যশোর-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানের চালককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সদর উপজেলার ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪) ও তার চার বছর বয়সী শিশু সৌভিক সাহা, চাউলিয়া এলাকার মৃত কালু শেখের ছেলে আনোর আলী (৭০) এবং ব্যাটারিচালিত অটোরিকশাচালক ঘুনি পূর্বপাড়া এলাকার মৃত হাসান আলী মোল্লার ছেলে মোহাম্মদ আইয়ুব আলী (৪৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির ভারী যান (কাভার্ড ভ্যান) নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। পরে সামনে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। আহতদের যশোর সদর হাসপাতালে নেওয়ার পর আইয়ুব আলীর মৃত্যু হয়। মনিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৮) গুরুতর আহত হন। তিনি বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়কে বিক্ষোভ ও ভারী যানটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, যশোর-খুলনা মহাসড়কে বেপরোয়া গতি ও ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম জানিয়েছেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত ঘাতক যানটির চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।