গাইবান্ধার সাদুল্লাপুরে লোকালয়ে ঢুকে শিয়ালের আক্রমণে এক দম্পতিসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে মনজু মিয়া নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের সোনারপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন: জামুডাঙ্গা গ্রামের সোনারপাড়ার মৃত আব্দুল জলিল আকেন্দরের ছেলে মনজু মিয়া, তার স্ত্রী তানসি বেগম, ভাই রনজু মিয়া, তার স্ত্রী রিক্তা বেগম ও শহিদুল ইসলাম।
আহতদের স্বজনরা জানান, দুপুরে মনজু মিয়া তার ধানখেত দেখতে গেলে হঠাৎ একটি শিয়াল তাকে আক্রমণ করে। শিয়ালটি তাকে কামড় ও আঁচড় দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। সে সময় তার চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এলে শিয়ালটি তাদেরও আক্রমণ করে। এতে স্বামী-স্ত্রীসহ আরও চারজন আহত হন। পরে স্থানীয়দের তৎপরতা চালালে শিয়ালটি পালিয়ে যায়।
মনজু মিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হওয়ায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তিতু বলেন, ‘হঠাৎ করে লোকালয়ে শিয়ালের আক্রমণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’