কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি স্কুলে বন্দুক হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ আটজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা একটি বাড়িতে আরও দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় প্রশাসন এ তথ্য জানিয়েছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, টাম্বলর রিজ সেকেন্ডারি স্কুলে ওই হামলার ঘটনায় ২৫ জনের বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রায় ২ হাজার ৪০০ জনসংখ্যার টাম্বলর রিজ শহরটি ভ্যাঙ্কুভার থেকে এক হাজার কিলোমিটার উত্তরে, আলবার্টা সীমান্তের কাছে অবস্থিত। প্রাদেশিক সরকারের ওয়েবসাইটের তথ্য বলছে, টাম্বলর রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে।
আরসিএমপির সুপারিনটেনডেন্ট কেন ফ্লয়েড সাংবাদিকদের বলেন, তদন্তকারীরা হামলাকারীর পরিচয় শনাক্ত করেছেন, তবে এখনই তার নাম প্রকাশ করা হচ্ছে না।
হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় জানিয়ে তিনি বলেন, ‘কেন বা কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা আমরা এখনো বুঝতে পারছি না। (ওই বাড়িতে) নিহতরা কীভাবে হামলাকারীর সঙ্গে জড়িত ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।’
আরসিএমপি এক বিবৃতিতে জানিয়েছে, ‘গুলির ঘটনার প্রাথমিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে পুলিশ হামলার উৎস খুঁজে বের করতে স্কুলটিতে প্রবেশ করে। সেখানে তল্লাশির সময় কর্মকর্তারা একাধিক ভুক্তভোগীকে খুঁজে পান। হামলাকারী বলে ধারণা করা একজন ব্যক্তিকেও সেখানে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে সন্দেহভাজনসহ সাতজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
পিস রিভার সাউথ স্কুল ডিস্ট্রিক্ট জানায়, গুলির ঘটনায় সেকেন্ডারি স্কুল ও টাম্বলর রিজ এলিমেন্টারি স্কুল, দুটিতেই ‘লকডাউন ও সিকিউর অ্যান্ড হোল্ড’ জারি করা হয়েছে।
পিস রিভার সাউথ এলাকার সংসদ সদস্য ল্যারি নিউফেল্ড কানাডার পার্লামেন্ট থেকে সাংবাদিকদের বলেন, ওই এলাকায় পুলিশ ও অ্যাম্বুলেন্সসহ অতিরিক্ত বাহিনী ও সহায়তা পাঠানো হয়েছে। তবে চলমান অভিযানের নিরাপত্তার স্বার্থে তিনি বিস্তারিত তথ্য দিতে চাননি।
ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার (প্রাদেশিক সরকারপ্রধান) ডেভিড এবি এক বিবৃতিতে বলেন, ‘আজ রাতে টাম্বলর রিজের যেসব পরিবার তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের জন্যে আমরা গভীল সমবেদনা জানাচ্ছি। এই অকল্পনীয় হৃদয়বিদারক ঘটনা পর স্বাভাবিক অবস্থায় ফিরতে সামনের দিনগুলোতে কমিউনিটির সদস্যদের জন্য সরকার সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।’
যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে স্কুলে বন্দুক হামলার ঘটনা বাড়লেও কানাডায় এ ধরনের ঘটনা বিরল।
মঙ্গলবারের এই হামলা ২০২০ সালের পর কানাডায় সবচেয়ে প্রাণঘাতী সহিংস ঘটনা। ওই বছর নোভা স্কোশিয়ায় এক বন্দুকধারী ১৩ জনকে গুলি করে হত্যা করেন এবং অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জন নিহত হন।
ওই ঘটনার পর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিয়েছে কানাডা সরকার। সম্প্রতি তাদের দৃষ্টিতে আক্রমণাত্মক অস্ত্র হিসেবে বিবেচিত সব ধরনের বন্দুকের ওপর নিষেধাজ্ঞা সম্প্রসারিত করা হয়েছে।