমাতা কনভেনশন সেন্টারে আমরা অচিরেই উদ্বোধন করছি। এরপর কোনো ভবনও নেই যে আমরা কিছু করব, হাসপাতাল স্থাপন করব।
পড়ুন: ২১ কোটি টিকা আসছে : স্বাস্থ্যমন্ত্রী
আইভিআইয়ের সহযেগিতায় দেশেই টিকা উৎপাদন সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী
মন্ত্রী বলেন, লকডাউন দিয়ে যদি মানাতে না পারি, জনগণ যদি সচেতন না হয়, তাহলে তো ভয়াবহ পরিণতি। হাসপাতালে জায়গা হবে না। ইকোনোমিতে অ্যাফেক্ট পড়বে। প্রোডাকশনে অ্যাফেক্ট করে যাবে।
‘লকডাউনের ৩-৪ দিন চলছে, রাস্তাঘাটে যেভাবে মানুষ বের হচ্ছে, গাড়ি-ঘোড়া চলছে, আমরা তাতে খুবই দুঃখিত। কারণ তাতে লকডাউন ব্রেক হচ্ছে। তারা নিজেদের ক্ষতি করছে,’ বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জরিমানা করা হচ্ছে, জেলেও পাঠানো হচ্ছে তারপরেও এটা মানছে না। কিন্তু এটা মানাতে হবে। এটা ছাড়া দেয়ার ইজ নো অল্টারনেটিভ।’
তিনি বলেন, লকডাউন মানাতে হবে। লকডাউন মানানোর জন্য যারা দায়িত্বে আছেন তাদেরকে আরও কঠোর হতে হবে।
১৭৭৪ দিন আগে