দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা এক দিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। একই সময়ে সারা দেশে নতুন করে ২ হাজার ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে।
অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে খুলনা বিভাগে ছয়জন, ঢাকা বিভাগে তিনজন এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছে।
এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর দেশে ডেঙ্গুতে ১০ জন করে মারা গিয়েছিল।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ২১ হাজার ৪২২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৪১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।