রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় রিয়া (১০) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। তার গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রিয়াকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
রিয়া উইলস লিটল কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা রুবেল গাজীপুরের কাপাসিয়ার সালুয়া দিগি এলাকার বাসিন্দা। তবে বর্তমানে পরিবারটি যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় বসবাস করে।
রিয়ার বাবা রুবেল বলেন, আজ (সোমবার) দুপুর ১টার দিকে পেটে ব্যথা নিয়ে বাথরুমে যায় রিয়া। সেখানে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তার গলায় দাগ দেখা যায়।
তিনি আরও বলেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা করে গলায় দাগ দেখে ফাঁসের কথা বলেছেন। আমার মেয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কি না, সেটা আমরা জানি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, শনির আখড়া এলাকা থেকে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বাথরুমে পড়ে গিয়ে মেয়েটি আহত হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার গলায় দাগ দেখে রহস্যজনক মনে হচ্ছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।