ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘আমার কাছে তিনি (শেখ হাসিনা) একজন অপরাধী, আমাদের ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত অপরাধী। আমাদের কাছে এটাই তার পরিচয়। তাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে।’
রবিবার (৮ নভেম্বর) ঢাকার একটি হোটেলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, আমরা যথাযথ প্রক্রিয়ায় তা করছি। আপনারা দেখবেন, আমরা আইনিভাবে পদক্ষেপ নেব। এখানে আবেগের কোনো বিষয় নেই। বিষয়টি হলো, আমি আইন প্রয়োগ করব। আমরা যদি আইন সঠিকভাবে প্রয়োগ না করি, তখন আপনারা বলবেন।’
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের আদালতে সরকার আইনি লড়াই করবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি ভারত সরকারের বিষয়।
তিনি আরও বলেন, ‘প্রত্যর্পণ চুক্তির আওতায় আমরা তাদের কাছে অনুরোধ পাঠিয়েছি। তারা তাকে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে যেভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেভাবেই নেব।’
শেখ হাসিনা বন্দি হিসেবে নয়, বরং রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতে অবস্থান করছেন—এক সাংবাদিক এমন মন্তব্য করে প্রত্যর্পণ চুক্তির বিষয়ে প্রশ্ন করলে আসাদুজ্জামান বলেন, ভারতীয় কর্তৃপক্ষ তার অবস্থান সম্পর্কে যা-ই বলুক, তাতে বাংলাদেশের অবস্থান বদলাবে না।
তিনি আরও বলেন, ‘তারা যা ইচ্ছা বলতে পারে, কিন্তু শুধু বললেই হবে না। আমার দেশে আদালতে তার উন্মুক্ত বিচার হয়েছে। আপনারা যখন এই প্রশ্ন তুলছেন, তখন আগে চিন্তা করুন, জুলাই বিপ্লবে এক হাজার ৪০০ মানুষ নিহত ও ৩০ হাজার মানুষ পঙ্গু হয়েছে কি না।’
বিচারপ্রক্রিয়ায় কোনো ঘাটতি ছিল কি না, বিচার রুদ্ধদ্বার কক্ষে হয়েছে কি না এবং সাক্ষীদের সাক্ষ্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, ‘তাকে ফিরিয়ে আনতে যথাযথ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যে অনুরোধ পাঠানো প্রয়োজন, আমরা তা পাঠিয়েছি। আমি সেটাই বলছি।’