মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইটবাহী ডাম্প ট্রাকের চাপায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লতব্দী ইউনিয়নের রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে নেকবর সরকার (৬৫) ও গয়াতলা দক্ষিণপাড়া এলাকার মৃত শহর আলী দেওয়ানের ছেলে মো. কাইয়ুম দেওয়ান (১০০)। আর আহত হাশেম বেপারী (৭৫) একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে। তারা তিনজন বন্ধু ছিলেন বলে জানা গেছে।
প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাওয়া হাশেম বেপারী জানান, ফজরের নামাজ শেষে তারা তিন বন্ধু মসজিদের সামনে একটি দোকানে বসে গল্প করছিলেন। এ সময় একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে তার দুই বন্ধু মারা যান।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।