মমতাজ বেগম
তিন মামলায় জামিন পেয়েছেন সাবেক এমপি মমতাজ বেগম
রাজধানীর মিরপুর থানায় করা সাগর হত্যা মামলাসহ তিন মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য (এমপি) শিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
পৃথক আবেদন শুনানির পর সোমবার (১৫ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এবিএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে মমতাজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট খায়রুন নেছা।
এর আগে, এসব মামলায় মমতাজ বেগমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
গত বছরের ১২ মে রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেপ্তার হন মমতাজ বেগম। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
এরপর গত বছরের ১৭ মে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে কারাগারে পাঠানো হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।
৫ দিন আগে
কড়া নিরাপত্তায় মমতাজের মানিকগঞ্জ আদালতে হাজিরা
সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে কড়া পাহারার মধ্যে দিয়ে মানিকগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকালে সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে পুলিশি পাহারায় তাকে আদালতে নিয়ে হাজির করা হয়। এ সময় আদালত চত্বরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
আরও পড়ুন: মানিকগঞ্জ আদালতে মমতাজকে ডিম নিক্ষেপ
সিংগাইর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলাসহ দুটি মামলার নিয়মিত হাজিরা দিতে আজ (মঙ্গলবার) তাকে আদালতে আনা হয়। বেলা সাড়ে ১১টার দিকে তাকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, ‘মমতাজ বেগমকে নিয়মিত হাজিরা হিসেবে আদালতে আনা হয়েছে। হাজিরা শেষে ছয় দিনের রিমান্ড আবেদন করা হতে পারে বলেও জানান তিনি।’এরআগে, মামলার প্রথম দিন আদালত চত্বরে মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। এর পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত এলাকায়।
৩৮৯ দিন আগে
সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ গ্রেপ্তার
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেপ্তার হয়েছেন।
ধানমণ্ডির স্টার কাবাব রেস্তোরাঁ এলাকা থেকে সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে গোয়োন্দা পুলিশ সদস্যরা (ডিবি) তাকে গ্রেপ্তার করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিসি তালেবুর রহমান। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, প্রাথমিকভাবে তা নিশ্চিত করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
মমতাজ বেগম বাংলাদেশের একজন খ্যাতনামা লোকসংগীতশিল্পী। ২০০৯ সালে আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে সরব হন তিনি। ওই বছর দলটির মনোনয়নে সংরক্ষিত নারী আসন-২১ থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা দুই মেয়াদে তিনি মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে হেরে যান তিনি।
সংসদ সদস্য নির্বাচিত না হলেও দীর্ঘদিন ধরে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
৪০৩ দিন আগে