প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গালিগালাজ ও কটূক্তিমূলক পোস্ট করার অভিযোগে মেহেদী আহমেদ (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে সিলেট কোতোয়ালী থানার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শিমুল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মেহেদীকে তার বাসা থেকে আটক করে।
আটক মেহেদী আহমেদ সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন নোয়াগাঁও সাদিপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মেহেদী দীর্ঘদিন ধরে ফেসবুকে তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার এবং গালিগালাজ করে আসছিলেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে আটক করা হয়।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির চৌধুরী বলেন, ফেসবুকে কটূক্তির অভিযোগে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।