রাজধানীর ফকিরাপুলে সড়ক দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) বিবিএ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (২২ জুন) দিবাগত রাত ১২টার দিকে ফকিরাপুল পানির ট্যাংকির সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাওনের বাড়ি গাজীপুরের নিশাত নগর থানার বড় দেওড়া আনসার আলী রোড এলাকায়। তিনি মো. লুৎফুর রহমানের ছেলে। বর্তমানে রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
নিহতের মা সুলতানা আক্তার জানান, উচ্চশিক্ষার জন্য ছেলে অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ জন্য প্রায় এক কোটি টাকা ব্যাংকে জমা রাখা হয়েছিল এবং আগামী ৩০ জুন তার অস্ট্রেলিয়া যাওয়ার ফ্লাইট নির্ধারিত ছিল।
তিনি বলেন, রাতে বন্ধুদের সঙ্গে খেলা দেখতে মোটরসাইকেলে বের হয়েছিল শাওন। ফকিরাপুল এলাকায় যাওয়ার সময় এক পথচারী রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের সঙ্গে পথচারীর ধাক্কা লাগে। এতে তিনি আহত হন এবং আমার ছেলে গুরুতর আহত হয়। শাওনের মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাত লাগে। খবর পেয়ে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত পথচারীর চিকিৎসা জরুরি বিভাগে চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।