ইসরায়েলি হামলা
খামেনির ছেলেই কি হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা?
ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে দীর্ঘদিন ধরেই বিবেচিত হয়ে আসছেন। এমনকি গত সপ্তাহে যুদ্ধ শুরুর দিকে ইসরায়েলি হামলায় তার বাবার মৃত্যুর অনেক আগে থেকেই এই গুঞ্জন ছিল। তবে তিনি আগে কোনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি।
ইসলামিক রিপাবলিকের ভেতরে রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মোজতবা খামেনিকে গত শনিবারের পর থেকে জনসমক্ষে দেখা যায়নি। সেদিন সর্বোচ্চ নেতার কার্যালয় লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় তার ৮৬ বছর বয়সী বাবা নিহত হন। ওই হামলায় মোজতবার স্ত্রী জহরা হাদ্দাদ আদেলও নিহত হয়েছেন।
ধারণা করা হচ্ছে, মোজতবা খামেনি এখনও বেঁচে আছেন এবং ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় তিনি আত্মগোপনে চলে গেছেন। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানায়নি।
বিমান হামলার পর আলোচনায় খামেনিপুত্র
বাবার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোজতবা খামেনির নাম বারবার আলোচনায় আসছে। যদিও অতীতে এই বিষয়টির সমালোচনা করা হয়েছিল এই বলে যে, এটি ইরানের সাবেক বংশানুক্রমিক রাজতন্ত্রের একটি ধর্মতান্ত্রিক সংস্করণ তৈরি করতে পারে।
কিন্তু বর্তমানে তার বাবা এবং স্ত্রীকে কট্টরপন্থিরা আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের শহিদ হিসেবে গণ্য করায়, ৮৮ সদস্যের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর বয়োজ্যেষ্ঠ আলেমদের কাছে মোজতবার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। এই প্যানেলই দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করবে।
যিনিই নেতা হোন না কেন, তিনি বর্তমানে যুদ্ধে লিপ্ত ইরানি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ পাবেন এবং সেই সঙ্গে পাবেন সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব।
মার্কিনভিত্তিক চাপ প্রয়োগকারী গোষ্ঠী ‘ইউনাইটেড অ্যাগেইনস্ট নিউক্লিয়ার ইরান’-এর মতে, মোজতবা খামেনি তার বাবার প্রশাসনে অনেকটা ইরানের প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনির ছেলে আহমেদ খোমেনির মতো ভূমিকা পালন করতেন, যা ছিল সহকারী, বিশ্বস্ত সহযোগী, দ্বাররক্ষক এবং ক্ষমতাধর মধ্যস্থতাকারীর এক সংমিশ্রণ।
ভিন্নমতের মাঝে জন্ম
১৯৬৯ সালে মাশহাদ শহরে মোজতবা খামেনির জন্ম। এটি ছিল ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের প্রায় ১০ বছর আগে, যখন তার বাবা শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনের বিরুদ্ধে আন্দোলন করছিলেন।
আলি খামেনির জীবনীতে উল্লেখ আছে, একবার শাহের গোপন পুলিশ বাহিনী সাভাক তাদের বাড়িতে ঢুকে এই আলেমকে মারধর করে। খামেনির সন্তানরা তখন ঘুম থেকে জেগে উঠলে মোজতবা ও অন্যদের বলা হয়েছিল যে তাদের বাবা ছুটিতে যাচ্ছেন।
প্রয়াত খামেনির ভাষ্যমতে, তখন আমি বলেছিলাম, মিথ্যে বলার দরকার নেই। আমি তাদের সত্যিটা বলেছিলাম।
শাহের পতনের পর খামেনি পরিবার তেহরানে চলে আসে। মোজতবা পরবর্তীতে ইরান-ইরাক যুদ্ধে রেভল্যুশনারি গার্ডের হাবিব ইবনে মাজাহির ব্যাটালিয়নের হয়ে যুদ্ধ করেন। এ ইউনিটের অনেক সদস্যই পরে খামেনি পরিবারের সমর্থনে বাহিনীর গুরুত্বপূর্ণ গোয়েন্দা পদে আসীন হন।
১৯৮৯ সালে তার বাবা সর্বোচ্চ নেতা হন। এরপর মোজতবা খামেনি এবং তার পরিবার ইরানের অনেক রাষ্ট্রীয় শিল্প এবং শাহের একসময়ের অন্যান্য সম্পদ থেকে তহবিল সংগ্রহকারী ফাউন্ডেশনগুলিতে ছড়িয়ে থাকা কোটি কোটি ডলার এবং ব্যবসায়িক সম্পদের মালিকানা পান।
বাবার সঙ্গে পাল্লা দিয়ে ক্ষমতার উত্থান
তেহরানে বাবার কার্যালয়ে কাজ করার মাধ্যমেই মোজতবার নিজস্ব ক্ষমতার উত্থান ঘটে। ২০০৮-০৯ সালের দিকে উইকিলিকস কর্তৃক প্রকাশিত মার্কিন কূটনৈতিক তারবার্তায় মোজতবাকে রাজপোশাকের পেছনের আসল ক্ষমতা হিসেবে উল্লেখ করা হয়েছিল। একটি নথিতে দাবি করা হয়, মোজতবা স্বয়ং তার বাবার ফোন ট্যাপ করতেন। তার প্রধান দ্বাররক্ষক হিসেবে কাজ করতেন এবং দেশের ভেতরে নিজস্ব ক্ষমতার বলয় তৈরি করছিলেন।
২০০৮ সালের একটি নথিতে বলা হয়েছিল, মোজতবাকে শাসনব্যবস্থার ভেতরে একজন সক্ষম ও শক্তিশালী নেতা এবং ব্যবস্থাপক হিসেবে দেখা হয়, যিনি ভবিষ্যতে জাতীয় নেতৃত্বের অন্তত একটি অংশের উত্তরাধিকারী হতে পারেন; তার বাবাও হয়তো তাকে সেই দৃষ্টিতেই দেখেন। তবে সেখানে তার থিওলজিক্যাল বা ধর্মীয় যোগ্যতার অভাব এবং বয়সের কথা উল্লেখ করা হয়েছিল।
মার্কিন ট্রেজারি বিভাগের মতে, মোজতবা খামেনি রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্স এবং বাসিজ বাহিনীর কমান্ডারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন—যারা গত জানুয়ারিতে দেশব্যাপী বিক্ষোভ কঠোরভাবে দমন করেছিল।
২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে বাবার আঞ্চলিক অস্থিরতা তৈরির উচ্চাকাঙ্ক্ষা এবং অভ্যন্তরীণ দমনমূলক উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র মোজতবার ওপর নিষেধাজ্ঞা জারি করে।
সর্বোচ্চ নেতার ক্ষমতা এখন ঝুঁকির মুখে
১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানে সর্বোচ্চ নেতার পদে ক্ষমতা হস্তান্তরের ঘটনা আগে মাত্র একবারই ঘটেছে। প্রথম নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ৮৬ বছর বয়সে মারা যাওয়ার পর আলি খামেনি দায়িত্ব পেয়েছিলেন।
এখন নতুন নেতা এমন এক সময়ে দায়িত্ব নেবেন যখন ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধ শেষ হয়েছে এবং মার্কিন-ইসরায়েলি জোট ইরানের পারমাণবিক হুমকি ও সামরিক শক্তি নির্মূল করতে চাইছে। একইসঙ্গে তারা আশা করছে, ইরানি জনগণও হয়তো এই ধর্মতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
ইরানের জটিল ক্ষমতা ভাগাভাগির এই ধর্মতান্ত্রিক ব্যবস্থায় সর্বোচ্চ নেতাই হলেন কেন্দ্রবিন্দু এবং রাষ্ট্রের সব বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি সামরিক বাহিনী ও রেভল্যুশনারি গার্ডের প্রধান কমান্ডার। এই রেভল্যুশনারি গার্ড কেবল মধ্যপ্রাচ্যজুড়ে প্রতিরোধের অক্ষ এর নেতৃত্বই দেয় না, বরং ইরানের অর্থনীতি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ওপরও তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে।
১ দিন আগে
ইরানে মৃত্যু সংখ্যা বেড়ে ৭৮৭
ইরানে চলমান ইসরায়েলি ও মার্কিন হামলায় এখন পর্যন্ত ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থাসহ দেশের বিভিন্ন প্রান্তে এ হামলা চালানো হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে বিমান হামলা বাড়িয়েছে এবং দেশের দক্ষিণাঞ্চলে নতুন করে স্থল অভিযান শুরু করেছে, যা সংঘাতকে আরও বিস্তৃত করেছে।
মঙ্গলবার (৩ মার্চ) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, অন্তত দুইটি ড্রোন সৌদি রাজধানীর মার্কিন দূতাবাস প্রাঙ্গণে আঘাত হেনেছে। এর ফলে অগ্নিকাণ্ড এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরবর্তীতে সৌদি প্রতিরক্ষা বাহিনী রিয়াদ এবং পার্শ্ববর্তী শহরগুলোর দিকে ধাবমান আরও বেশ কিছু ড্রোন প্রতিহত করেছে।
হিজবুল্লাহর এক জ্যেষ্ট কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক হামলার পর তাদের প্রতিরোধ ছাড়া আর কোনো বিকল্প নেই। মাহমুদ কামাতি ঘোষণা করেছেন, ইসরায়েল একটি উন্মুক্ত যুদ্ধের চেষ্টা করেছিল এবং আমরা এখন তার মুখোমুখি হব। তিনি আরও বলেন, ধৈর্যের যুগ শেষ হয়েছে।
এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে যে, একটি ক্ষেপণাস্ত্র যা ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড দিয়ে সজ্জিত ছিল, তা মধ্য ইসরায়েলের পেটাহ টিকভা শহরে আঘাত হেনেছে। চ্যানেল ১২ অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি শহরটিতে আঘাত হানে। দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষগুলো এলাকার ক্ষতি করেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের হামলাকে বিশ্বস্ততাহীন আক্রমণ হিসেবে কঠোরভাবে নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায়, রাজ্যের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে, যার মধ্যে হামলার জবাব দেওয়ার অধিকারও অন্তর্ভুক্ত।
২ দিন আগে
তেহরানে ফের হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দেশটির রাজধানীসহ আশপাশের এলাকায় হামলা চালায় তারা।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলাকে ‘হুমকি অপসারণের’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী তেহরানে তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের কাছাকাছি এলাকায় লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে বলে ধারণা করছেন তারা।
খামেনি সেই সময় তার কার্যালয়ে ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় গত কয়েক দিন ধরে তাকে জনসমক্ষে দেখা যায়নি।
তবে হামলার ফলে কোনও হতাহতের তথ্য এখনও জানা যায়নি।
পরবর্তীতে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন বিস্ফোরণের খবর প্রচার করলেও এর কোনো কারণ উল্লেখ করেনি।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে দেশটিকে চাপে রাখার জন্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এই অঞ্চলে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের এক বিশাল বহর মোতায়েন করেছে।
একই সময়ে পুরো ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ‘ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সম্ভাবনার বিষয়ে জনগণকে প্রস্তুত রাখতে একটি আগাম সতর্কতা জারি করেছে।
অপরদিকে, মার্কিন সামরিক বাহিনী এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
৫ দিন আগে
যুদ্ধবিরতির মাঝেও কেন হামলা চালাচ্ছে ইসরায়েল?
গেল বুধবার (৪ ফেব্রুয়ারি) গাজার শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় ২০ জনের বেশি ফিলিস্তিনির মরদেহ পৌঁছানোর পর হাসপাতালটির এক পরিচালক এমন একটি প্রশ্ন করেছিলেন যা গত কয়েকমাস ধরে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে।
শিফা হাসপাতালের মুহাম্মদ আবু সেলমিয়া এক ফেসবুকে পোস্টে প্রশ্ন করেছেন— কোথায় যুদ্ধবিরতি? কোথায় মধ্যস্ততাকারীরা?
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৫৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বুধবার নিহত হন ২৪ জন এবং শনিবার ৩০ জন। একই সময়ে গাজায় চারজন ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, উত্তর গাজায় যুদ্ধবিরতি রেখার কাছে রাতভর ‘সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে’ তাদের এক সেনা গুরুতর আহত হন।
এসবের ফলে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার পুনর্গঠন শুরু করা থেকে যুদ্ধবিরতি চুক্তির অন্যান্য দিকগুলি স্থবির হয়ে পড়েছে। গাজা ও মিসরের মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং খোলার ফলে আরও অগ্রগতির আশা করা হয়েছিল। তবে সোমবার ৫০ জনেরও কম লোককে ক্রসিংটি দিয়ে পারাপারের অনুমতি দেওয়া হয়। ফলে এখন সেটি নিয়েও অনিশ্চিয়তা দেখা দিয়েছে।
জিম্মিরা মুক্তি পেলেও থমকে আছে অন্যান্য বিষয়
দীর্ঘদিনের স্থবির আলোচনার পর ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর শুরু হওয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে গত অক্টোবর মাসে সম্মত হয় ইসরায়েল ও হামাস। তখন ট্রাম্প বলেছিলেন, এটি শক্তিশালী, টেকসই ও চিরস্থায়ী শান্তি নিশিত করবে।
চুক্তির শুরুতে হামাস ইসরায়েলের হাতে আটক হাজার হাজার ফিলিস্তিনি বন্দি এবং নিহতদের দেহাবশেষ ফিরিয়ে দেওয়ার বিনিময়ে তাদের হাতে থাকা সকল জিম্মিকে মুক্তি দেয়। কিন্তু চুক্তিতে এই অঞ্চলের ভবিষ্যৎ শাসনব্যবস্থার মতো বড় বিষয়গুলো এখনও অমীমাংসিত রয়েছে। যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমাও দেয়নি।
এদিকে, জিম্মিদের দেহাবশেষ ফেরত পাঠানোর কাজ চুক্তিতে ৭২ ঘণ্টা সময়সীমার মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও তা শেষ হতে অনেক সময় গড়িয়ে যায়। হামাস ইসরায়েলকে গত সপ্তাহেই তাদের শেষ জিম্মির মৃতদেহ ফেরত দেয়। তবে ইসরায়েল দাবি করছে, হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে সমস্ত দেহাবশেষ এখনো ফেরত দেয়নি। অপরদিকে, হামাসের দাবি, তারা যুদ্ধের ধ্বংসযজ্ঞের কারণে সমস্ত মরদেহ শনাক্ত করতে পারেনি। তবে তাদের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসলায়েল।
যুদ্ধবিরতিতে ধ্বংসাবশেষ অপসারণ ও অবকাঠামো পুনর্বাসনের সরঞ্জামসহ মানবিক সহায়তা দ্রুত প্রবেশের কথাও ছিল। তবে জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো বলছে, শুল্ক ছাড়পত্র ও অন্যান্য বিষয়ে বিলম্বের কারণে গাজার ২০ লাখ মানুষের কাছে সহায়তা প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। অন্যদিকে, গাজায় সহায়তা তদারককারী ইসরায়েলি সামরিক সংস্থা কোগাট এসব অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে।
অভিযোগ সত্ত্বেও যুদ্ধবিরতি বহাল
ট্রাম্পের প্রচেষ্টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এই যুদ্ধে ৭১ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।
দুই পক্ষই বলছে, চুক্তি এখনও কার্যকর এবং উভয় পক্ষই যুদ্ধবিরতি শব্দটি ব্যবহার করছে। তবে ইসরায়েলের অভিযোগ, হামাস যুদ্ধবিরতি রেখার বাইরে তৎপরতা চালাচ্ছে, (ইসরায়েলি) সেনাদের হুমকি দিচ্ছে এবং মাঝে মাঝে গুলিও ছুঁড়ছে। অপরদিকে, হামাস অভিযোগ করছে, ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি রেখা থেকে অনেক দূরের আবাসিক এলাকাগুলোতে গুলিবর্ষণ ও হামলা চালাচ্ছে।
ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্র ও আরবের মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছেন, ইসরায়েল যেন প্রাণঘাতী হামলা বন্ধ করে। বুধবারের হামলায় নিহতদের মধ্যে ২টি নকজাতকসহ ৫ শিশু ছিল। এসব ঘটনাকে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন’ বলে অভিহিত করেছে হামাস।
রবিবার (১ ফেব্রুয়ারি) ৮টি আরব ও মুসলিম দেশ এক যৌথ বিবৃতিতে চুক্তি কার্যকরের পরও ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানায় যাতে যুদ্ধবিরতি টিকে থাকে।
এরপর বুধবার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা হামাসের হামলার জবাব দিচ্ছে মাত্র এবং কেবল তাদের সেনাবাহিনীর সুরক্ষায় পদক্ষেপ নিচ্ছে। হামাসের কর্মকাণ্ড যুদ্ধবিরতিকে ক্ষুণ্ন করলেও ইসরায়েল তা বজায় রাখতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি বলেন, হামাস আগের মতো প্রতারণামূলক কৌশল ব্যবহার করে পুনরায় অস্ত্র সংগ্রহ ও হামলার প্রস্তুতি নিচ্ছে কি না তা পর্যবেক্ষণ ও যেকোনো নিরাপত্তাজনিত পরিস্থিতি মোকাবিলা করার জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে হয়।
অগ্রগতির ইঙ্গিত
ইসরায়েলে শেষ জিম্মির মরদেহ ফেরত পাওয়া, সীমিতভাবে রাফাহ ক্রসিং খোলা এবং গাজা শাসন ও পুনর্গঠন তদারকির জন্য একটি ফিলিস্তিনি কমিটি গঠনের ঘোষণা—এসব কার্যক্রম সহিংসতার মাঝেও যুদ্ধবিরতির চুক্তি এগিয়ে নেওয়ার ইঙ্গিত দেয়।
গত মাসে যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ বলেন, এখন সময় এসেছে যুদ্ধবিরতি থেকে নিরস্ত্রীকরণ, টেকনোক্র্যাটিক শাসন এবং পুনর্গঠনের দিকে অগ্রসর হওয়ার।
এর জন্য ইসরায়েল ও হামাসকে এমন সব বড় ইস্যুতে সমাধানে আসতে হবে যেগুলোতে তারা তীব্রভাবে বিভক্ত। এর মধ্যে রয়েছে ইসরায়েল পুরোপুরি গাজা থেকে সরে যাবে কি না এবং হামাস অস্ত্র ত্যাগ করবে কি না সেসব বিষয়।
তবে রাজনৈতিক নেতারা এখনও যুদ্ধবিরতির কথা বললেও যুদ্ধ থেকে সরে না যাওয়ায় গাজায় হতাশা বাড়ছে।
গত শনিবার সকালে নামাজের সময় গাজা শহরে বিস্ফোরণের শব্দ শুনে আতাল্লাহ আবু হাদাইয়েদ বাইরে ছুটে যান এবং দেখেন তার চাচাতো ভাইরা মাটিতে পড়ে আছে এবং চারপাশে আগুন জ্বলছে।
শরণার্থী শিবির থেকে তিনি বলেন, আমরা জানি না আমরা যুদ্ধে আছি না শান্তিতে।
২৭ দিন আগে
গাজায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়াল
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
গত ১০ অক্টোবর সর্বশেষ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এই সংখ্যা বাড়ছে। ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে হামলা চালিয়ে যাচ্ছে, আর ইতোমধ্যে ধ্বংস্তুপে পরিণত হওয়া গাজা থেকে আরও মরদেহ উদ্ধার করা হচ্ছে।
শনিবার (২৯ নভেম্বর) হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা এখন ৭০ হাজার ১০০।
এদিকে, গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় আরও দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে নাসের হাসপাতাল।
ওই হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, ৮ ও ১১ বছর বয়সী দুই শিশুর মরদেহ সেখানে আনা হয়। স্থানীয় বেনি সুহাইলায় শরণার্থীদের একটি স্কুলের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয় ওই দুই ভাই।
তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে ‘সন্দেহজনক কার্যক্রম’ চালাচ্ছিল এবং সৈন্যদের দিকে এগিয়ে যাচ্ছিল—এমন দুই ব্যক্তিকে তারা হত্যা করেছে। বিবৃতিতে শিশুদের কথা উল্লেখ করা হয়নি। এ ছাড়া দক্ষিণে পৃথক একটি ঘটনায় তারা আরও একজনকে হত্যা করেছে বলেও উল্লেখ করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১০ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩৫২ ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে নিহত বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের তালিকা মন্ত্রণালয় আলাদা করে উল্লেখ করে না।
যুদ্ধবিরতি ভঙ্গকারী যোদ্ধারাই তাদের লক্ষ্যবস্তু হচ্ছে বলে দাবি করে আসছে ইসরায়েল। তবে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই পরস্পরকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। শনিবার আবারও ইসরায়েলকে যুদ্ধবিরতি ভঙ্গ বন্ধে চাপ প্রয়োগ করতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।
গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ বেসামরিক নাগরিককে হত্যা করে এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়ার পর এই সংঘাত শুরু হয়।
তবে দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ সংঘাতের মাঝে যুদ্ধবিরতি বা অন্যান্য চুক্তির মাধ্যমে প্রায় সব জিম্মি বা তাদের মরদেহ ইসরায়েলে ফেরত গেলেও এখনো দুই জিম্মির মরদেহ (এক ইসরায়েলি ও এক থাই নাগরিক) ফেরত আসেনি। শনিবার রাতে তাদের ফিরিয়ে আনার দাবিতে আবারও তেল আবিবে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা।
৯৫ দিন আগে
ইসরায়েলি হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত
ইসরায়েলি বিমান হামলায় হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে আহমেদ আল-রাহাওয়িসহ হুতি সরকারের বেশ কয়েকজন মন্ত্রী নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তা আহত হয়েছেন জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটড প্রেস (এপি)।
পরে শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে হুতি সরকারের পক্ষ থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদের পরিচালিত সরকারের বার্ষিক কার্য মূল্যায়নের জন্য আয়োজিত একটি কর্মশালায় এ হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এদিকে, বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এই হামলার ‘প্রতিশোধ’ নেওয়া হবে বলে অঙ্গীকার করেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মুহাম্মদ আব্দুল করিম আল-গামারি।
বৃহস্পতিবার হুতি-সমর্থিত একটি টেলিভিশন চ্যানেলে গাজায় চলমান পরিস্থিতি ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে গোষ্ঠীটির নেতা আবদুল মালিক আল-হুথির পূর্বে রেকর্ড করা একটি ভাষণ প্রচার করা হচ্ছিল। ঠিক সেই সময়েই বিমান হামলা চালায় ইসরায়েল। হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তারা সাধারণত এ ধরনের ভাষণ একত্র হয়ে দেখতেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটড প্রেস (এপি)।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আবইয়ান প্রদেশের বাসিন্দা সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন আল-রাহাওয়ি। ২০১৪ সালে হুতিরা সানা ও দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের একটি বড় অংশ দখল করলে তিনি বিদ্রোহীদের সঙ্গে যোগ দেন। এরপর ২০২৪ সালের আগস্ট থেকে হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আল-রাহাওয়ি।
নাম প্রকাশ না করার শর্তে তিন উপজাতীয় নেতা এপিকে জানিয়েছেন, সানার দক্ষিণাঞ্চলের বেইত বাওস গ্রামে একটি ভিলায় হুতি নেতাদের বৈঠক চলাকালে ওই হামলা চালায় ইসরায়েল।
এদিকে, বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী সানা এলাকায় ‘হুতি সন্ত্রাসী সরকারের একটি সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে। পরে শনিবারে আরেক বিবৃতিতে আল-রাহাওয়িসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা। নিহত হুতি নেতারা ইসরায়েলের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
গত সপ্তাহে হুতি-নিয়ন্ত্রিত তেল কোম্পানির স্থাপনা ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। ২৪ আগস্টের ওই হামলার তিন দিন আগে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুতি বিদ্রোহীরা।
মূলত, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েলি ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছিল হুতিরা। এর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত
এরপর এপ্রিলে ইয়েমেনে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সে সময় দেশটির সাবা প্রদেশে মার্কিন হামলায় অন্তত ৬৮ জন নিহত ও ৪৭ জন আহত হন।
পরে মে মাসে ট্রাম্প প্রশাসনের একটি সমঝোতা চুক্তি করে হুতিরা। ওই চুক্তির আওতায়, আকাশপথে হামলা বন্ধের বিনিময়ে লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করার কথা জানায় তারা।
তবে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন হুতি বিদ্রোহীরা।
১৮৬ দিন আগে
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগ করবে না হামাস
একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগ না করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ ঘোষণার মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় ইসরায়েলের একটি প্রধান দাবি প্রত্যাখ্যান করল সংগঠনটি।
স্থানীয় সময় শনিবার (২ আগস্ট) এ ঘোষণা দেয় হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় হামাস এই সিদ্ধান্ত জানিয়েছে।
এর আগে উইটকফ বলেছিলেন, হামাস অস্ত্র ত্যাগের ইচ্ছা প্রকাশ করেছে। তবে তা সত্য নয় বলে দাবি হামাসের।
এদিকে, ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন গাজা যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা স্থবির হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় চলমান ওই আলোচনায় ৬০ দিনের যুদ্ধবিরতির কথা ছিল।
বিবিসি বলেছে, হামাস অস্ত্রত্যাগ না করলে কোনো চুক্তিতে আসতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে হামাস বলছে, জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, পুরোপুরি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সশস্ত্র প্রতিরোধের অধিকার ত্যাগ করা হবে না।
গত কয়েকদিনে বেশ কিছু আরব সরকারও হামাসকে নিরস্ত্র হয়ে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে আহ্বান জানিয়েছে।
শুক্রবার (১ আগস্ট) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়াল জামির সতর্ক করে বলেন, দ্রুত জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে আলোচনা ব্যর্থ হলে গাজায় যুদ্ধের কোনো বিরতি থাকবে না।
আরও পড়ুন: যুদ্ধবিরতি প্রস্তাবে ‘ইতিবাচক’ সাড়া দেওয়ার দাবি হামাসের
এদিকে, ফ্রান্স ও কানাডাসহ কয়েকটি পশ্চিমা দেশ আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। যুক্তরাজ্য জানিয়েছে, ইসরায়েল সেপ্টেম্বরের মধ্যে যদি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করে, তবে তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
বর্তমানে গাজায় চলমান দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে ব্যাপক চাপের মুখে রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ পর্যন্ত গাজায় অনাহারে অন্তত ১৬৯ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে রয়েছে ৯৩টি শিশু।
এমন পরিস্থিতিতে তেল আবিব সফরে রয়েছেন উইটকফ। হামাসের হাতে জিম্মিদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।
উইটকফ বলেন, সংঘাতের অবসান ও সব জিম্মিকে বাড়ি ফিরিয়ে আনাকে কেন্দ্র করেই শান্তি প্রচেষ্টা হওয়া উচিত।
সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন এবং শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলে এক বহুল সমালোচিত ত্রাণ বিতরণকেন্দ্র পরিদর্শন করেন।
আরও পড়ুন: অগ্রগতি ছাড়াই শেষ ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতির প্রথম ধাপের আলোচনা
জাতিসংঘের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মে মাসের থেকে এ পর্যন্ত খাবার নিতে গিয়ে অন্তত ১ হাজার ৩৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নিহতদের অধিকাংশই ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) বিতরণকেন্দ্রের আশপাশে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন বলে দাবি তাদের।
তবে ইসরায়েলে দাবি, এসব বিতরণকেন্দ্রের আশেপাশে বিশৃঙ্খলা তৈরি করছে হামাস। ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে লক্ষ্য করে গুলি চালায় না।
২১৫ দিন আগে
‘গাজায় বোমার চেয়ে বিধ্বংসী হয়ে উঠেছে ক্ষুধা’
ইসরায়েলি আগ্রাসনে ক্ষুধার রাজ্যে পরিণত হওয়া গাজা উপত্যকায় খাবার না পেয়ে আরও অন্তত ১০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।
এ বিষয়ে মধ্য গাজা থেকে সাংবাদিক তারেক আবু আজ্জুম বলেছেন, ‘এখানে ক্ষুধা বোমার চেয়ে বিধ্বংসী হয়ে দাড়িঁয়েছে। বাসিন্দারা এখন পর্যাপ্ত খাবারের আশা করেন না। তারা যেকোনো খাদ্যবস্তুর জন্যই আশায় বুক বাঁধছেন।’
কাতারভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম আল জাজিরার এই প্রতিবেদক বলেন, ‘ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সৃষ্ট দুর্ভিক্ষের ফলে এখানকার মানুষ ধীরে ধীরে যন্ত্রণাদায়ক পাশবিক মৃত্যুর দিকে ঢলে পড়ছে।’
২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ১১১ জন ফিলিস্তিনি খাদ্য সংকটে মারা গেছেন। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বেশি ঘটছে বলে জানিয়েছেন গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।
বুধবার (২৩ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৪ ত্রাণপ্রত্যাশীসহ অন্তত ১০০ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য মতে, চলতি বছরে এখন পর্যন্ত ২১টি শিশু অপুষ্টিতে ভুগে মারা গেছে। মার্চ থেকে মে পর্যন্ত প্রায় ৮০ দিন তারা ত্রাণ সরবরাহ করতে পারেনি। এর ফলেই অপুষ্টিতে মৃত্যুর ঘটনা বেড়েছে। সংস্থাটি জানায়, গাজায় খাদ্য সরবরাহ পুনরায় চালু হলেও তা চাহিদার তুলনায় যথেষ্ট নয়।
মার্সি কর্পস, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, রিফিউজি ইন্টারন্যাশনালসহ ১১১টি মানবিক সংস্থা এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে ‘ক্ষুধাস্ত্র’ ব্যবহারের অভিযোগ তুলেছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।
বিবৃতিতে বলা হয়, উপত্যকায় ‘গণঅনাহার’ ছড়িয়ে পড়ছে। অথচ হাজার হাজার টন খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী গাজা সীমান্তের কাছেই ফেলে রাখা হয়েছে। সেখানে সাহায্য সংস্থাগুলোর কার্যক্রমকেও বাধা দেওয়া হচ্ছে।
পড়ুন: ‘ফিলিস্তিনপন্থি’ বিক্ষোভে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের বহিষ্কার করল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
গত মার্চে ইসরায়েল গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর আন্তর্জাতিক চাপের মুখে গত ২৬ মে থেকে ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচটি) নামে নতুন ত্রাণ বিতরণ কাঠামো চালু হয়েছে।
গাজায় চলমান চরম মানবিক সংকটের মধ্যে জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েল গাজায় খাদ্য সরবরাহ কার্যত বন্ধ করে দিয়েছে, যেখানে সীমান্তে ত্রাণবাহী ট্রাক দাঁড়িয়ে থাকলেও তা বিতরণের সুযোগ নেই।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক রস স্মিথ বলেন, ‘মে মাস থেকে ত্রাণ সাহায্য বিতরণকেন্দ্রে গুলিতে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ডব্লিউএইচওর ফিলিস্তিন প্রতিনিধি রিক পিপারকর্ন বলেন, ‘ত্রাণ নিতে আসা ব্যক্তিদের ওপর বারবার হামলার ফলে গাজায় অবশিষ্ট কয়েকটি হাসপাতাল ‘বৃহৎ ট্রমা ওয়ার্ডে’ পরিণত হয়েছে।
তিনি জানান, খাদ্যাভাব এতটাই প্রকট যে শিক্ষক, সাংবাদিক, এমনকি স্বাস্থ্যকর্মীরাও স্বাভাবিক কাজ করতে পারছেন না।
গাজার আল-শিফা হাসপাতালের যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক নূর শরাফ বলেন, ‘মানুষ কয়েকদিন ধরে কিছু খেতে পায়নি। অনেক সময় ডাক্তাররাও না খেয়ে তাদের দায়িত্ব পালন করছেন।’
এদিকে গাজা সিটিসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর তীব্র হামলা অব্যাহত। সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি হামলায় আরও দুই ফিলিস্তিনি সাংবাদিক— ফটোজার্নালিস্ট তামের আল-জা’আনিন ও সম্পাদক ওয়ালা আল-জাবারিকে হত্যা করা হয়েছে।
এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৩১-এ দাঁড়িয়েছে।
এর মধ্যে আল-জা’আনিন বিভিন্ন গণমাধ্যমে ফটোজার্নালিস্ট হিসেবে কাজ করতেন এবং ওয়ালা আল-জাবারি বিভিন্ন সংবাদপত্রে সম্পাদকীয়র দায়িত্বে ছিলেন।
পড়ুন: খাবার নিতে গিয়ে নিহত আরও ৯৩ ফিলিস্তিনি, ‘বর্বরতা’ বন্ধের আহ্বান পোপের
এমন পরিস্থিতিতে, গাজা যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইউরোপের পথে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ।
হোয়াইট হাউস জানিয়েছে, তিনি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ও বন্দিমুক্তি আলোচনার বিষয়ে আলোচনা করবেন।
কাতার ও মিসরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি ও অন্তত ৫০ বন্দির মুক্তি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে। তবে মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার পর থেকে এ নিয়ে কোনো কার্যকর অগ্রগতি হয়নি।
২২৪ দিন আগে
খাবার নিতে গিয়ে নিহত আরও ৯৩ ফিলিস্তিনি, ‘বর্বরতা’ বন্ধের আহ্বান পোপের
গাজায় ত্রাণকেন্দ্রে খাবার নিতে গিয়ে ইসরায়েলি হামলায় আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি মধ্য গাজা থেকে নতুন করে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল, যেখানে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলের এসব কার্যকলাপকে ‘বর্বরতা’ ও ‘নির্বিচারে ক্ষমতার প্রয়োগ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন পোপ লিও চতুর্দশ।
স্থানীয় সময় রবিবার (২০ জুলাই) গাজার উত্তরের জিকিম সীমান্ত দিয়ে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাক প্রবেশের সময় সেগুলোর জন্য অপেক্ষারত মানুষের ওপর ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
দ্য গার্ডিয়ানকে গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, গাজার দক্ষিণের রাফাহ শহরের কাছাকাছি একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে আরও ৯ জন গুলিতে নিহত হয়েছেন। একইভাবে খান ইউনিসে আরেকটি ত্রাণকেন্দ্রের কাছে আরও ৪ জন প্রাণ হারিয়েছেন ইসরায়েলি হামলায়।
এদিকে, ত্রাণকেন্দ্রের কাছে চালানো হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হুমকি মনে করে উত্তর গাজায় জড়ো হওয়া মানুষের ওপর গুলি ছুড়েছে তারা। তবে নিহতের যে সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তা তাদের প্রাথমিক তদন্তে পাওয়া সংখ্যার তুলনায় অনেক বেশি বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানান, রবিবার সকাল থেকে তারা ৪৮টি লাশ ও ১৫০ জন আহত ফিলিস্তিনিকে এই হাসপাতালে নেওয়া হয়েছে। জিকিম সীমান্ত থেকে এসব হতাহতদের আনা হয়েছে বলে জানান তিনি।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এক বিবৃতিতে জানিয়েছে, মানবিক সহায়তা নিতে আসা মানুষের ওপর যেকোনো ধরনের হামলা পুরোপুরি অগ্রহণযোগ্য।
গাজায় বর্বরতা বন্ধের আহ্বান পোপের
ইসরায়েলের সর্বশেষ হামলার খবর প্রকাশের আগেই অবিলম্বে গাজা যুদ্ধের বর্বরতা বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। রোমের ক্যাসেল গানদলফোতে অ্যাঞ্জেলাস প্রার্থনার শেষে তিনি এসব বলেন।
এ সময় গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলের চালানো হামলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পোপ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এই হামলা গাজার বেসামরিক জনগণ ও তাদের প্রার্থনাস্থলের ওপর চালানো হামলার একটি নতুন সংযোজন মাত্র।’
এ সময় মানবাধিকার আইন মেনে চলার পাশাপাশি বেসামরিক মানুষের সুরক্ষা, সামগ্রিকভাবে শাস্তি দেওয়া বন্ধ করা, নির্বিচারে বলপ্রয়োগ ও জোরপূর্বক জনগণকে উচ্ছেদ করার মতো কার্যকলাপ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে, ইসরায়েলে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) প্রধান জোনাথন হুইটলের আবাসনের অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) বাতিল করেছে তেল আবিব। জোনাথন গাজার মানবিক পরিস্থিতি বারবার নিন্দা জানিয়েছিলেন।
জোনাথন কোনো প্রমাণ ছাড়াই গাজা যুদ্ধ নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছিলেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার।
মাথা গোঁজার ঠাঁই নিয়ে দিশেহারা ফিলিস্তিনিরা
নতুন করে মধ্য গাজার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় মানুষগুলো। ওই এলাকায় বহু বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। তাছাড়া সেখানকার খুব কম স্থানই রয়েছে যেখানে স্থল অভিযান চালায়নি ইসরায়েল। এ ছাড়া, ওই এলাকাগুলোতে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো ত্রাণ কার্যক্রম পরিচালনার চেষ্টা করে থাকে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের তিনটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপরই সেখান থেকে পালাতে শুরু করেছেন বাসিন্দারা।
এক স্থানীয় বলেন, ‘তারা (ইসরায়েলি সেনাবাহিনী) লিফলেট ছুড়ে আমাদের সরে যেতে বলেছেন। কিন্তু আমরা জানি না কোথায় যাব, আমাদের জন্য কোনো আশ্রয় বা কিছুই নেই।’
এই নির্দেশ গাজা উপত্যকার মানুষগুলোর জীবন রক্ষায় যে সামান্য নাজুক কিছু অবলম্বন এখনো টিকে আছে, তার ওপর আরও একটি ভয়াবহ আঘাত বলে মন্তব্য করেছে ওসিএইচএ।
এদিকে, গাজায় খাদ্যসংকট ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। পর্যাপ্ত ত্রাণ থাকার পরও তা গাজাবাসীর কাছে পৌঁছে দিতে পারছে না বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনিদের জন্য কাজ করা সংস্থা ইউএনআরডব্লিউএ। ইসরায়েল ১০ লাখ শিশুসহ গাজার বেসামরিক মানুষদের ‘অনাহারে মারছে’ বলে অভিযোগ করেছে সংস্থাটি।
এসব অসহায় মানুষকে সহায়তা করতে অবরোধ তুলে নিয়ে ইউএনআরডব্লিউএ-কে গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গাজায় এই সংস্থাটির প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েল। যদিও এই অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ তারা দেখায়নি।এই সংস্থাটিই ছিল গাজায় প্রধান ত্রাণ বিতরণকারী এবং ফিলিস্তিনিদের জন্য স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক সেবার অন্যতম প্রধান সরবরাহকারী। ইসরায়েলের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে সংস্থাটি।
তবে ইউএনআরডব্লিউএ’র ওপর থেকে এখনো নিষেধাজ্ঞা তুলে নেয়নি ইসরায়েল। পরিবর্তে যুক্তরাষ্ট্রের সহায়তায় চালু করেছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)।
মে থেকে চালু হওয়া এই জিএইচএফ-এর ত্রাণকেন্দ্র থেকে খাবার নিতে গিয়ে এরই মধ্যে আট শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে।
২২৭ দিন আগে
ত্রাণ বিতরণ কেন্দ্রে নির্বিচারে গুলি, ৩২ ফিলিস্তিনি নিহত
গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর আবারও নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত আরও অনেকে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো থেকে খাবার নিতে গেলে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় সময় শনিবার (১৯ জুলাই) দক্ষিণ গাজায় জিএইচএফের ত্রাণকেন্দ্রগুলোতে এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য, দক্ষিণ গাজার রাফা শহরের কাছে ত্রাণ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার পর সন্দেহভাজন কয়েক ব্যক্তি তাদের (সেনা) দিকে অগ্রসর হলে, দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়। কিন্তু তারা সেনাদের কথা না শুনলে সতর্কতামূলক গুলি ছোঁড়া হয়।
জিএইচএফ জানিয়েছে, তাদের ত্রাণকেন্দ্রগুলোতে কিংবা আশেপাশে এমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংস্থাটির ভাষ্যে, আমরা বারবার ত্রাণ নিতে আসা মানুষদের সতর্ক করেছি যে তারা যেন রাতে কিংবা ভোরে এখানে না আসে।
প্রত্যক্ষদর্শীরা বলছে ভিন্ন কথা
শনিবারের হামলায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত জিএইচএফের একটি ত্রাণকেন্দ্রের ৩ কিলোমিটারের মধ্যে।
মাহমুদ মোকেইমার নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনিসহ আরও কয়েকজন তরুণ ত্রাণকেন্দ্রের দিকে যাচ্ছিলেন। তখন ইসরায়েলি সেনারা প্রথমে সতর্কতামূলক গুলি ছোঁড়ে, এরপর সরাসরি তাদের ওপর গুলি চালানো হয়।
আরও পড়ুন: ত্রাণ নিতে গিয়ে মে থেকে প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত
তিনি বলেন, ‘সেনারা আমাদের ওপর নির্বিচিারে গুলি চালিয়েছে। নিজের চোখের সামনেই তিনজনকে নিহত হতে দেখেছি আমি। অনেকে দৌঁড়ে পালিয়ে কোনোমতে প্রাণ বাঁচিয়েছে।’
আকরাম আখের নামে আরেক প্রত্যক্ষদর্শী জানান, ভোর আনুমানিক ৫টা থেকে সকাল ৬টার মধ্যে এসব হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, ‘ইসরায়েলি সেনারা চারপাশ থেকে ঘিরে ফেলে সরাসরি আমাদের ওপর গুলি চালায়।’ এত বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান আকরাম।
সানা আল-জাবেরি নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ত্রাণকেন্দ্র খোলার পরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এটা কি আসলে খাবার দেওয়া হচ্ছে নাকি মৃত্যু? তারা আমাদের সঙ্গে কোনো কথা বলে না, শুধু গুলি চালায়।’
বেড়েই চলেই লাশের সংখ্যা
এই হামলার পর ২৫টি লাশ পাওয়ার কথা জানিয়েছে খান ইউনিসের নাসের হাসপাতাল কর্তৃপক্ষ। তাছাড়া, রাফায় অবস্থিত জিএইচএফের আরেকটি ত্রাণকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে এক নারীসহ ৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
নাসের হাসপাতালের নার্সিং ডিপার্টমেন্টের প্রধান ডা. মোহামেদ শাকের বলেছেন, ওই হাসপাতালে প্রায় ৭০ জন আহত রোগী এসেছেন, তাদের বেশিরভাগ মাথায় ও বুকে গুলি লেগেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি বিভাগের প্রধান ফারেস আওয়াদ জানান, গাজা শহরের একটি তাঁবুতে ইসরায়েলের চালানো বিমান হামলায় দুইজন নিহত হয়েছেন। অন্যদিকে, মধ্য গাজায় ইসরায়েলি বিমান হামলায় নবজাতক ও নারীসহ ১২ জন নিহত হয়েছেন। বুরেঝিতে নিহত হয়েছেন আরও দুই ফিলিস্তিনি এবং মধ্য গাজায় রাস্তায় প্রাণ গেছে এক শিশুর।
এসব মৃত্যুর বিষয়ে বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। তবে শনিবার দিনভর অন্তত ৯০টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা।
আরও পড়ুন: খাবার নিতে আসা শিশুদের ওপর ইসরায়েলের ‘অমার্জনীয়’ হামলা
এদিকে, ২১ মাসের এই হামলায় ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাছাড়া, গাজায় খাদ্য সংকট নিয়ে বারবার সতর্ক করে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।
টানা অবরোধের পর মে মাস থেকে সীমিত পরিসরে ত্রাণ দেওয়া শুরু করে জিএইচএফ। এ সংস্থাটির অধীনে পরিচালিত ত্রাণকেন্দ্র থেকে খাবার আনতে গিয়ে এরই মধ্যে আট শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে।
২২৯ দিন আগে