ককটেল
কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বিএনপির একটি কার্যালয়ে অতর্কিতভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুরুতর আহত হয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে স্থানীয় দুই বিএনপি নেতার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
রবিবার (৩১ মে) রাত পৌনে ১০টার দিকে উপজেলার পিয়ারপুর গ্রামের নুরুল ইসলামের বাড়ির সামনে অবস্থিত বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জহুরুল করিম বিশ্বাস এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনতাজের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
রবিবার রাতে পিয়ারপুর গ্রামের মো. ফুরকান (৫৫), এছেম (৫০), ফিরোজ (৪৮) ও মনিরুজ্জামান মুনতাজের কয়েকজন কর্মী বিএনপি কার্যালয়-সংলগ্ন চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে বিএনপি কার্যালয় লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হলে এলাকায় তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় হামলায় আহত হন পিয়ারপুর এলাকার রহমত মন্ডলের ছেলে ফুরকান কসাই, হাজেদ্দিনের ছেলে এছেম এবং আতর আলী কবিরাজের ছেলে ফিরোজ। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের হাসপাতালে ভর্তি রাখার পরামর্শ দেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সেখানে গোয়েন্দা সংস্থার সদস্যরাও নজরদারি অব্যাহত রেখেছেন বলে জানিয়েছে থানা পুলিশ।
এ বিষয়ে মনিরুজ্জামান মুনতাজ বলেন, ‘এই হামলার সঙ্গে জহুরুল করিম বিশ্বাস ও তার লোকজন সরাসরি জড়িত। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’
তবে সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তারা (মুনতাজ ও তার লোকজন) নিজেরাই নিজেদের অফিসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমার ও আমার লোকজনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন বলেন, পিয়ারপুর গ্রামে আধিপত্য বিস্তারের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থল থেকে দুটি ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক তদন্তে কয়েকজনের নাম উঠে এসেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩ দিন আগে
ভোলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট ছিনতাই, আটক ১
ভোলা-১ (সদর) আসনের আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ করে ব্যালট পেপার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দেড় ঘণ্টা ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ছিল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘনটাস্থল থেকে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করা হয়েছে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, দুপুর সোয়া ১২টার দিকে একদল গুন্ডা লোক বোমা ফাটিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে কেন্দ্রের দায়িত্বরত অনেককে হেনস্তা করেছে। এ সময় তারা ৫৬টি ব্যালট পেপার ছিনিয়ে নেয় এবং ৭৬টি উল্টাপাল্টা সিল মেরে রেখে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সে সময় থেকে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।
এ খবর পেয়ে কেন্দ্রে ছুটে যান সংসদ সদস্য প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত হওয়ার পর দুপুর ২টার পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
১১২ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ১৫০ গ্রাম গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জিলানী মোড় এলাকায় একটি আম বাগান থেকে এসব বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।
আজ (সোমবার) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গতকাল রাত সাড়ে ১০টার দিকে জেলার জিলানী মোড় এলাকায় একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিন ব্যাগে থাকা ২ কেজি ১৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে। এছাড়া অপর একটি পলিথিন ব্যাগে থাকা ককটেল তৈরির সরঞ্জাম—কাঁচের গুড়া, ভাঙ্গা ব্লেড, লোহার তারকাঁটা, লাল রংয়ের ৩টি স্কচটেপ ও ৩টি জর্দার কৌটা উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
উদ্ধারকৃত গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৫৭ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সভাস্থলে ককটেল, এলাকায় উত্তেজনা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার সভাস্থলের নির্মাণাধীন প্যান্ডেলের পাশ থেকে তিনটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এর ফলে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠের পেছন থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে সভা ডাকে উপজেলা স্বেচ্ছাসেবক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রুমিন ফারহানার।
তবে একই মাঠে পাল্টা সভার ঘোষণা দেন উপজেলা বিএনপির সভাপতি শাহ জাহান সিরাজ। দুই গ্রুপের সভা আহ্বানকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই সেখানে উত্তেজনা বিরাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে বিএনপির দুই গ্রুপের সভা আয়োজনের আবেদনপত্র থেকে জানা যায়, আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব উপজেলার আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে সভা করার অনুমতি চেয়ে গত ১০ ফেব্রুয়ারি আবেদন করেন। অন্যদিকে, একই স্থানে আড়াইসিধা ইউনিয়ন বিএনপির কর্মীসভার আয়োজন করতে ২০ ফেব্রুয়ারি আরেকটি আবেদন করেন আড়াইসিধা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া। আবেদনের পরিপ্রেক্ষিতে শান্তিপূর্ণভাবে সভা করার বিষয়ে বলা হয়।
আরও পড়ুন: ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে ‘ককটেল বিস্ফোরণ’
এছাড়া আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আড়াইসিধা কাদির ভুইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছেও তারা আবেদনপত্রের পৃথক অনুলিপি দেন।
এদিকে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভার আয়োজনের জন্য তিন দিন ধরেই মঞ্চ তৈরির কাজ চলছিল। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা এ কাজে বাধা দিলে, দুই গ্রুপের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়। এরই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) রুমিন ফারহানার সভাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করা হলো।
ককটেল উদ্ধারের বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘সভাস্থলে ককটেল পাওয়ার বিষয়টি আসলে রাজনৈতিক নোংরামি ছাড়া আর কিছু না। আমার জনপ্রিয়তায় ভীত হয়ে এগুলো করছে। কিছু লোক পরিচ্ছন্ন রাজনীতিতে টিকতে না পেরে এবং তাদের কর্মকাণ্ড মানুষের কাছে গ্রহণযোগ্যতা না থাকায় তারা এসব করে যাচ্ছে।’
আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাকিম পাটোয়ারি বলেন, ‘আমরা খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি। সেনা সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘রুমিন ফারহানার সভাকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এই কাজ করেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’
৪৬২ দিন আগে
ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ককটেলসহ ভিজিডি ও টিসিবির পণ্য জব্দ
চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ খাঁনের বাড়ি থেকে ককটেলসহ ভিজিডি ও টিসিবির পণ্য জব্দ করা হয়।
শুক্রবার (১০ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী এগুলো জব্দ করে।
আরও পড়ুন: যশোরে মাথায় গুলি করে প্রবাসীকে হত্যা
চেয়ারম্যানের বাড়ি থেকে জব্দ করা হয়- ৫০টি ককটেল, সরকারি ২২০টি কম্বল, ভিজিডির বরাদ্দ দেওয়া ৯০০ কেজি চাল, টিসিবির ১ হাজার ২০০ কেজি চাল, ৮০ কেজি ডাল, ৭২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম. জাহিদ হাসান ইউএনবিকে বলেন, ‘চেয়ারম্যান শরীফ খানের বাড়ি থেকে জব্দ মালামাল ইউনিয়ন পরিষদের সচিবের হেফাজতে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন।’
ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, স্থানীয় বাজারের ব্যবসায়ী আব্দুল কাদিরসহ স্থানীয় বাসিন্দারা বলেন, চেয়ারম্যান শরীফ খান সরকারি মালামাল সঠিকভাবে বণ্টন না করে নিজেই আত্মসাৎ করেছেন। সরকারি চাল তার মাছের খামারে ব্যবহার করেন এবং ডাল, তেল ও চিনি চেয়ারম্যানের নিজের হোটেলে ব্যবহার করেন। তার অন্যায়ের প্রতিবাদ করলে তার সন্ত্রাসী বাহিনী হামলা-মারধর করে।
অভিযানে উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর সদস্য (সাজের্ন্ট) সাঈদ হোসেন, স্থানীয় ইউপি সচিব রাবেয়া বসরি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্থানীয় সমন্বয়ক মো. হাসান, আব্দুল্লাহ আল নোমান।
এদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শরীফ খান পলাতক রয়েছেন। মুঠোফোনে চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: হিন্দু সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে শাহবাগে বিক্ষোভ চলছে
যশোরে টাইলস মিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার
৬৬৩ দিন আগে
মুন্সীগঞ্জে কারফিউ চলাকালে রাতে ককটেল বিস্ফোরণ
কারফিউ চলাকালে রাতের আঁধারে মুন্সীগঞ্জের খালইস্টের সুইপার কলোনির কাছে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) রাত সোয়া ১১টার দিকে এসব ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় তল্লাশি চালায়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ নেতার প্রাইভেটকারে ককটেল হামলা, আহত ২
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, কারফিউ চলাকালে মুন্সীগঞ্জের খালইস্টের সুইপার কলোনির কাছে রাত সোয়া ১১টার দিকে ৮ থেকে ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে আতঙ্কিত হয়ে উঠে আশপাশের এলাকার মানুষ।
এলাকাটির অবসরপ্রাপ্ত সরকারি এক কর্মকর্তা বলেন, কারফিউ চলা অবস্থায় পুরো জেলাই শান্ত ছিল। তবে এই জেলায় আতঙ্কের তকমা দিতে কারা এই ঘটনা ঘটালো, তাদের আইনের আওতায় আনা দরকার।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য বিশেষ একটি মহল এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে।
আরও পড়ুন: বগুড়ায় কোটা সংস্কারপন্থীদের মিছিলে ককটেল বিস্ফোরণ, আহত ১০
ভোলায় সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ, আহত ৪
৬৮০ দিন আগে
ভোলায় সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ, আহত ৪
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনকে ঘিরে ভোলা সদর উপজেলার কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনকে ঘিরে ভোলায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এছাড়া প্রভাব বিস্তারের দায়ে ৩ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে ভ্রাম্যমাণ আদালত ২ জনের ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন।
আরও পড়ুন: বিদ্যালয়ের কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষে ভাইয়ের হাতে ভাই নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর বাজার সংলগ্ন রতনপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আনারস ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের কর্মী- সমর্থকদের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটে। এসময় কয়েক ককটেল বিস্ফোরণে ঘটনায় এলাকার ভোটার ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ-বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়ায় ভোট কেন্দ্রে আসার সময় ও বাপ্তা ইউনিয়নের চৌদ্দঘর স্কুল এলাকায় মোটরসাইকেল ও আনারস প্রতীকের কর্মীদের মধ্যে সংঘর্ষ ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে আহত ৪ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে ভোলার চর সামাইয়া শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। এসময় প্রভাব বিস্তারের দায়ে ৩ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ২ রাউন্ড ফাঁকাগুলি। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ২ জনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা বলেন, খবর পেয়ে তারা শিবপুর ছুটে আসেন। শিবপুরসহ অন্যান্য এলাকায় এখন দুই পক্ষ শান্ত রয়েছে।
আরও পড়ুন: পলাশবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত, আটক ১
শেরপুরে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে ২ কিশোর নিহত
৭৪৪ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ নেতার প্রাইভেটকারে ককটেল হামলা, আহত ২
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামকে বহনকারী প্রাইভেটকারে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের চৌধুরি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এতে গাড়িচালক আব্দুর রহিম ও জেলা পরিষদের অ্যাকাউন্টস অফিসার মামুনুর রশিদ আহত হন।
ককটেলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাইভেটকারটিও। পরে খবর পেয়ে রাতেই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাড়িচালক আব্দুর রহিম বলেন, রাজশাহীতে কাজ শেষ করে তিনজন একই প্রাইভেট কারে শিবগঞ্জের বাড়িতে ফিরছিলেন তারা। সদর উপজেলার চৌধুরি মোড়ে পৌঁছামাত্রই মহাসড়কের পাশ থেকে গাড়িকে লক্ষ্য করে অন্তত ১০টি ককটেল হামলা চালানো হয়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং মামুন তার ডান হাতে লেগে আঘাতপ্রাপ্ত হন। পরে দুজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম বলেন, আমাকে হত্যা করতেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ককটেল হামলা চালানো হয়েছে। তার দাবি-রাজনৈতিক প্রতিপক্ষরাই তাকে হত্যা করতে হামলার ঘটনা ঘটিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ককটেল হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
৮০১ দিন আগে
সিলেটে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, আগুন
সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় দুটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের পাশাপাশি সড়কে টায়ার ফেলে আগুন ধরিয়ে দিয়েছে একদল লোক। এ সময় কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় শতাধিক ব্যক্তি। পরে পুলিশ এসে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাশাপাশি অবস্থিত পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১১টার দিকে শতাধিক ব্যক্তি হঠাৎ লাঠিসোঁটা নিয়ে এসে কেন্দ্রে ঢোকার চেষ্টা করে। এ সময় তারা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ককটেল বিস্ফোরণের পাশাপাশি টায়ারে আগুন জ্বালান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ভোটকেন্দ্রে ককটেলের বিস্ফোরণ, যুবক আটক
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ এসে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিক্ষোভকারীরা দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, বিক্ষোভকারীরা ‘অবৈধ সরকারের অবৈধ ভোট, মানি না মানব না’ বলে স্লোগান দিচ্ছিলেন। তবে তাদের বেশিরভাগেরই মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল।
আরও পড়ুন: হাজারীবাগে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৪
এবিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আজবাহার আলী শেখ জানান, কেন্দ্র দখল করে ভোট ভণ্ডুল করার চেষ্টা চালিয়েছিল একদল বিক্ষোভকারী। যদিও পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে। প্রাথমিকভাবে তারা বিএনপির কর্মী-সমর্থক বলে জানা গেছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: খুলনায় ভোট কেন্দ্রের সামনে থেকে ককটেল উদ্ধার
৮৭৯ দিন আগে
খুলনায় ভোট কেন্দ্রের সামনে থেকে ককটেল উদ্ধার
খুলনা-৫ আসনের ডুমুরিয়ায় একটি ভোটকেন্দ্রের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলার চুগনগর ডিগ্রি কলেজের সামনে থেকে ককটেলটি উদ্ধার করে পুলিশ। এ সময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পাইলট কুমার গাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আনসার সদস্য জীবন সরকার বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ করে লোকজন একটি বস্তু দেখতে পায়। পরে সেটিকে বালতি দিয়ে ঢেকে রাখা হয়। এ সময় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ককটেলটি জব্দ করে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।
তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে কে বা কারা ককটেলটি কেন্দ্রের সামনে রেখেছে সেটি জানা যায়নি বলেও জানান এসআই।
৮৭৯ দিন আগে