গাজীপুরে শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে স্থাবর সম্পত্তি বিক্রি করে ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাজীপুর মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) বিচারক আবু বকর সিদ্দিক এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি মো. আনোয়ার হোসেন খান আদালতে অনুপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সেলিনা বেগম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ আগস্ট গাজীপুর মহানগরীর একটি বিদ্যালয়ের অফিস কক্ষে ছয় বছর বয়সী ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন আনোয়ার।
পরে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ৫ সেপ্টেম্বর গাছা থানায় মামলা করেন, যেখানে মূল অভিযুক্ত হিসেবে স্কুলের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন খানকে আসামি করা হয়।
পিপি সেলিনা জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য আদালতের নির্দেশে সাজা পরোয়ানা সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।