নারায়ণগঞ্জের ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লা মডেল থানার ভূইগড় কবরস্থান সড়কের একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারজানা ইসলাম (২৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মুসুল্লি বাড়ির রফিকুল ইসলামের মেয়ে। তিনি কুবির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
অন্যদিকে স্বামী নাজমুল ইসলামের (৩০) বাড়ি কুমিল্লা জেলার কচুয়া থানার নুরপুর গ্রামে। তিনি কুবির ফার্মেসি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।
ফারজানার বড় ভাই আরিফুল ইসলাম জানান, ২০২৩ সালে পরিবারের সম্মতিতে নাজমুলের সঙ্গে ফারজানার বিয়ে হয়। নাজমুলের চাকরির কারণে তারা আগে মুন্সিগঞ্জে ভাড়া বাসায় থাকতেন। প্রায় দুই মাস আগে নাজমুল নতুন চাকরি নিয়ে বর্তমান ঠিকানায় আসেন।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন বিষয় নিয়ে নাজমুল তার বোনকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন।
এদিকে ফারজানার বিছানার ওপর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে স্বামীর যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার কথা লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
তিনি আরও জানান, নিহতের স্বামীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।