প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। একই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন রাজধানীর এক নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৃথকভাবে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুলসংগীতে তৃতীয় স্থান অর্জন করে।
গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে তার একজন কর্মকর্তার হাতে একটি চিঠি তুলে দেয় অনুশ্রী। চিঠিতে সে সংগীতচর্চার প্রতি নিজের ভালোবাসার কথা জানায় এবং একটি হারমোনিয়াম ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করে।
পরে প্রধানমন্ত্রী চিঠিটি পড়ে অনুশ্রীর ইচ্ছা পূরণের নির্দেশ দেন এবং বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আতিকুর রহমান রুমন অনুশ্রী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে সাক্ষাতের সার্বিক বিষয় সমন্বয় করেন। সেই ধারাবাহিকতায় আজ অনুশ্রী বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।