শেরপুর সেতু
শেরপুর সেতু দিয়ে ৩ দিন বন্ধ থাকবে যান চলাচল
জরুরি মেরামত কাজের জন্য আগামী শুক্রবার (২৪ এপ্রিল) থেকে টানা তিন দিনের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু দিয়ে যান চলাচল সাময়িক বন্ধ থাকবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামতের কাজ আগামী ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত চলমান থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ এপ্রিল (শুক্রবার) সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এক লেনে যান চলাচল করবে। তবে ওই দিন রাত ১১টা থেকে ২৫ এপ্রিল (শনিবার) সকাল ৯টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সেতুর এক লেনে সীমিতভাবে যান চলাচল করবে। মেরামত কাজ শেষে ২৬ এপ্রিল (রবিবার) সকাল ৮টার পর সেতুটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
এদিকে, সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকাকালীন বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। মহাসড়কে চলাচলকারী শায়েস্তাগঞ্জ–শেরপুর–সিলেট রুটের যানবাহনের জন্য শায়েস্তাগঞ্জ–মিরপুর (বাহুবল)–শ্রীমঙ্গল–মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ–সিলেট সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
এ ছাড়াও শেরপুর (মৌলভীবাজার)–সিলেট রুটের যানবাহনের জন্য মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ–সিলেট সড়ক এবং ঢাকা–সিলেট–সুনামগঞ্জ রুটের যানবাহনের জন্য নবীগঞ্জের সৈয়দপুর বাজার–রানীগঞ্জ–জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রাতে ১০ ঘণ্টার জন্য বন্ধ হচ্ছে শেরপুর সেতু
সিলেট-ঢাকা মহাসড়কে কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতু ১০ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। এই সময়ে সেতুটিতে চলবে সংস্কার কাজ। সেতু বন্ধ থাকায় যাতায়াতে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে পরের দিন শনিবার সকাল ৯টা পর্যন্ত সেতুর মেরামত কাজ চলবে। এই সময় ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের যানচলাচল বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার জানিয়েছে তথ্য অধিদপ্তর।
যাতায়তের সুবিধার্থে বিকল্প রুট হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহারের অনুরোধ করা হয়েছে সওজের সংবাদ বিজ্ঞপ্তিতে।
প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর ওপরে অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত করা হবে। এ সময়ে সেতুর ওপর যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
এতে সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহার করতে বলা হয়েছে। এই রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের জন্য শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শেরপুর সেতু বন্ধ থাকাকালে ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে চলাচলকারী যানবাহনকে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ রুট ব্যবহার করতে হবে।
৪১৮ দিন আগে