খুলনায় দুটি ট্রাক থেকে সিগারেট তৈরির মেশিন, বিভিন্ন সরঞ্জাম ও ১ হাজার ২৭৫ কেজি কাটিং তামাকসহ বিপুল পরিমাণ সিগারেট উৎপাদনের উপকরণ জব্দ করেছে ভ্যাট বিভাগ, বাগেরহাট।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার অধিক্ষেত্রাধীন ভ্যাট বিভাগ, বাগেরহাট গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ট্রাক দুটি আটক করে।
আটক ট্রাক দুটি হলো—বগুড়া-ট-১১-০৭১৪ ও ঢাকা মেট্রো-ট-১৬-২৬৪০।
ট্রাক দুটিতে তল্লাশি চালিয়ে সিগারেট তৈরির মেশিন, বিভিন্ন ধরনের সরঞ্জাম, কাটিং তামাক, সিগারেট ফিল্টার, ফয়েল পেপার, জেনারেটর, গাম, স্কচটেপ ও সিগারেট পেপারসহ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ পাওয়া যায়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে একটি মেকিং মেশিন সেট (দুই পার্ট), একটি প্যাকিং মেশিন সেট (দুই পার্ট), ৫০টি প্লাস্টিক ক্যারেট, একটি জেনারেটর, ৫১ বস্তা কাটিং তামাক (প্রতি বস্তায় ২৫ কেজি), ৭৬ রোল সিগারেট পেপার, পাঁচ কার্টন ফিল্টার পেপার, তিন ড্রাম গাম/আটা, ৫৪ রোল ফয়েল পেপার, ছয় বক্স প্যাকেট তৈরির কাগজ, একটি হাওয়ার ট্যাংক এবং ১০০ পিস স্কচটেপ।
এনবিআর জানায়, প্রাথমিকভাবে জব্দ মালামালের নমুনা দেখে প্রতীয়মান হয়েছে, সিগারেট উৎপাদনের জন্য এগুলো মোটামুটি একটি পূর্ণাঙ্গ কারখানার সেটআপ।
আটক ট্রাক ও জব্দ মালামালের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে বিধি অনুযায়ী জব্দ মালামাল সদর দপ্তরের কাস্টমস গুদামে জমা দেওয়ার কার্যক্রমও চলছে।