মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে জনগণের সহযোগিতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি বলেছেন, ‘পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে আমরা কেউই সমাজে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।’
রবিবার (২৫ অক্টোবর) বাগেরহাটের নতুন পুলিশ লাইনসে কমিউনিটি পুলিশিং সমাবেশে বক্তব্য দেওয়ার পর স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন আইজিপি।
তিনি বলেন, বাহিনীর পরিবহনসংকট মোকাবিলায় ৫ হাজার ৮০০টি নতুন যানবাহন কেনার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন করেছে।
বর্তমানে বাহিনীতে অনুমোদিত সংখ্যার তুলনায় প্রায় আড়াই হাজার যানবাহনের ঘাটতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জনবলসংকটের বিষয়ে আলী হোসেন ফকির বলেন, প্রতিবছর অন্তত ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে।
এ সময় তিনি সংঘবদ্ধ পিটুনিতে উসকানি না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় নাগরিকদের পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে পুলিশপ্রধান বলেন, ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিউনিটি পুলিশিং কমিটি সম্প্রসারণ করা হবে।
ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) অধীনে কমিটি করা হয়েছে বলেও জানান তিনি।
কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে কিশোর গ্যাং, মাদক, বাল্যবিয়ে, দুর্নীতিসহ ১৫টি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার সমাধান করা যাবে বলেও আশা প্রকাশ করেন পুলিশের মহাপরিদর্শক।
পরে পুলিশ লাইনসের ড্রিল শেডে এক বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন আইজিপি।