প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সম্মান ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের বুকে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, ‘ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসের এই দিনে ফ্যাসিবাদমুক্ত বর্তমান বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।’
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আপনাদের সম্মানিত করার মাধ্যমে রাষ্ট্র সেই দায়িত্ব কিছুটা হলেও পালনের চেষ্টা করেছে।’
রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন, তারা অনন্য ও অসাধারণ। কারণ একটি জাতির স্বাধীনতার জন্য যুদ্ধ করে বিজয়ী হওয়ার গৌরব এক জীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব হয় না।
এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানান।