নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে আসা ১১ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নড়াইল আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন: কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৫৮), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) ও শরিফুল মোল্যা (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, আজ (রবিবার) দুপুরে মামলায় হাজিরা দিতে এসে আসামিরা আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।