গত পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩৭২টি হামলায় ৩১৬ জন নিহত ও ৪৯০ জন আহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রতিরক্ষামন্ত্রীর পক্ষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিএনপির সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক ও আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। অন্যদিকে আহতদের মধ্যে ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।
এদিন অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
লিখিত জবাবে মন্ত্রী বলেন, গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীগুলো পার্বত্য জেলাগুলোতে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের ওপর ৮১টি হামলা চালিয়েছে। এছাড়া পার্বত্য তিন জেলায় সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭টি হামলা চালানো হয়েছে।
একই সময়ে ২৯৭টি অপহরণ, ৪৭১টি চাঁদাবাজি ও অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের ৩৭৭টি ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা বজায় রাখা, অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ন্ত্রণ এবং সব সম্প্রদায়ের মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় সরকার বহুমুখী আইনি, প্রশাসনিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখা ও সশস্ত্র তৎপরতা দমনে বিশেষ সামরিক অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, সুনির্দিষ্ট অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হচ্ছে এবং সন্দেহভাজনদের বিচারের আওতায় আনা হচ্ছে।
এছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে এবং মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সীমান্ত চৌকিগুলোর সক্ষমতা বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
তিনি বলেন, ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নির্মূল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
চলমান ও বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্য ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তথ্য দেন তিনি।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এসব অভিযানে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম, ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বিষয়টি উত্থাপন করে জিন্নাহ কবির বলেন, পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে এবং সেনাসদস্য ও সাধারণ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে।
বাংলাদেশ থেকে পার্বত্য তিন জেলাকে বিচ্ছিন্ন করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সরকার বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা করছে কি না, তা-ও জানতে চান তিনি।
সম্পূরক প্রশ্নে জিন্নাহ জানতে চান, পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র হামলার সঙ্গে দেশের অন্যান্য স্থানে সাম্প্রতিক বিশৃঙ্খলার ঘটনা, যেমন যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শনের কোনো যোগসূত্র রয়েছে কি না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলামও সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে অত্যাধুনিক অস্ত্র থাকার অভিযোগ, সেনা ক্যাম্পে হামলা ও সম্ভাব্য বিদেশি মদদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি জানতে চান, পর্যটনশিল্পকে ক্ষতিগ্রস্ত করা এবং শেষ পর্যন্ত পুরো পাহাড়ি অঞ্চল সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে নেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে কি না।
এসব উদ্বেগের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, রাঙামাটির সাজেক ভ্যালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারও উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, পর্যটন মৌসুমের আগে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে প্রায়ই অভ্যন্তরীণ বিরোধ দেখা দেয়। এ সময় তারা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে।
তবে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতারা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।