সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২২ বছর বয়সী এক নার্সের মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত তরুণী সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার বাসিন্দা। তিনি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিবিদ্যার (মিডওয়াইফারি) ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তিনি হামের উপসর্গে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে অবস্থার আরও অবনতি হলে গতকাল (রবিবার) দুপুরে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ (সোমবার) সকালে তার মৃত্যু হয়।
নার্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান।
তিনি জানান, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা ওই তরুণীকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করে। তা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা ও প্রক্রিয়া এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।