অতিরিক্ত বাস সংযোজনকে কেন্দ্র করে বিরোধের জেরে নাটোর-রাজশাহী রুটে উভয় জেলার বাস মালিকদের বাস চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর থেকে এ রুটে নাটোর ও রাজশাহী জেলার মালিকদের বাস চলাচল বন্ধ হয়ে যায়।
অন্য জেলার মালিকদের বাস এ রুটে স্বাভাবিকভাবে চলাচল করলেও সিংহভাগ বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন চলাচলকারী যাত্রীরা।
নাটোর জেলা বাস মালিক সমিতি জানিয়েছে, আন্তঃজেলা বাস মালিক সমিতির নিয়ম উপেক্ষা করে রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর রুটে হঠাৎ করে অতিরিক্ত বাস সংযোজন করে রাজশাহী বাস মালিক সমিতি। এতে নাটোর বাস মালিক সমিতি আপত্তি জানালে আজ (মঙ্গলবার) দুপুর থেকে নাটোর-রাজশাহী রুটে উভয় জেলার মালিকদের বাস চলাচল বন্ধ করা হয়েছে।
বিষয়টি সমাধানে আলোচনা চলছে বলে জানিয়েছেন নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার।